মরিশাসে সড়ক দুর্ঘটনা: চার নিহতের লাশ দাফন
মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের লাশ আজ শনিবার দাফন করা হয়েছে। সেখানে নিহত ১১ বাংলাদেশির মধ্যে ১০ জনের লাশ গতকাল শুক্রবার রাত পৌনে নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে স্বজনেরা লাশগুলো গ্রহণ করেন।ওই ১০ জনের মধ্যে তিনজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ও একজন সরাইল উপজেলার বাসিন্দা।এলাকাবাসী জানায়, গতকাল রাত দেড়টার দিকে কসবার বাসিন্দা তিনজনের লাশ তাঁদের বাড়িতে পৌঁছে। আজ সকাল সাড়ে ১০টায় কসবার সৈয়দাবাদ মাদ্রাসা মাঠে আল-মামুন ও মোস্তাফিজুর রহমানের এবং বাদ জোহর কসবার চকচন্দ্রপুর মাদ্রাসা মাঠে সাগরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশগুলো দাফন করা হয়।সরাইল উপজেলার আলী আফজলের ছেলে আকতার আলীর লাশ গতকাল রাত আড়াইটার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ী গ্রামে পৌঁছে। আজ দুপুর ১২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।মরিশাসে গত বুধবার সকালে মাইক্রোবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে এক সড়ক দুর্ঘটনায় ১১ জন বাংলাদেশির প্রাণহানি ঘটে।