মর্মান্তিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার ঝগড়া চলছে। এ সময় কেঁদে ওঠে তিন মাসের শিশু জুবায়ের। সেই কান্না শুনে ক্ষুব্ধ বাবা শিশুটির মুখে থাপড় বসিয়ে দেন। সঙ্গে সঙ্গে মারা যায় শিশুটি। আজ শনিবার বিকেলে রাজধানীর মধ্য কুনিপাড়ার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ শিশুটির বাবা নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ জানায়, নুরুল হুদা একটি বহুজাতিক কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী। মা শিউলি গৃহিণী। তাঁরা থাকেন তেজগাঁও এলাকায় হাতিরঝিল প্রকল্পের পাশে গড়ে ওঠা একটি তিন তলা টিনশেড বাড়ির ওপর তলায়। আজ বিকেল পৌনে পাঁচটার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে শিশুটি কেঁদে ওঠে। এ সময় শিশুটির মা একটু দূরে ছিলেন। কাছে ছিলেন বাবা নুরুল হুদা। কান্না শুনে তিনি শিশুটির মুখে থাপড় মারেন। এতে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। পরে তাঁকে স্থানীয় একজন চিকিত্সকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, পুলিশ শিশুটির বাবাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর নুরুল হুদা পুলিশকে জানান, রাগের মাথায় তিনি থাপড় দিয়েছিলেন।