মরিশাস ট্র্যাজেডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়তির চরম নিষ্ঠুরতায় ব্রাহ্মণবাড়িয়ার সাতটি পরিবারের সব স্বপ্ন চোখের পলকেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দুঃখ-কষ্ট আর অভাব-অনটনের সংসার থেকে দারিদ্র্য দূর করে সচ্ছলতা আর একটু সুখ-শান্তি ফিরিয়ে আনতে একচিলতে স্বপ্ন দেখেছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, বিজয়নগর, আশুগঞ্জ ও কসবা উপজেলার একেবারেই দরিদ্র সাতটি পরিবার। এ পরিবারগুলোর সাত যুবক ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিলেন দ্বীপদেশ মরিশাসে। কিন্তু নিয়তি যেন তাতে ভীষণ নাখোশ হয়েছিল। মরিশাসে পৌঁছার মাত্র কয়েক দিনের মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসঙ্গেই মৃত্যু ঘটে স্বপ্নে বিভোর সাত যুবকের। এ কারণে অভাব দূর করা তো দূরের কথা, সেই অভাব এখন জগদ্দল পাথরের মতো জেঁকে বসেছে ওই পরিবারগুলোয়। সাতটি পরিবারের সাত যুবকের করুণ মৃত্যু আর অসময়ে তাঁদের চলে যাওয়ায় ওই সব পরিবারে এখন চলছে পুত্রশোকের মাতম। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থশোকও। সব মিলিয়ে এখন তাদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম অনিশ্চয়তায়।বোনদের বিয়ে দেওয়া হলো না রাকিবুলেরআশুগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম দুর্গাপুরের হতদরিদ্র আলী আফজল ও আমেনা খাতুনের চার ছেলে ও চার মেয়ের মধ্যে রাকিবুল (২৩) ভাইদের মধ্যে দ্বিতীয়। ভগ্নস্বাস্থ্যের দিনমজুর বাবা ছিন্নমূল পাত্রদের সঙ্গে প্রিয় বোনদের বিয়ে দিতে চাইলে রাকিবুল তাতে বাধা দেন। এর পর থেকেই তিনি মা-বাবার কাছে আবদার করতে থাকেন তাঁকে বিদেশ পাঠাতে। রাকিবুলের অনেক চাপাচাপিতে অবশেষে মাত্র চার শতক ভিটের মধ্যে দুই শতক বিক্রি করে তাঁকে মরিশাস পাঠানো হয়। বিদেশ যাওয়ার আগে রাকিবুল মা আমেনা খাতুন ও বাবা আলী আফজলকে বলেছিলেন, তিনি বিদেশ থেকে টাকা পাঠালে পরে সেই টাকা দিয়ে বাড়িঘর আছে এমন ছেলে দেখে বোনদের বিয়ে দিতে।রাকিবুলের মা আমেনা খাতুন বিড়বিড় করে বলেন, ‘আমার পুত বিদেশ গেছল বোনডিরে (বোনদের) বালা দেইখা বিয়া দেয়ার লাইগ্যা, আল্লার এইডা সহ্য হয় নাই। অহন আমার মাইয়াগুলার কী হইব, বাকি পুতগুলা এখন কই থাকব!’ তিনি বিলাপ করছেন আর বলছেন, ‘আল্লাহ, তুমি অহন আমারে লইয়া যাও, আর আমার পুতরে ফিরাইয়া দাও।’আকতার আলীর বুবুর চিন্তা আর গেল নাসরাইল উপজেলার ভূমিহীন কৃষকের চার ছেলে ও এক মেয়ের মধ্যে ২৩ বছর বয়সী আকতার আলী চতুর্থ। অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করা আকতার দরজির কাজ শিখে ঢাকায় একটি তৈরি পোশাকের কারখানায় চাকরি নেন। মরিশাসে যাওয়ার সুযোগ পাওয়ার পর পোশাক কারখানার দক্ষ শ্রমিক হিসেবে তিনি প্রশিক্ষণ নেন। এরপর ধারদেনা করে দুই লাখ ৬০ হাজার টাকা খরচ করে তিনিও পাড়ি জমান মরিশাসে। যাওয়ার সময় আকতার বড় বোন আছিয়াকে বলেছিলেন, ‘বুবু, চিন্তা কোরো না, আমি বিদেশ যাওয়ার পর সংসারে আর কোনো অভাব থাকবে না।’ আকতারের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে বোন আছিয়া সারাক্ষণই প্রলাপ বকছেন।আকতারের মা আম্বিয়া খাতুন বলেন, ‘আকতাররে হের বাপে মাওলানা বানাইতে চাইছিল। সংসারের দুরবস্থা দেইখা সে নিজে নিজে দর্জির কাজ শিখে গার্মেন্টসে চাকরি নেয়। এরপর সংসারের অভাব দূর করবার লাইগ্যা বিদেশ গেছে ধারদেনা কইরা। কিন্তু এখন পুতের চিন্তার সাথে ট্যাহার চিন্তায় দুই চোখে আন্ধার দেখতেছি।’জাকিরের সংসারে চরম অন্ধকারবিজয়নগর উপজেলার গোয়ালনগর গ্রামের ভূমিহীন কৃষক আবু তাহের ও ফাতেমা বেগমের একমাত্র সন্তান জয় হোসেন ওরফে জাকির (৩০) তিন মাস বয়সী এক ছেলের বাবা। প্রায় চার বছর আগে একমাত্র সম্বল এক বিঘা জমি বিক্রি করে তিনি সৌদি আরব গিয়েছিলেন। সেখানে উপার্জন করা টাকার পুরোটা দিয়ে বাড়িতে একটা একতলা পাকা ঘর তৈরি করেন। এরপর আরও কিছু করার স্বপ্ন নিয়ে দুই লাখ ৬০ হাজার টাকা ধার করে পাড়ি জমান মরিশাসে।জাকিরের মৃত্যুর সংবাদ শোনার পর অজ্ঞান হয়ে যান তাঁর স্ত্রী তাসলিমা বেগম (২২)। এখনো তিনি নির্বাক। কারও সঙ্গেই কোনো কথা বলেন না। বাবা আবু তাহের মিয়ার কাঁধেও যেন রাজ্যের শূন্যতা ভর করেছে। হতাশা আর চরম দুশ্চিন্তা নিয়ে তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকেন সারাক্ষণ।জাকিরের মা ফাতেমা বেগম বলেন, ‘পুলারে হের বাপ কইছিল, বাপ রে, আমরা গরিব মানুষ। পাকা বাড়ি দিয়া কী হইব, কয়েক কানি (৩০ শতকে এক কানি) ধানখেত কিন, যাতে ঘরের ভাত খাওন যায়। তহন জাকির পাল্টা আমরারে বুঝাইল, আগে বাড়িঘরটা ঠিক করতে হইব। বাড়িটা ভালো না হইলে মানুষের আশাও বড় হয় না।’ ফাতেমা বেগম এখন জানেন না, কী আশা নিয়ে তাঁরা এখন বাঁচবেন, ধারের টাকাই বা কীভাবে শোধ করবেন! তিন মাস বয়সী নাতি আর ছেলের বউয়েরই বা কী হবে! এখন কীভাবে চলবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘আল্লায় যহন পুতরে লইয়া গেছে, তহন হেই (আল্লাহ) জানে, কীভাবে চইলব।’ছয় মাসেই জমি ফেরানোর কথা বলেছিলেন সাইদুর রহমানতিন ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয় সাইদুর রহমান (২৩) বাবা আবদুর রশিদকে কৃষিকাজে সহযোগিতা করতেন। পরিবারের সুখের আশায় তাঁর মাথায় চেপে বসে বিদেশ যাওয়ার নেশা। মা-বাবা বড় ছেলে আরমানকে বিদেশে পাঠাতে চাইলে সাইদুর গোঁ ধরেন, তাঁকেই পাঠাতে হবে। তাঁর জেদের কারণে পরিবারের শেষ সম্বল পাঁচ বিঘা ধানি জমি বন্ধক রেখে দুই লাখ এবং আত্মীয়স্বজনের কাছ থেকে ৮০ হাজার টাকা ধারকর্জ করে তাঁকে মরিশাসে পাঠায় আখাউড়ার নীলাখাদের এই পরিবার।সাইদুরের মা মাহমুদা বেগম (৪০) বলেন, ‘বিদেশ যাওয়ার পর ৬ জানুয়ারি ছেলে আমারে ফোন করে বলে, সে মরিশাসে মেডিকেলে টিকছে। বেতন ভালো। ছয় মাসের বেতন দিয়ে আমার শেষ সম্বল বন্ধকি জমি ছাড়াইয়া দিব। পরে বড় ভাই আরমানকে মরিশাসে নেবে। এ সময় সাইদুর তার ছোট বোন তানজিনা (১২) ও রুনার (৯) পড়ালেখার দিকে খেয়াল রাখতে বলে। ছেলে আমার পরিবারের সব দায়িত্ব নিতে চাইছিল। কিন্তু আমার পুত চইলা গেছে।’ ছেলেকে হারিয়ে মাহমুদা বেগম এখন দিশেহারা। কীভাবে ছেলেমেয়ের মুখে খাবার দেবেন, ধারকর্জই বা কীভাবে দেবেন, এ নিয়ে তিনি শঙ্কিত।