মরার আগে মুক্তিযোদ্ধার তালিকায় নাম দেখে যেতে চান বাসন্তী ধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের যুদ্ধদিনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দিন-রাত সেবা করেছেন। তাঁদের মনে জুগিয়েছেন সাহস। শরনার্থী ক্যাম্পে অসহায় মানুষকে নানাভাবে চিকিৎসা দিয়েছেন পুরোটা সময়। কিন্তু তাঁর এ অবদানের কথা কোথাও উল্লেখ নেই। নামটি পর্যন্ত তালিকায় ওঠেনি। অনেকের কাছে গেছেন, কোনো লাভ হয়নি। জীবনের শেষ প্রান্তে এসে এখন বাসন্তী ধরের (৭১) চাওয়া একটাই, শুধু মরার আগে মুক্তিযোদ্ধাদের তালিকায় নিজের নামটি দেখে যেতে চান তিনি।বাসন্তী ধরের বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড এলাকায়। তিন ছেলে আর তিন মেয়ের জননী তিনি। স্বামী নেই। পরলোকে গেছেন যুদ্ধের পরপরই। বাসন্তী ধর জানান, সুনামগঞ্জ মা ও শিশু কল্যাণকেন্দ্রে ১৯৭০ সালে তিনি এক বছরের সেবিকার প্রশিক্ষণ নেন। এরপর সেখানে কোনো নিয়োগ ছাড়াই কাজ করেন কয়েক মাস। যুদ্ধ শুরু হলে ২৬ এপ্রিল স্বামী, সন্তানসহ ভারতে চলে যান। ভারতের বালাট ক্যাম্পে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা করা ও শরনার্থী ক্যাম্পে সেবিকা হিসেবে কাজ করার জন্য তখন বাছাই পরীক্ষা নেওয়া হয়। বাসন্তী ধর বলেন, বাছাই পরীক্ষায় ভারতীয় চিকিৎসকদের মধ্যে ডা. কাউলি, ডা. জয়রাম, উমেশ চক্রবর্তী, রাজু; সুনামগঞ্জের ডা. মকব্বির, ডা. সতীশচন্দ্র দাস ছিলেন। এ ছাড়া বালাটে সুনামগঞ্জের কমরেড বরুণ রায়, আবদুজ জহুর, হোসেন বখত, আলফাত উদ্দিন, মুক্তিযোদ্ধা খসরু, নেক, সালেহ, মতিউরসহ আরও অনেকের সঙ্গে তাঁর দেখা হয়েছে।বাছাইয়ে মনোনীত হলে কলকাতার ক্রিশ্চিয়ান এজেন্সি ফর সোশ্যাল অ্যাকশন রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট নামের একটি হাসপাতালের অধীনে বালাট ক্যাম্পে সেবিকা হিসেবে কাজ শুরু করেন তিনি। ১৯৭২ সালের ২১ জানুয়ারি পর্যন্ত তিনি সেখানে ছিলেন। ওই হাসপাতাল কর্তৃপক্ষ কাজের স্বীকৃতিস্বরূপ বাসন্তী ধরকে একটি প্রশংসাপত্রও দিয়েছে।যুদ্ধ শেষে তাঁরা দেশে ফিরে এলে স্বামী নরেশচন্দ্র ধর মারা যান। যুদ্ধকালীন সুনামগঞ্জের সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী জেল রোডে কিছু সরকারি জায়গা দেন তাঁদের। ছেলেমেয়েদের সঙ্গে সেখানেই আছেন তিনি। নানা রোগশোকে আক্রান্ত বাসন্তী এখন আর চলাফেরা করতে পারেন না।বাসন্তী ধরের মেয়ে রমা ধর জানান, তালিকায় নাম তোলার জন্য ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন তাঁরা। ওই আবেদনপত্রে সুনামগঞ্জ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আবদুজ জহুরের সুপারিশ ছিল। কিন্তু দেখা করার সুযোগ হয়নি। জেলার অনেক মুক্তিযোদ্ধার কাছেও গেছেন। কিন্তু তালিকায় আর নাম ওঠেনি।বাসন্তী ধর বলেন, ‘অভাব-অনটনে দিন যাচ্ছে। টাকা-পয়সা চাই না। এখন শুনছি সরকার আবার তালিকা করতাছে। দেশের লাগি এত কিছু করলাম। শুধু মরার আগে মুক্তিযোদ্ধার তালিকায় নামটা দেখে মরতে চাই।’