মরা নদীর ভরা অতীত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলতরঙ্গের কথা বলছিলেন বাসিয়া নদীমুখের বাসিন্দা মহিউদ্দিন। বয়সে তিনি প্রবীণ। তিনি জানান, সিলেট থেকে নদীতেই যাওয়া যেত দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, জগন্নাথপুর ও রাণীগঞ্জ। তখন খরস্রোতা ছিল বাসিয়া। টুকের বাজার ও মাশুকগঞ্জ থেকে কুশিয়ারার রাণীগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত নৌপথে বছরের বারো মাস যাতায়াত করা যেত। নদীতে ছিল বড় বড় লঞ্চ, স্টিমার ও পালতোলা নৌকার আনাগোনা। এখন সেই বাসিয়া নদীর এপার থেকে ওপারে পায়ে হেঁটে পাড়ি দেওয়া যায় বছরের অধিকাংশ সময়।নদীতে একসময় প্রচুর মাছ শিকার চলত। নদীর সেই যৌবন হারানোর সঙ্গে সঙ্গে মৎস্যজীবীদের কোলাহলও থেমে গেছে। নদী ভরাটের উৎস থেকে মিলনমুখ পর্যন্ত কোথাও আর মাছের বিচরণ নেই। এর পরও দেখা গেছে, বিভিন্ন স্থানে মাছ শিকারের জন্য নানা ধরনের জাল টানানো, তবে আশপাশে কেউ নেই। অথচ একসময় এই বাসিয়া নদীতে মাছ শিকার করে নিজেদের জীবিকা নির্বাহ করেছেন বিশ্বনাথসহ আশপাশের উপজেলার মৎস্যজীবীরা।বিশ্বনাথ উপজেলার লামাকাজী মৎস্য আড়তের মালিক আমিনুর রহমান বলেন, ‘একসময় আমাদের বাসিয়াসহ উপজেলার বিভিন্ন নদী ও খালগুলোতে মাছের অভয়ারণ্য ছিল। কিন্তু কালের বিবর্তনে নদী ও খালগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে মাছের পরিমাণ অনেকটাই কমে গেছে। ফলে মাছ শিকার করে নিজেদের জীবিকা নির্বাহ করতেন এমন অনেকেই এখন বেকার হয়ে পড়েছেন।একসময় বাসিয়াই ছিল জগন্নাথপুর, ছাতক, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও সিলেট সদর (অংশবিশেষ) উপজেলার মানুষের চলাচলের অন্যতম পথ। বাসিয়া নদীকে ব্যবহার করে নৌকা-লঞ্চের যুগে টাটকা শাকসবজি আমদানি-রপ্তানি, বালু, পাথর, সিমেন্ট আনা-নেওয়া করতেন ব্যবসায়ীরা। নৌপথে চলাচলে মানুষের খরচের পরিমাণও ছিল কম। তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও ছিল সাধারণ মানুষের নাগালে। কিন্তু বর্তমানে নৌপথ ব্যবহারের সুযোগ-সুবিধা না থাকায় চলাচলের ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ বেশি। এতে বিভিন্ন জিনিসপত্রের দামও বেড়েছে বলে গ্রামের মানুষ মনে করে। এর ফলে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি টাটকা শাকসবজি খাওয়া থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শহুরে মানুষের।মহিউদ্দিন ছোট থাকাকালে বাবা-চাচা কিংবা দাদাদের কাছে শুনেছেন, বাসিয়া নদীর কল্যাণে নদীর তীরবর্তী এলাকার কৃষিজমিগুলো হয়ে ওঠে সোনার মতো। এক থেকে দুই ফসলি জমিতে শুধু ধান চাষ নয়, নানা রকম সবজি চাষের প্রচলন সেই ব্রিটিশ আমল থেকে। এখন নদী শুকিয়ে গেছে। চাষ যে এখনো হচ্ছে, এটাই কেবল ‘প্রাপ্তি’। এ প্রাপ্তির সঙ্গে প্রাপ্তিযোগ হিসেবে আছে কিছু জাতীয় স্বীকৃত কৃষক পদক।জানা গেছে, বাইয়ারপাড়ে চাষাবাদে শুধু মোল্লারগাঁও থেকে কৃষি ক্ষেত্রে অবদানের জন্য প্রেসিডেন্ট ও জাতীয় পদকে ভূষিত হয়েছেন ছয়জন। এ তালিকায় মরহুম সিদ্দিক আলী, মরহুম তমিজউল্লাহ, মরহুম নূরুল ইসলাম, মরহুম আশরাফ আলী (বঙ্গবন্ধু ও প্রেসিডেন্ট পদক) এবং সর্বশেষ ১৯৮৮-৮৯ অর্থবছরে স্বর্ণপদক পেয়েছেন সৈয়দুর রহমান। এর পর থেকে এ পর্যন্ত কোনো পদক বা স্বীকৃতি ওই এলাকায় আর আসেনি। কারণ হিসেবে সৈয়দুর রহমান জানান, সমস্যা বা সংকটের ঘনঘটার শুরু নব্বই দশকের পর থেকে। তাই প্রত্যাশিত সাফল্যও থমকে আছে।নদীর কল্যাণে চাষাবাদের সুখ্যাতি, আর নদী মরে যাওয়ায় এই অবস্থায় চাষাবাদের ধারাবাহিকতার এ পরিস্থিতিকে মরা নদী ভরা অতীতের সঙ্গে তুলনা করলেন এলাকাবাসী। কথা প্রসঙ্গে ক্ষোভ শোনা গেল নানা রকমের। মাশুকগঞ্জ বাজারের খেয়াঘাটের নিকট বাসিয়ার মিলনস্থলে পলিমাটি পড়ে ফুলে-ফেঁপে থাকা অংশ দিয়ে ভরা বর্ষায়ও নৌকা চলতে পারে না। ১৯৭৮ সালে তত্কালীন ‘খাল খনন’ কর্মসূচিতে কিছুটা প্রাণসঞ্চারিত হয়েছিল নদীর। কিন্তু এ প্রক্রিয়ার ধারাবাহিকতা না থাকায় লাভের লাভ কিছুই হয়নি।