মরদেহ হলেও চান স্বজনেরা
আশা-নিরাশার দোলাচলের প্রতীক হয়ে উঠেছিলেন শাহীনা। শাহীনাকে উদ্ধারের অনন্য ও দীর্ঘ অভিযান নিরাশায় শেষ হওয়ার পর সেই দোলাচল আর নেই। এখন সবার কেবলই যেন লাশের অপেক্ষা। ভারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শুরু করা দ্বিতীয় পর্যায়ের উদ্ধার অভিযান গতকাল পুরো দিন চলেছে। এ অভিযানে সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে।গত শনিবার বিকেল থেকে প্রায় ৩০ ঘণ্টা দুঃসাহসিক অভিযান চালিয়েও বাঁচানো যায়নি যে শাহীনাকে, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। শাহীনাকে হারালেও মানবতার জয় হয়েছে বলে মনে করছেন উদ্ধারকর্মী, সাধারণ মানুষ ও স্বজনহারা ব্যক্তিরা। গতকাল বিকেল পর্যন্ত সবার আলোচনা, আবেগ ও উদ্বেগ ছিল শাহীনার ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে। কিন্তু তাঁর মরদেহ বের করার পর আক্ষেপের সঙ্গে সবাই এই স্বস্তিও প্রকাশ করেছেন যে, ‘মেয়েটাকে বাঁচাতে তো সব চেষ্টাই হয়েছে।’ যে স্বজনেরা এত দিন রানা প্লাজা, অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে আর হাসপাতালে ছোটোছুটি করেছেন স্বজনের খোঁজে, গতকাল তাঁরা স্থিত হয়ে অপেক্ষা করছিলেন বিদ্যালয়ের মাঠে, যেখানে শুধু মরদেহ এনে রাখা হয়। গত ৩৫ ঘণ্টায় (গত রাত ১১টা পর্যন্ত) ধ্বংসস্তূপ থেকে আর জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। ছয় দিনের টানা অপেক্ষায় ক্লান্ত-শ্রান্ত স্বজনেরা এখন জীবিত না হোক, প্রিয়জনের মরদেহটা যাতে পেতে পারেন, সে আশায় বুক বেঁধেছেন বলে প্রকাশ্যেই বলছেন। রানা প্লাজা ধসের ঘটনায় এ পর্যন্ত ৩৮৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৩৩০টি মরদেহ। হস্তান্তর করা মরদেহের মধ্যে ২০১ জন নারী ও ১২৯ জন পুরুষ বলে জেলা প্রশাসনের কাছে সংরক্ষিত তথ্য থেকে জানা গেছে।গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ ব্রিফিংয়ে জানায়, এ পর্যন্ত দুই হাজার ৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১০৭ জন, সাভারের এনাম মেডিকেল কলেজে ২১৪ জন এবং অন্যান্য হাসপাতালে ৭৪ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।তবে সরকারিভাবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সংখ্যা জানানো হয়নি।গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধসে পড়া রানা প্লাজা পরিদর্শনে যান এবং কিছু সময় থেকে উদ্ধার তৎপরতা দেখেন। তিনি আহত ব্যক্তিদের দেখতে সিএমএইচ ও এনাম হাসপাতালে যান। সেখানে আহত ব্যক্তিদের সান্ত্বনা দেন এবং তাঁদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ সময় তাঁর সঙ্গে একাধিক মন্ত্রীসহ তিন বাহিনীর প্রধানেরা ছিলেন। এরপর বেলা ১১টায় সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া আবার উদ্ধারকাজ পরিদর্শন করেন। তিনি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের উদ্ধার অভিযানের প্রশংসা করে বলেন, উদ্ধারকারীরা বীরের মতো কাজ করেছেন।গত বুধবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে যান চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার সড়কের পশ্চিম পাশ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে জানা গেছে। ভবনধসের পর এর আশপাশের মার্কেটগুলোও বন্ধ রয়েছে। তবে এখনই মার্কেট খোলা হবে না বলে পুলিশ সূত্র জানিয়েছে। দ্বিতীয় পর্যায়ের অভিযান চলছে: গত রোববার রাত ১১টার পর ভারী যন্ত্র দিয়ে দ্বিতীয় পর্যায়ের উদ্ধার কার্যক্রম শুরু হয়। ঝুঁকিপূর্ণ ও যন্ত্রনির্ভর বলে এ কাজে কোনো স্বেচ্ছাসেবককে রাখা হয়নি।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের পেছনের দিকের সিঁড়ি দিয়েই পোশাক কারখানার শ্রমিকেরা ওঠা-নামা করতেন। আর ভবনের সামনের সিঁড়ি ও এস্কেলেটর দিয়ে এক ও দুই তলার মার্কেটের মালিক ও ক্রেতারা যাতায়াত করতেন। তাই ধারণা করা হচ্ছে, উদ্ধার অভিযানে পেছনের সিঁড়ির দিকে শ্রমিকদের লাশ পাওয়া যেতে পারে। রানা প্লাজার আশপাশে বাতাসে লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ নাড়া দিলে গন্ধ আরও বেড়ে যাচ্ছে।সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা জানান, ভবনটির ইট-সুরকির পরিমাণ প্রায় সাড়ে ছয় হাজার টন হতে পারে। গতকাল প্রথম দিন ৯০ টনের মতো অপসারণ করা হয়েছে। বংশী নদীর পাড় ও এনাম মেডিকেল কলেজের পেছনে ফেলা হচ্ছে এ বর্জ্য। এ অভিযানে বড় বড় চারটি ক্রেন ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনীর ছোট ও মাঝারি ক্রেন, বুলডোজার, উদ্ধারকাজের বিভিন্ন ধরনের যান এবং সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ি ব্যবহার করা হচ্ছে। বড় যন্ত্র ব্যবহার করে উদ্ধারকাজ চালাতে গিয়ে জীবিত কেউ থাকলে যাতে প্রাণ না যায় এবং মরদেহগুলোও যাতে বিকৃত না হয়, সে জন্য প্রথম কয়েক দিন অভিযান চলবে ধীরে। আইএসপিআর জানিয়েছে, জীবিত ও লাশের সন্ধানে বিশেষ ধরনের যন্ত্র ও ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একাধিক সদস্য জানান, ধসে পড়া ভবনের দক্ষিণে থাকা তিনতলা ভবনের একাংশ এখনো দাঁড়িয়ে আছে। উত্তরের আরএস টাওয়ারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রেন দিয়ে ধ্বংসস্তূপে টান দিলে ওই দুটি ভবনের কী হবে, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ফলে সবকিছু করতে হচ্ছে সতর্কতার সঙ্গে। নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ হাসান সারওয়ার্দী সাংবাদিকদের বলেন, জীবিত কিংবা মরদেহ দুটোই যাতে যথাযথভাবে উদ্ধার করা যায়, সে জন্য সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চলছে।ক্লান্ত স্বজন: সকালে রিকশায় ওঠার পর চালকের মুঠোফোনের কথোপকথনে জানা যায়, মোমেনা নামের তাঁর এক ভাইয়ের মেয়ে নিখোঁজ আছে। বাড়ি গাইবান্ধায়। গত শনিবার এই প্রতিবেদক সাভার সিএমএইচে চিকিৎসাধীন মোমেনা নামের একজনের সঙ্গে কথা বলেছিলেন। প্রথম আলোতে তা ছাপাও হয়। এ তথ্য জানানোর পর সিএমএইচে ছুটে যান রিকশাচালক ইউনুস। পরে ফোনে জানতে চাইলে দীর্ঘশ্বাস ছেড়ে জানান, এই মোমেনা তাঁর ভাইয়ের মেয়ে নন। আবার মোমেনার খোঁজে নামেন ইউনুস। সাততলায় অপারেটরের কাজ করতেন শান্তা আক্তার। বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। মা সাহিদা বেগম ঘটনার দিন থেকে ঢাকা ও সাভারের বিভিন্ন হাসপাতাল ঘুরে মেয়ের সন্ধান পাননি। গতকাল দিনভর মেয়ের ছবি হাতে অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে বসে কাঁদছিলেন তিনি।ছয় মাসের শিশুপুত্র রহমতকে বুকে জড়িয়ে বিলাপ করছিলেন রত্না আক্তার। তাঁর কান্নায় চোখের পানি মোছেন অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে উপস্থিত অনেকেই। তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন সাভার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জেবা খান। কিন্তু কোনো সান্ত্বনাই তাঁর কান্না থামাতে পারেনি। তাঁর একটাই দাবি, ‘আমার স্বামীকে জীবিত না হয়, মৃতই ফেরত দাও।’ রানা প্লাজার সাততলায় অপারেটরের কাজ করতেন রত্নার স্বামী রুহুল আল আমিন।নিখোঁজের সংখ্যা কত: কতজন এখনো নিখোঁজ আছেন তার সঠিক হিসাব কোথাও পাওয়া যায়নি। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, গতকাল সোমবার দুপুর পর্যন্ত তাঁদের কাছে ১০০ জন নিখোঁজ ব্যক্তির তথ্য ছিল। আর সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা বলেন, স্বজনদের দেওয়া তথ্যমতে, এক হাজার ২০০ জন নিখোঁজ। কিন্তু নিখোঁজ ব্যক্তিদের পরিবারের একাধিক সদস্য বারবার তথ্য দেওয়ায় সংখ্যাটি সঠিক নয় বলে জানান তিনি। পরে যাচাই-বাছাই করে প্রকৃত তালিকা তৈরি করা হবে বলে জানান এই কর্মকর্তা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের শিক্ষার্থীরা যে নিখোঁজ তালিকা করেছেন, তা এক হাজার ৩৫০ জনের। তাঁরা জানিয়েছেন, প্রথম দিন থেকেই এ তালিকা করছেন তাঁরা। ক্লাবের সদস্য রাজিবুল ইসলাম বলেন, এর মধ্যে কিছু লোককে জীবিত উদ্ধার করা গেছে, কিছু মরদেহ পাওয়া গেছে। আবার কিছু নিখোঁজ ব্যক্তির ব্যাপারে একের অধিক স্বজন পৃথকভাবে নাম লিখিয়েছেন। ফলে সঠিক হিসাব নিয়ে সংশয় আছে।