মরদেহ কাল আনা হতে পারে
জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের মরদেহ কাল রোববার দেশে আনা হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে মারা যান বাংলাদেশের জননন্দিত লেখক হুমায়ূন আহমেদ।পারিবারিক সূত্র জানায়, হুমায়ূন আহমেদের প্রথম জানাজা শুক্রবার জুমার নামাজের পর নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এরপর শনিবার তাঁর লাশ নিয়ে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়তে পারেন সঙ্গে থাকা স্বজনেরা। কাল রোববার ঢাকায় পৌঁছাতে পারে তাঁর মরদেহ। তবে ইমপ্রেস টেলিফিল্মের ফরিদুর রেজা সাগর জানান, টিকিটের ব্যাপারে শুক্রবার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। দেশে পৌঁছানোর পর মরদেহ হিমঘরে রাখা হবে। সোমবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এদিন বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আয়োজন করা হতে পারে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।হুমায়ূন আহমেদের ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব জানান, তাঁকে গাজীপুরে নুহাশপল্লীতে দাফন করা হতে পারে। কোলন ক্যানসারের বিরুদ্ধে নয় মাস লড়াই করে বাংলাদেশের জননন্দিত এই লেখক গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী মেহের আফরোজ শাওন, ভাই মুহম্মদ জাফর ইকবাল ও প্রকাশক মাজহারুল ইসলাম। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ইউএনবি।