মরণোত্তর চক্ষুদানকে সামাজিক আন্দোলনে পরিণত করুন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মরণোত্তর চক্ষুদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। দেশ থেকে অন্ধত্ব দূর করতে এই কার্যক্রম সহায়ক হবে বলেও জানিয়েছেন তিনি।আজ মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, ‘মরণোত্তর চক্ষুদানে ধর্মীয় বাধা-নিষেধ নেই—এ কথা ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ও আপামর জনগণকে বোঝাতে হবে। এটা করতে পারলে আমাদের দৃষ্টিহীন ভাইবোনদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সহজতর হবে।’রাষ্ট্রপতি আরও বলেন, ‘জনসম্পদে সমৃদ্ধ বাংলাদেশে যেকোনো অপারেশন, দুর্ঘটনায় আহত বা অন্য কোনো রোগীকে রক্ত দিতে সমস্যা হওয়ার কথা নয়। রক্ত সংগ্রহে ব্যাপক প্রচার-প্রচারণা, জনগণকে উদ্বুদ্ধ ও উপযুক্ত কাউন্সিলিং করতে পারলে যুবসমাজ রক্ত দিতে উত্সাহী হবে এবং আমাদের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ হবে।’ রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের উন্নত স্বাস্থ্যসেবা দিতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তিন হাজার চিকিত্সক নিয়োগের পাশাপাশি বিগত সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হয়েছে। নার্সিং পেশাকে আরও মর্যাদাশীল করা হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের আলোকে সরকার স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতকে অগ্রাধিকার খাত হিসেবে গ্রহণ করে জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখেছে।পরে রাষ্ট্রপতি নীলক্ষেতে সন্ধানীর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সন্ধানীর নতুন ভবনে দেশের প্রথম আধুনিক চক্ষু ব্যাংক স্থাপন করা হবে বলেও জানান তিনি।অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, সন্ধানী জাতীয় চক্ষুদান সোসাইটির মহাসচিব হাবিব ই মিলাত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। —বাসস।