মরিশাসে আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু
আফ্রিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মরিশাসে আকস্মিক বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যায় কমপক্ষে ১১ জন মারা গেছে। গত শনিবার মরিশাসের রাজধানী পোর্ট লুইয়ে এ ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্মকর্তারা এ কথা জানান। খবর বিবিসি অনলাইনের।এ ঘটনায় আজ সোমবার মরিশাসে এক দিনের শোক দিবস ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাভিন রাঙ্গুলাম। গতকাল দেশটির জাতীয় বেতারকেন্দ্র থেকে প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী নাভিন রাঙ্গুলাম বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে মরিশাস মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের লাশ একটি পাতালপথ থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ভূগর্ভস্থ গাড়ি রাখার স্থান থেকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়।এই প্রাকৃতিক দুর্যোগের কারণে পোর্ট লুইয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের কারণে শহরের কেন্দ্রস্থল কার্যত অচল হয়ে পড়েছে। দেশটির আবহাওয়াবিদেরা জানান, গত শনিবার পোর্ট লুইয়ে ঘণ্টায় গড়ে ১৫২ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। আরও বৃষ্টিপাতের আশঙ্কায় নগরবাসীকে নিজ নিজ বাসভবনে অবস্থান করতে বলা হয়েছে।