মরণফাঁদে জীববৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো ধানখেতের ধেনো ও গেছো ইঁদুর মারার জন্য খেতটির চারপাশ জুড়ে পাতা ছিল বিদ্যুতায়িত সরু তার। রাতে ওই তারে পা ফেলতেই মারা গেল একটি বনবেড়াল ও একটি বাঘডাশ। একেবারে ‘স্পট ডেড’। কিন্তু এই দুটি প্রাণী তো ধান খায় না। ধেনো ইঁদুর, ব্যাঙ এসব খায়। আর খায় ধানখেতের ক্ষতিকর পোকামাকড়। না, ওই রাতে প্রাণী দুটি ভিন্ন ভিন্ন সময়ে ধানখেতটা পাড়ি দিয়ে হামলা করতে চেয়েছিল এক গেরস্থের সুরক্ষিত মুরগির খামারে। প্রায় দুই হাজার মুরগি। জাল দিয়ে ঘেরা ঘর। জ্বলছে বিজলি বাতি। দূর থেকে দেখলে প্রাণী দুটির মাথা খারাপ হওয়ারই কথা। তাই খেত পাড়ি দেওয়ার সময় পা ফেলেছিল মরণফাঁদে। ঘটনাটি ঘটেছে আমারই গ্রাম বাগেরহাট জেলার ফকিরহাটে। অন্য ধরনের আরও একটি ঘটনা ঘটেছিল অল্প কিছুদিন আগে। আমাদের গ্রামে শেয়ালের দল নেকড়ের মতো দলবদ্ধভাবে হামলা করে শিকার করেছে নয়টি ছাগল। সর্বশেষ ছাগলটি ওরা ধরে ৭ জুলাই বিকেলে। ছাগলটির মালিক মোহাম্মদ খুরশিদ ফকিরহাট ওয়াইল্ড লাইফ ক্লাবের একজন সক্রিয় কর্মকর্তা। তাই নয়টি ছাগল মারার পরও সচেতন আমার গ্রামবাসী এখনো শেয়াল মারার কথা ভাবেনি।ফিরে আসি আবার মরণফাঁদের কথায়। বাগেরহাটের ফকিরহাট অঞ্চলে ছোট ছোট অনেক মুরগির খামার গড়ে উঠেছে গত এক দশকে। ব্লক করে বোরো আবাদের শুরু তারও আগে থেকে। ইঁদুর নিধনের জন্য বিদ্যুতায়িত তার রাতে বিছিয়ে রাখার কৌশলটিও অনেক দিনের। বন্যপ্রাণীর এ রকম মৃত্যুও তাই চলে আসছে বহু দিন ধরে। এ বড় আজব বৈদ্যুতিক ফাঁদ। মাটি থেকে তার থাকে সামান্য উঁচুতে। রাতে ধেনো বা গেছো ইঁদুর খেতে এলেই পড়ে যায় মরণফাঁদে। কিন্তু এই ফাঁদে শেয়ালপণ্ডিতেরা ক্বচিৎই পা ফেলে। পণ্ডিত না!তবে এই বিদ্যুৎফাঁদে মারা পড়ে বিষধর সাপ, ঢোঁড়া সাপ, শঙ্খিনী সাপ, সোনা ব্যাঙ, মাছ—এমনকি নিশাচর লক্ষ্মীপেঁচা ও ভুতুমপেঁচা। লক্ষ্মীপেঁচার অতিপ্রিয় খাবার ইঁদুর, বনবিড়াল-বাঘডাশের কাছেও তাই। গত ১০ বছরে বাগেরহাট জেলার এ রকম মৃত্যুর একটা পরিসংখ্যান আমার হাতে আছে। বৈদ্যুতিক তারের ফাঁদে পড়ে বন্যপ্রাণীর মৃত্যুর সংখ্যাটা চমকে ওঠার মতো। শুধু স্তন্যপায়ী প্রাণীই মারা গেছে ৩৭৩টি। এ ছাড়া সাপ, পাখি, ব্যাঙ এসব মারা গেছে প্রচুর। এমনিতেই সারা দেশের গ্রামীণ বন-বাগান, মাঠ-জলাশয়, বিল-হাওরের জীববৈচিত্র্য আজ মহাসংকটের মুখোমুখি, তারপর আবার বিদ্যুৎফাঁদ। চরম সর্বনাশ ঘটছে জীববৈচিত্র্যের। ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ আগে তাই ধান, পরে জীববৈচিত্র্য। আমরা খেত-খামারে রাসায়নিক সার ঢেলে ঢেলে জল-মাটিকে বিষ বানিয়ে ফেলেছি। তারপর আরও বহু ঘটনা তো আছেই। কিন্তু না, মানুষ এই বাংলাদেশে একা টিকে থাকতে পারবে না—পড়তে হবে অস্তিত্বসংকটে। জীববৈচিত্র্য টিকিয়ে রেখেই মানুষকে চলতে হবে। অবশ্যই আপস চাই—চারপাশের প্রাণিকুলের সঙ্গে। আজ থেকে ৫০-৬০ বছর আগেও এ দেশে রাসায়নিক সার ছিল না—ফসল ফলেছে। বিদ্যুৎ ছিল না—ইঁদুর ধান খেয়েছে। না, শুধু এই কারণে এ দেশে কোনোদিন দুর্ভিক্ষ হয়নি। হয়নি তার কারণ, তখন প্রাকৃতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল। বিষধর-অবিষধর সাপ, গুইসাপ, বাজ-পেঁচার দলসহ শেয়াল-বনবেড়াল, মেছো বাঘেরা ইঁদুর নিয়ন্ত্রণে রাখত। এ রকম নিয়ন্ত্রণ কিঞ্চিত হলেও ফকিরহাট অঞ্চলে টিকে আছে আজও। সারা দেশেই টিকিয়ে রাখা জরুরি আজ।টিকে থাকতে হলে আমাদের ফিরে যেতেই হবে প্রকৃতির কাছে—প্রয়োজনে করজোড়ে ক্ষমাও চাইতে হবে। না হলে অহেতুক তার সন্তানদের নির্মম মৃত্যুর প্রতিশোধ প্রকৃতি নেবেই নেবে। একটি বনবিড়াল (Jungle Cat) ও একটি বাঘডাশা (Large Indian Civct) প্রকৃতি থেকে হারিয়ে গেলে প্রকৃতি আমাদের ছোবল দেবেই।