মরা মুরগি বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড
রাজধানীর তেজগাঁও স্টেশন রোডের একটি মুরগির আড়তে আজ বুধবার সকালে অভিযান চালিয়ে মরা মুরগি বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—গোলাম আলী (৩৯) ও শাহ আলম (২৮)। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলো অনলাইনকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আজ সকালে স্টেশন রোডের ওই মুরগির আড়তে অভিযান চালান। সেখানে অভিযান চালিয়ে ১৩১টি মরা মুরগিসহ গোলাম আলী ও শাহ আলমকে গ্রেপ্তার করে র্যাব। মরা মুরগি বিক্রির সঙ্গে জড়িত থাকায় তাদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গোলাম আলী ও শাহ আলমের নেতৃত্বে তাদের সহযোগীরা বিভিন্ন আড়ত থেকে মরা মুরগি সংগ্রহ করে একটি চক্রের মাধ্যমে বিভিন্ন খাবার হোটেলে সরবরাহ করত বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আনোয়ার পাশা আরও জানান, গত ৯ এপ্রিল স্টেশন রোডে অভিযান চালিয়ে মরা মুরগি বিক্রির সঙ্গে জড়িত কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর কিছুদিন মরা মুরগি বিক্রি বন্ধ থাকলেও এখন আবার তা শুরু হয়েছে।