মরনে মরকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো নাম: মরনে মরকেলজন্ম: ৬ অক্টোবর, ১৯৮৪, ভেরেনিজিং, ট্রান্সভালডাক নাম: মর্টিয়ার, মর্টিগার, হেইডোসউচ্চতা: ৬ ফুট ৫ ইঞ্চিপরিবার: বাবা আলবার্ট মরকেল, মা ম্যারিয়ানা, বড় দুই ভাই মালান ও আলবি মরকেলটুইটার: @mornemorkel65 প্রিয় ও অন্যান্যশখ: মাছ ধরা, শিকার করা পানীয়: সুপার এম, কোলা টনিক/সোডাখাবার: সুশি, পাস্তাপোশাক ব্র্যান্ড: পিউমারং: গোলাপি, কালো, সাদা, বেবি ব্লুঅবসর কাটানোর জায়গা: কেপটাউনের সান্টাওয়ানি গেম লজগাড়ি: টয়োটাঅভিনেতা: ক্যাসপার ডি ভ্রাইসশৈশব আদর্শ: গ্লেন ম্যাকগ্রাঅবসর কাটে: গলফ খেলে, সিনেমা দেখেএকবার ভাবুন তো, চোখে চশমা আর কানে স্টেথেস্কোপ গুঁজে গম্ভীর মুখে রোগী দেখছেন মরনে মরকেল! হাসবেন না, এমন হতেই পারত। ধমনিতে বইছে ক্রিকেটারের রক্ত। বাবা আলবার্ট ছিলেন ফাস্ট বোলার, ক্লাব ক্রিকেটে খেলেছেন প্রদেশের শীর্ষ পর্যায়ে। বড় দুই ভাইও ছোট থেকেই ক্রিকেটের পোকা। তবে কীভাবে যেন মরকেল জীবনের লক্ষ্য ঠিক করে ফেলেছিলেন ডাক্তার হওয়া। ক্রিকেটও খেলতেন, তবে স্রেফ খেলার জন্যই।ভাবনার জগৎটা পাল্টে দিল স্কুলের অনূর্ধ্ব-১৩ দলের হয়ে একটি ম্যাচ। শেষ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য প্রতিপক্ষের প্রয়োজন ৪ রান। প্রথম দুই বলে কোনো রান দিলেন না মরকেল, পরের তিন বলে তিন উইকেট নিয়ে জিতিয়ে দিলেন দলকে। স্কুলের কোচ, পরিবারের সবাই বোঝালেন, নিজেও ভাবলেন, ‘ক্রিকেটেই বেশি মনোযোগ দিই না কেন!’ সেই ভাবনার ফলই আজকের মরনে মরকেল, টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৩ এবং ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৪ নম্বর বোলার। বর্তমান ক্রিকেটের ভয়ংকরতম ফাস্ট বোলিং জুটিতে ডেল স্টেইনের সঙ্গী।তবে এ পর্যন্ত আসতে পেরোতে হয়েছে অনেক চরাই-উতরাই। বড় সম্পদ ছিল ঈশ্বর-প্রদত্ত প্রতিভা ও উচ্চতা। তবে লম্বা শরীরটা ভুগিয়েছেও। লম্বা লম্বা পায়ের কারণেই হয়তো বড় বেশি নো বল করতেন। ২০০৪ সালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইস্টার্নসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। বড় ভাই আলবি মরকেলের সঙ্গে বোলিং উদ্বোধন করলেন। স্বপ্নের মতো শুরুর এই প্রেক্ষাপটটা দুঃস্বপ্ন হয়ে গেল মাঠে নেমে, ৫ ওভারেই করলেন ১৭টি নো বল! অভিষেক মৌসুমে ৭১ ওভারে নো বল করেছিলেন ৪১টি!পরের মৌসুমে তাই শুরুর দিকে দলে জায়গাই হলো না। শেষ তিন ম্যাচ খেলতে পারলেন, শেষ ম্যাচে পেলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ৫ উইকেট। একাডেমি দলের হয়ে পাকিস্তানে গিয়ে দারুণ বোলিং করলেন। এক ক্যাম্পে তাঁকে দেখে উচ্ছ্বসিত প্রশংসা করলেন ফাস্ট বোলিং গ্রেট অ্যালান ডোনাল্ড। আলাদা করে যত্ন নিতে বললেন মরকেলের। ২০০৬ সালে সফরকারী ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ৪ উইকেটে ডাক পেয়ে গেলেন টেস্ট দলেও। প্রথম ইনিংসে ৩ উইকেট পেলেও এলোমেলো বোলিংয়ে ছিটকে পড়লেন দল থেকে। পরের বছর আফ্রো-এশিয়া কাপে অনেক শীর্ষ ক্রিকেটারের অনুপস্থিতি সুযোগ করে দিল ওয়ানডে অভিষেকের। নিজের সামর্থ্যের প্রমাণ সত্যিকার অর্থে প্রথম দেখালেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে এর পরও নো বল, নিয়ন্ত্রণ আর চোটআঘাত—এই তিনটির সঙ্গে লড়াই করতে হয়েছে প্রতিনিয়ত। দলে আসা-যাওয়া করেই কেটেছে দিন। তবে হতোদ্যম হননি কখনোই।লড়াইয়ের সেই সময়টায় অনুপ্রেরণার উৎস হয়ে ছিলেন তিন বছরের বড় ভাই আলবি। ২০০৮ সালে দুই ভাই-দুই বন্ধু পেলেন দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি। ৫৫ বছর পর একই মৌসুমে দুই ভাইকে বর্ষসেরা হতে দেখল দক্ষিণ আফ্রিকান ক্রিকেট। সুযোগ পেলে এখনো ভাইয়ের সঙ্গে সময় কাটান অনেক। দৈত্যাকৃতির শরীর, আচরণ মিলিয়ে জাত ফাস্ট বোলার, কিন্তু একটা জায়গায় ডেল স্টেইনের সঙ্গে তাঁর ভীষণ মিল—মাঠের বাইরে দুজনই খুব বিনয়ী। মৃদু স্বরে কথা বলেন, খ্যাতির আলো যেন তাঁর চোখ ধাঁধিয়ে দেয়। ধূমপান প্রচণ্ড ঘৃণা করেন। ছুটি পেলেই চলে যান সাফারিতে। ব্যক্তিগত জীবনে এখনো একা, দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরদের একজন!অনেক কিছুই পাওয়ার আছে। তবে আপাতত এগোচ্ছেন একটা লক্ষ্যকেই পাখির চোখ করে। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন গত মাসেই, এবার টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়েও উঠতে চান শীর্ষে। সেখানে লড়াইটা আবার নতুন বলের সঙ্গী ডেল স্টেইনের সঙ্গে! আরিফুল ইসলাম