মরছে গবাদিপশু ও মাছ, উর্বরতা হারাচ্ছে জমি
তামাক চাষ শুধু স্বাস্থ্যের জন্য নয়, পরিবেশ ও প্রতিবেশের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তামাকের চাষ করা জমির ঘাস খেয়ে গত বছর মেহেরপুরে শতাধিক গরু মারা গেছে। তামাকচুল্লির আশপাশের এলাকার ফলদ গাছে ফলন কমে গেছে। তামাকের রসে পার্বত্য এলাকার একাধিক নদীর পানি দূষিত হয়ে মাছসহ জলজ প্রাণী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। মেহেরপুরেই শতাধিক গরুর মৃত্যু: গত বছর মে মাসে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় তামাক ওঠে যাওয়ার পর জমিতে গজানো ঘাস খেয়ে শতাধিক গরু মারা যায়। ঘাস খাওয়ার পর গৃহপালিত এসব পশুর পেট ফুলে যায় এবং পাতলা পায়খানা হয়। তারপর কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়। সদর উপজেলার তৎকালীন কৃষি কর্মকর্তা জাহিদুল আমিন তখন প্রথম আলোকে বলেছিলেন, তামাকের ফলন বৃদ্ধি ও পাতা লম্বা করার জন্য চাষিরা খেতে মাত্রাতিরিক্ত ইউরিয়াসহ নানা ধরনের রাসায়নিক সার ব্যবহার করেন। এতে মাটিতে বিষাক্ত নাইট্রেট জীবাণু ছড়িয়ে পড়ে। সেই জমির ঘাস নাইট্রেট জীবাণুতে আক্রান্ত হওয়ায় তা খেয়ে গরুগুলো মারা গেছে।ফলের উৎপাদন কমছে: চট্টগ্রামের রাঙ্গুনিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, ফটিকছড়ি ও চন্দনাইশে প্রচুর তামাকচুল্লি রয়েছে। কাঠ পুড়িয়ে তামাক শুকানোর কারণে এসব চুল্লি থেকে দুই মাস ধরে টানা তামাকমিশ্রিত ধোঁয়া বের হতে থাকে। এতে চুল্লির আশপাশের আম, জাম, কাঁঠাল, লিচু, কলাসহ সব ধরনের ফলগাছে ফলন কমে যাচ্ছে। রাঙ্গুনিয়া বাসিন্দা এমদাদ হোসেন ও মো. ফরিদ জানান, চুল্লির ধোঁয়ার কারণে কয়েক বছর তাঁদের আমগাছে ফলন কম হচ্ছে। ফরিদের সাতটি গাছের মধ্যে একটি গাছে তিনটি আম ধরেছে। তিনি বলেন, ‘প্রতিবছর আমের মুকুল আসার সময় চুল্লিতে তামাক পোড়ানো শুরু হয়।’ রাঙ্গুনিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী মাঈনুদ্দীন বলেন, ‘চুল্লি থেকে বেরোনো তামাকের বিষাক্ত ধোঁয়ায় শুধু আম, জাম, কাঁঠালই নয়, অন্য ফসলের উৎপাদনও কমে যাচ্ছে।’নদী-খালদূষণ, মাছ মরছে: কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল এলাকায় বাঁকখালী নদীতে মাছ ধরতে আসা জেলে আমির হোসেন ও মোহাম্মদ খালেদ ক্ষোভের সঙ্গে বলেন, সারা দিন নদীতে খোঁজাখুঁজি করেও ১০০-২০০ টাকার মাছ পাওয়া যায় না। আবার মাঝে মাঝে মাছ মরে ভেসে উঠছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ জানান, মূলত সাঙ্গু, মাতামুহুরী, বাঁকখালীসহ ছোটখাটো কয়েকটি ছড়ার দুই তীরের জমিতে তামাকের চাষ হচ্ছে। তামাকগাছের কাটা অংশ এবং চুল্লিতে শুকানোর সময় বের হওয়া তামাকের রস এসব নদীতে ফেলা হচ্ছে। নদী ও খালের পানি দূষিত হচ্ছে। মাছ মারা যাচ্ছে। কক্সবাজারের মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী বলেন, তামাকের ডাঁটা ও গুঁড়ামাছসহ জলজ প্রাণীর জন্য অবশ্যই ক্ষতিকর। এতে মাছ মারা যেতে পারে। জমির ক্ষতি করে: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান বিধান চন্দ্র হালদার বলেন, তামাক চাষ জমি, পরিবেশ, স্বাস্থ্য এমনকি খাদ্যনিরাপত্তার জন্য ক্ষতিকর। তামাকগাছ মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে।