মরণ দশায় মজুমদার দিঘি
সিলেটের ঐতিহ্যবাহী মজুমদার দিঘিটি এখন পানিশূন্য। একসময় এ দিঘির টলমল পানিতে এলাকার মানুষ গোসল করত। শিশুরা সাঁতার কাটত। কিন্তু সেসব এখন অতীত। দখলে বিপর্যস্ত এ দিঘি এখন শুকনো মরুভূমি। ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হয়েছে দিঘিটি। দিঘিটির চারপাশ ঘিরে তৈরি হয়েছে দোকানপাট ও স্থাপনা।এলাকাবাসী ও বেলা (বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি) সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদার এলাকার আম্বরখানা মৌজার (জেএল নম্বর ৯২) ৭ নম্বর খতিয়ানের (৫৬১ ও ৫৬২ দাগ) ওয়াকফকৃত এক একর ৫১ শতক ভূমিতে অবস্থিত মজুমদার দিঘি। আনুমানিক ১৮৬৯ সালে সৈয়দ বক্ত মজুমদার রেজিস্ট্রির মাধ্যমে দিঘিটি ওয়াকফ করে যান। বহুদিন ধরে এলাকাবাসী এই দিঘিটি দৈনন্দিন গৃহস্থালি ও গোসলের কাজে ব্যবহার করে আসছিল। কিন্তু গত কয়েক বছর আগে কিছু প্রভাবশালী ব্যক্তি দিঘিটি নিজেদের দাবি করে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করার প্রক্রিয়া চালান। এ সময় মজুমদারবাড়ির বাসিন্দা লন্ডনপ্রবাসী আবরার বখত মজুমদার এলাকাবাসীর পক্ষে স্থানীয় বেলা কার্যালয়ে একটি অভিযোগ দেন।এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলা তদন্ত করে অভিযোগের সত্যতা জানতে পেরে জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি দিঘিভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের লিগ্যাল নোটিশ দেয় এবং একই বছর ২২ এপ্রিল বেলার দায়ের করা রিট মামলায় বিচারপতি মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমদের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে দিঘিটি অবৈধভাবে দখল ও ভরাট করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে ময়লা-আবর্জনা ফেলে বিক্ষিপ্তভাবে দিঘিটি এখনো ভরাট করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।বেলা সিলেটের গবেষণা কর্মকর্তা জহরত রিশাত বলেন, ‘দিঘির চারপাশে ময়লা-আবর্জনা ফেলে দিঘিটি দখলের প্রক্রিয়া শুরু করার কারণে আমরা আইনি পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু আইন অমান্য করেও দখলপ্রক্রিয়া চালানো হয়েছিল। ইতিমধ্যে দিঘির দক্ষিণ ও পূর্ব দিকে অবৈধভাবে কিছু দোকানপাট তৈরি করা হয়েছে। সবকিছু মিলিয়ে এলাকার সামগ্রিক পরিবেশ ও প্রতিবেশগত বিপর্যয় ঘটেছে।’