মরিশাসে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিশাসে গতকাল বুধবার সকালে মাইক্রোবাস ও লরির মুখোমুখি সংঘর্ঘে ১১ বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর তিন বাংলাদেশি। তাঁরা মাইক্রোবাসে করে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। লাশগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার মরিশাসের কর্তৃপক্ষ এবং ওই প্রতিষ্ঠানের কর্ণধারের সঙ্গে আলোচনা করছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, হতাহত বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিকেলে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী আরভিন বোলেলের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এ সময় বোলেল তাঁর দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি ক্ষতিপূরণসহ নিহত বাংলাদেশিদের লাশ ফেরত পাঠানোর ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।দীপু মনি নিহত বাংলাদেশি শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অণু বিভাগের মহাপরিচালক প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ দেশে ফিরিয়ে আনতে ও আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য সরকার ওই দ্বীপরাষ্ট্রটিতে বাংলাদেশের কনসাল জেনারেল ইউসুফ রাজ্জাক মাহমুদের মাধ্যমে সব ধরনের উদ্যোগ নিয়েছে। হতাহত ব্যক্তিরা গত ৩০ ডিসেম্বর ভাগ্যান্বেষণে মরিশাসে যান।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই ১৪ জন পেন্ডিমোনিও কোম্পানি লিমিটেড নামের পোশাক কারখানার কর্মী ছিলেন। তাঁরা গতকাল সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। মাঝপথে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন ১১ জন। তাঁরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোলারবাড়িয়া গ্রামের আলী আবজালের ছেলে আখতার (পাসপোর্ট নম্বর-ই ০৩১৪১১৩) ও গোয়ালনগর গ্রামের তাহের মিয়ার ছেলে জয় হোসেন (পাসপোর্ট নম্বর-ই ১০৪৯৯০৫), কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের এ ইউসুফের ছেলে আল মামুন (পাসপোর্ট নম্বর-জেড ০১৭০৩৩৪), একই গ্রামের মো. আবদুল হাকিমের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (পাসপোর্ট নম্বর-সি ০৪৬৯৪৯০) ও চকচন্দ্রপুর গ্রামের জানু মিয়ার ছেলে সাগর (পাসপোর্ট নম্বর-ই ১২৬২১৬২), আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মো. আলী আফজালের ছেলে মো. রাকিবুল হাসান (পাসপোর্ট নম্বর-ই ০২৩০৪৬২), আখাউড়া উপজেলার গঙ্গাসাগর গ্রামের রাশিদ মিয়া রহমানের ছেলে মো. সাইদুর (পাসপোর্ট নম্বর-ই ১২৪১২৯০), কুমিল্লার তিতাস উপজেলার সোনাকান্দা গ্রামের মনু মোল্লার ছেলে মোক্তার (পাসপোর্ট নম্বর-ই ১৮৭৪৮৯০), কড়িকান্দি গ্রামের রেনু মিয়ার ছেলে সেলিম (পাসপোর্ট নম্বর-ই ১৮৭৬১০৭) ও নারান্দি গ্রামের জালালউদ্দিনের ছেলে মো. জাহিদুল (পাসপোর্ট নম্বর-ই ১৮৭৫১০০), ঢাকার ২১/২ উত্তর মাদারটেকের মো. হুজু গাজীর ছেলে মো. ইলিয়াস গাজী (পাসপোর্ট নম্বর-এফ ০৭২৩৯৩১)। আহত ব্যক্তিরা হলেন: কুমিল্লার হোমনা উপজেলার মঙ্গলকান্দি গ্রামের ধনু মিয়ার ছেলে মামুন (পাসপোর্ট নম্বর-ই ০৯১৩৭৮৩), বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মো. দুলাল সরকারের ছেলে মো. হাসান সরকার (পাসপোর্ট নম্বর-ই ০০৬৮১৮৯) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বরাইল গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সুমন (পাসপোর্ট নম্বর-ই ০২২৯৩৫১)।মরিশাসে বসবাসকারী বাংলাদেশি পর্যটন ব্যবসায়ী আখলাসুর রহমান প্রথম আলোকে মুঠোফোনে জানান, সকালে সেন্ট জুলিয়ান এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের ওই ১৪ তরুণ হতাহত হন। নিহত ও আহত ব্যক্তিদের বয়স ২২ থেকে ৩৪ বছরের মধ্যে। তাঁরা সবাই একসঙ্গে থাকতেন এবং প্রতিদিন অফিসের যানবাহনে কর্মস্থলে যেতেন। তিনি জানান, ১১ বাংলাদেশির লাশ স্থানীয় এসএসআর ন্যাশনাল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিরা ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। দুই-তিন দিনের মধ্যে লাশ শনাক্ত করার পর দেশে পাঠানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।