মরে যাচ্ছে শিশুগাছগুলো
বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন সড়কের পাশে সরকারি উদ্যোগে লাগানো শিশুগাছগুলো মরে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রায় পাঁচ বছর ধরে এই মড়ক দেখা দিয়েছে। মরে যাওয়া গাছগুলো এখন নেশাগ্রস্তদের খোরাক হয়ে দাঁড়িয়েছে।সম্প্রতি উপজেলার বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায়, শেরপুর বন বিভাগের ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগে যেসব গাছ লাগানো হয়েছিল, তা এখন মরে যাচ্ছে। স্থানীয় সামাজিক নার্সারি প্রশিক্ষণকেন্দ্র থেকে সরবরাহ করা এসব গাছের চারা উপজেলার বিভিন্ন সড়কে রোপণ করা হয়।সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে নন্দীগ্রাম উপজেলাগামী সড়ক, জামতলা, মোমিনপুর, ভবানীপুর, রানীরহাট, মাগুরগাড়ী, মথুরাপুরসহ বিভিন্ন সড়কের ধারে লাগানো শিশুগাছগুলো মরে গেছে। স্থানীয় খড়ি ব্যবসায়ীদের মতে, প্রাপ্তবয়স্ক এসব গাছের মূল্য কমপক্ষে দুই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে।নন্দীগ্রাম সড়কের সিংড়াপাড়া এলাকার আবদুস সোবাহান জানান, প্রায় তিন বছর ধরে এই শিশুগাছগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে। এগুলোর আশপাশে অন্যান্য গাছ বেড়ে উঠলেও এ গাছগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। গাছগুলো থেকে প্রথমে পাতা ঝরে পড়ে। পরে গাছের বাকলও মরে পঁচে যায়।উপজেলাগামী সড়ক দিয়ে নিয়মিত অটোরিকশাচালক আবদুল মজিদ জানান, মরে যাওয়া গাছগুলো প্রায় রাতেই নেশাগ্রস্তরা কেটে নিচ্ছে। গাছ বিক্রির টাকায় তারা নেশা করে। তাই বিকেল থেকেই সড়কগুলোতে মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যায়।মাগুরগাড়ী এলাকার গোলাম হোসেন জানান, বন বিভাগের উদ্যোগে সড়কের ধারে লাগানো এসব গাছের পরিচর্যা করেন স্থানীয়রাই। গাছ বিক্রির পর টাকার ভাগ উপকারভোগীরাও পেয়ে থাকেন। শিশুগাছগুলো মরে যাওয়ায় উপকারভোগীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রানীরহাট এলাকার আবদুস সালাম জানান, মরে যাওয়া গাছগুলোর কারণে সড়কটি দিয়ে চলাও কঠিন হয়ে গেছে। যেকোনো সময় গাছগুলো ভেঙে পড়ার ভয় থাকে।শেরপুরের সামাজিক নার্সারি প্রশিক্ষণকেন্দ্রের বাগানের মালী আবু হানিফ জানান, তাঁদের কার্যালয়ের অধীনে প্রায় ২০০ কিলোমিটার গ্রামীণ সড়কজুড়ে বিভিন্ন গাছের পাশাপাশি এই চারাগুলোও লাগানো হয়েছিল। আবু হানিফ দাবি করেন, আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি চার থেকে পাঁচ ফুট লম্বা চারাগাছগুলো যখন বাগানের মাটি থেকে তুলে রাস্তার পাশে লাগানো হয়, তখনই এগুলোর অনেক শিকড় ছেঁড়া থাকে। এতে পরবর্তী সময়ে গাছটি পূর্ণাঙ্গরূপে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে রোগাক্রান্ত হতে থাকে।উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী জানান, উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা তাঁদের কৃষিজমির পাশে লাগানো এসব গাছ মারা যাওয়ায় তাঁদের কাছে এসেছিলেন। শেরপুর বন বিভাগের সামাজিক নার্সারি প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মাহবুব আলম জানান, গাছগুলোতে মড়ক দেখা দেওয়ায় নতুন চারা রোপণ বন্ধ রাখা হয়েছে। মরে যাওয়া গাছ কেউ কেটে নিচ্ছে কি না তা তাঁর জানা নেই।