মরুর বুকে আছি সুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারজা স্টেডিয়াম থেকে যাব আজমানের হোটেল রামাদায়। গাড়ি স্টার্টের পর ‘আফগান’ ট্যাক্সিওয়ালা উর্দুতে জিজ্ঞাসা করলেন ‘এবার কোন দিকে যাব?’ ট্যাক্সিতে থাকা আমরা চার বাংলাদেশি সাংবাদিকের কেউই রাস্তা চিনি না। ট্যাক্সি দাঁড়িয়ে পড়লে দিগ্ভ্রান্তদের পথ দেখানোর উদ্দেশ্যে এগিয়ে এলেন এক পথচারী। ভাঙা ভাঙা উর্দুতে জানতে চাইলাম রামাদা হোটেলে যাওয়ার পথ কোন দিকে। উর্দুতেই কথা বলে লোকটি ড্রাইভারকে পথ বুঝিয়ে দিলেন। বোঝা গেল তিনিও উর্দু ভালো জানেন না। আমাদের সঙ্গেও কথা হলো লোকটির। তাঁর মুখে দু-একটা চাটগাইয়া শব্দ শুনে হো হো করে হেসে উঠি আমরা। আমাদের একজন বললেন, ‘ভাই চাটগাইয়াত হ’ (চট্টগ্রামের ভাষায় বলেন)।চট্টগ্রামের পোর্ট সিটি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ কাভার করতে আরব আমিরাতে এসে চট্টগ্রামের এ রকম অসংখ্য লোকের দেখা মিলেছে। শুধু চট্টগ্রামেরই নয়, বাংলাদেশের বিভিন্ন জেলার অনেক লোক এই মধ্যপ্রাচ্যে। ট্যাক্সি, বাসে ওঠা থেকে শুরু করে বিপণিকেন্দ্র, রেস্তরাঁ যেখানেই যাই দেখা মিলছে প্রবাসী বাঙালির সঙ্গে। এ যেন মিনি বাংলাদেশ। মিনি চট্টগ্রামও বলা যায়।পোর্ট সিটি ক্রিকেট লিগের দ্বিতীয় আসর চট্টগ্রাম থেকে উড়িয়ে শারজায় আনার অনেকগুলো কারণের মধ্যে একটা ছিল এখানে প্রবাসী বাঙালিদের আধিক্য। যাদের মধ্যে চট্টগ্রাম ভাষাভাষি লোকের সংখ্যা বেশি। তবে পথে-ঘাটে বাঙালি গায়ে গায়ে লাগলেও দু শটি এক দিনের ম্যাচ হয়ে যাওয়া শারজা ক্রিকেট স্টেডিয়ামে সে অর্থে তাদের পদচারণ ছিল হতাশাজনক। পুলকিত মন, আশাহতও২৫ মার্চ গভীর রাতে যখন শারজা বিমানবন্দরে পা রাখি, একটা পুলক জাগা অনুভূতি কাজ করছিল। এই প্রথম বিদেশে কাজের সূত্রে এখানে আগমন। জাতীয় দলসহ দেশের বিভিন্ন শ্রেণীর ক্রিকেটারদের সঙ্গে আড্ডা, দর্শনীয় স্থান দর্শন, খেলা দেখা আর দেশের মানুষের সামনে আমার লেখা ছাপার হরফে তুলে ধরার আশায় টগবগ করছিলাম প্রথম থেকেই। তার চেয়েও বড় কথা বিশ্বের একটি ঐতিহাসিক স্টেডিয়াম থেকে আমি লিখব, অন্য রকম একটা ব্যাপার!কিন্তু আশাহত হয়েছি এখানে আসার পর। খেলা নিয়ে লিখব কি, টুর্নামেন্টে এত অব্যবস্থাপনা ও অসংগতি যে সেসব নিয়েই লিখতে হচ্ছে প্রতিদিন।চট্টগ্রাম থেকে শারজাপিসিএলের প্রথম আসর দারুণ আলোড়ন তুলেছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। সফল প্রথম আসরের পর দ্বিতীয় আসর নিয়ে উচ্ছ্বাস আরও বাড়ে আয়োজক চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার। এটিকে আরও আলোকিত ও প্রচারের আলোয় আনার জন্যই মূলত শারজায় নিয়ে আসা। যদিও আয়োজকদের যুক্তি ছিল মাঠসংকটের পাশাপাশি প্রবাসী বাঙালিদের ক্রিকেট বিনোদন দেওয়া। এ জন্য ক্রিকেটের পাশাপাশি নানা অনুষ্ঠানের কথাও শোনা গিয়েছিল। কিন্তু ভিসা জটিলতা ও অব্যবস্থাপনায় দু দিন পিছিয়ে যাওয়া পিসিএল শুরু থেকেই দর্শকশূন্য হয়ে পড়ে। প্রথম দিন কিছু দর্শক হলেও দারুণ হতাশ হন তাঁরা। কারণটাও পরিষ্কার করে দিলেন এক দর্শক, ‘আমরা দুটি ভিআইপি টিকিট কেটেছিলাম। উদ্দেশ্য সামনাসামনি মমতাজের গান শুনব। কিন্তু হলো না।’এখানেও ছিল ভিসা জটিলতা। মমতাজের ভিসা হলেও ভিসা মেলেনি তাঁর যন্ত্রীদের। হায়রে লাল পাসপোর্টপিসিএলে শামিল হন আমাদের দেশের অনেক সাংসদও। লাল পাসপোর্ট নিয়ে অন অ্যারাইভাল ভিসার আশায় আসা ৬-৭ জন সাংসদকে প্রায় সারা রাত কাটাতে হয়েছিল দুবাই বিমানবন্দরের একটি কক্ষে। কোনো দামই পাওয়া যায়নি লাল পাসপোর্টের। নিজ ঘরের বাঘ এখানে যেন ভিজে বেড়াল। তাঁদের মতো ক্রিকেটার ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ শরিফদেরও ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে হয়েছিল বিমানবন্দরে। কারণ কারও ভিসা সমস্যা, কারও পাসপোর্টেই সমস্যা। তিনজনের পিসিএলপিসিএলের আয়োজক চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। এর মূলে প্রধানত তিনজনের শ্রম ও সাধনা অনেক বেশি। তাঁরা চট্টগ্রামের টুর্নামেন্টটিকে আন্তর্জাতিকভাবে একটু পরিচিতি দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। এই তিনজন হলেন আজম নাসির উদ্দিন, সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর ও আলী আব্বাস। কিন্তু তাঁরা বলছেন, পিসিএলের সঙ্গে চট্টগ্রামের অনেক ক্রীড়া সংগঠক জড়িত। প্রায় একশজনের মতো সংগঠক শারজাতেও এসেছেন। কিন্তু কাজের সময় কাউকেই পাওয়া যায় না। টুর্নামেন্টের বাইলজ, আম্পায়ারিং, হোটেল ব্যবস্থাপনা, ম্যাচ পরিচালনা সবকিছুই দেখতে হয়েছে তিনজনকেই। বিভিন্ন উপকমিটি যেন নামসর্বস্ব। শারজায় আসা ক্রীড়া সংগঠকেরা ঘুরছেন ফিরছেন, খাচ্ছেন দাচ্ছেন আর পাঁচতারা হোটেলে ঘুমাচ্ছেন নাক ডেকে। আমি আগেই বলেছিলাম...টুর্নামেন্ট চলাকালে পিসিএলের অব্যবস্থাপনা নিয়ে পত্রপত্রিকায় অনেক প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে তিন উদ্যোক্তা মাঝেমধ্যে তর্কেও লিপ্ত হন। পরে অবশ্য আবার সবকিছু স্বাভাবিকও হয়ে যায়। যেমন মোহামেডানের দুজন শ্রেণীভুক্ত খেলোয়াড় নামানো কিংবা পাইরেটসের তিন পাকিস্তানি ক্রিকেটারকে খেলানো নিয়েও বিতর্ক হয় নিজেদের মধ্যে। এসব নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশ হওয়ায় স্বাভাবিকভাবেই মনঃক্ষুণ্ন আয়োজকেরা। এমন পরিস্থিতিতে আলী আব্বাস অপর দুই সহকর্মীকে উদ্দেশ করে বললেন, ‘আমি আগেই বলেছিলাম দলগুলোকে সাংবাদিকদের সঙ্গে একই হোটেলে রাখবেন না। এখন টের পাচ্ছেন তো!’ পিসিএলে অংশ নেওয়া ৮টি দলই উঠে আজমানের রামাদা হোটেলে। একই হোটেলে উঠেন অন্তত ৩০ সাংবাদিক।ভাই, তামিমের খেলা কখন?দ্বিতীয় দিনের খেলা শেষে স্থানীয় সময় রাত ১১টার দিকে স্টেডিয়াম থেকে বের হতেই দুই প্রবাসী বাঙালি জানতে চাইলেন, ভাই আগামীকাল তামিমের খেলা কোন সময়? বুঝতে পারলাম প্রশ্নকর্তা জানেন না তামিম কোন দলে খেলছেন। বললাম, বিকেল তিনটায় তামিমের চিটাগাং টাইগার্স ও মোহামেডানের খেলা। কিন্তু হতাশ হয়ে প্রতি উত্তরে তাঁরা বললেন, ‘হায়রে তাহলে হলো না। তখন যে আমরা কর্মস্থলে থাকব।’এখানে কেমন আছেন আপনারা? ‘চলে যাচ্ছে কোনো রকমে। অনেক সমস্যা আর অনেক কষ্টে। তাই একটু খেলা দেখতে চেয়েছিলাম’ বলেই কর্মক্ষেত্রে বাঙালিদের অনেক সমস্যা আর অত্যাচারিত হওয়ার কথা তুলে ধরলেন তাঁরা। সান্ত্বনার বাক্য নেই কোনো। শুধু মনে পড়ল পিসিএল কাভার করতে শারজা আসা কবি সাংবাদিক ওমর কায়সারের একটি মুঠোফোন-বার্তা। তাঁর বন্ধুকে উদ্দেশ করে শারজা থেকে লেখা ওই বার্তাটি ছিল এ রকম, ‘ঊষর মরুর ধূসর বুকে আমরা আছি বড়ই সুখে।’ বেড়াতে এসে এমন উক্তি করা যায়। কিন্তু সেই সুখের কত অভাব প্রবাসী বাঙালিদের।