এক সময়কার উত্তাল কালী নদীর অস্তিত্ব আজ খুঁজে পাওয়া যায় না। প্রবীণদের কেউ কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে এখন ভাবেন, ‘এই খানে এক নদী ছিল জানল না তো কেউ’। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত একসময়ে এই নদীতে চলত লঞ্চ, স্টিমার। এখন ভরা বর্ষা মৌসুমেও পানি থাকে না কালী নদীতে।আজ পানির অভাবে সেই নদীতে চলছে চাষাবাদ। নদীর মধ্যেই স্থাপন করা হয়েছে একাধিক শ্যালো মেশিন, যা দিয়ে নদীর মধ্যের জমিতে পানি দেওয়া হচ্ছে। নদীর দুই পাড় দখল এবং নদীর মধ্যে পুকুর কেটে পানির গতিপথ বন্ধ করে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নদীর বর্তমান অবস্থা দেখে মনে হয়, এটি একটি সমতল ভূমি। শুধু ওপরের একটি সেতুই এখনো শৈলকুপাবাসীকে মনে করিয়ে দেয়, এখানে একসময় নদী ছিল।নদীর তীরে বসবাসকারীরা জানান, গড়াই নদ থেকে উৎপত্তি হয়ে কুমার ও ডাকুয়া নদীতে মিশেছে এই কালী নদী। ষাটের দশকের আগে শৈলকুপার কুমার নদটি কালী নদীর মাধ্যমে গড়াই থেকে পানির প্রবাহ নিত। এরপর পানি উন্নয়ন বোর্ড জি কে (গঙ্গা-কপোতাক্ষ) সেচ প্রকল্প বাস্তবায়নকালে কালী নদীর উৎসমুখে ক্রসড্যাম নির্মাণ করে। পাশাপাশি শুরু হয় কালী নদীর জায়গা দখলের প্রতিযোগিতা। একশ্রেণীর মানুষ নদীর দুই পাড় বেঁধে নানা স্থাপনা গড়ে তোলে। নদীর মধ্যে পুকুর কাটা চলতে থাকে। নাব্যতা হারিয়ে ফেলতে থাকে কালী নদী। দখল আর পলি জমতে জমতে পুরো নদীই ভরাট হয়ে গেছে। নদীর বুকে যেটুকু জায়গা ছিল তা ফসলের খেতে পরিণত হয়েছে। নদীপারে বাসিন্দা তমালতলা বাজারের নজরুল ইসলাম জানান, এই নদীকে কেন্দ্র করেই উপজেলার কাঁচেরকোল, গাড়াগঞ্জ, বেনীপুর, তমালতলাসহ বিভিন্ন স্থানে হাটবাজার ও জনপদ গড়ে উঠেছে। ব্যবসায়ীরা দূর-দূরান্ত থেকে নৌকা-লঞ্চে করে মালামাল আনা-নেওয়া করত। তখন ব্যবসা বাণিজ্য ছিল জমজমাট। নদী শুকিয়ে যাওয়ায় এখন নদী তীরবর্তী হাটবাজারও নানা সমস্যার মুখে পড়েছে। কৃষক পানির অভাবে জমিতে সেচ দিতে পারছে না। এখন নদীর তলার জমিতে চাষ করতে নদীর বুকে বসাতে হয়েছে শ্যালো মেশিন।