মরক্কোয় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭৮
মরক্কোর দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় আজ মঙ্গলবার দেশটির একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সেনাসদস্যসহ কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। মরক্কোর রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স এ কথা জানায়।মরক্কোর রয়েল আর্মড ফোর্স জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৭৮ জন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বিমানটিতে ৮১ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ৬০ জন সেনাসদস্য, ১২ জন সাধারণ নাগরিক ও নয়জন ক্রু সদস্য ছিলেন। এরই মধ্যে আহত তিনজনকে এবং নিহত ব্যক্তিদের ৪২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।সংবাদ সংস্থা এমএপি জানিয়েছে, বিমানটি দাখলার পশ্চিমাঞ্চলীয় শহর সাহারা থেকে রাজধানী রাবাত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে কেনিট্রা শহরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।