মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ পুলিশ সদস্য
নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা, এক উপপরিদর্শকসহ পুলিশের ১০ জন সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যরা নরসিংদীর বেলাব থানায় কর্মরত ছিলেন।নিহত ব্যক্তিরা হলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ খান (৪৫), পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক (৪২), উপপরিদর্শক (এসআই) কংকন কুমার মণ্ডল (৪২), কনস্টেবল কৃষ্ণ কুমার বর্মণ (৫০), রিয়াজ উদ্দিন (৪০), নারায়ণ চন্দ্র চন্দ (৪০), বজলুর রহমান (৫০), মাসুদ পারভেজ (৪২), প্রিয়তোষ (৫০) ও গাড়ির চালক রেজাউল হক (৪০)। কাল ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনের উদ্দেশ্যে সমবেত হতে তাঁরা প্রত্যেকে নরসিংদী পুলিশ লাইনে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে ওসি ফারুক আহমেদ খানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বুধনতিতে। পরিদর্শক (তদন্ত) জিয়াউল হকের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার বাঘডোবা গ্রামে। অন্যদের মধ্যে উপপরিদর্শক কংকন কুমার মণ্ডলের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামে, কনস্টেবল কৃষ্ণ কুমার বর্মণের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে, বজলুর রহমানের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার আশাপুর গ্রামে, নারায়ণ চন্দ্রের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা গ্রামে, রিয়াজ উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামে, আবুল কাসেমের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামে, মাসুদ পারভেজের বাড়ি একই জেলা সদরের দমদমা গ্রামে এবং প্রিয়তোষের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাল সোমবার নরসিংদী ও মনোহরদী পৌরসভা নির্বাচনের কারণে পুলিশ প্রশাসন গতকাল জেলার সব থানার প্রয়োজনীয় পুলিশ সদস্যকে প্যারেড বিফ্রিংয়ে আসার নির্দেশ দেন। নির্দেশমতো বেলাব থানার ১০ জন সদস্য সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি ভ্যানে আরোহী হন। তাঁদের গাড়িটি বেলা ১১টার দিকে শিবপুরের ঘাশিরদিয়া এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই ট্রাকের (যশোর ট-১১-২৩৫২) সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের ভ্যানটির সামনের সম্পূর্ণ অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে আরোহীদের সবাই ভেতরে আটকা পড়েন। পরে পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় গাড়ির ভেতর থেকে ওসি (তদন্ত) ও উপপরিদর্শকসহ আট সদস্যকে মৃত অবস্থায় বের করে আনে। গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর ওসি ফারুক আহমেদ খান এবং ঢাকায় নেওয়ার পথে কনস্টেবল প্রিয়তোষ মারা যান। নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান জানান, জেলা হাসপাতালে ১০ জনকে আনা হয়। তাঁদের মধ্যে হাসপাতালে আনার আগেই আটজনের মৃত্যু হয়। আনার ১০ মিনিট পর ওসি ফারুক আহমেদ খান মারা যান। মুমূর্ষু অবস্থায় প্রিয়তোষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়। পরে প্রিয়তোষও মারা যান।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, নরসিংদী সদর আসনের সাংসদ নজরুল ইসলাম, জেলার শিবপুর আসনের সাংসদ জহিরুল হক, মনোহরদী-বেলাব আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ঢাকা রেঞ্জের ডিজি মোখলেছুর রহমান, পুলিশের ডিআইজি আসাদুজ্জামান, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারী, নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈই ও পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থলে যান। পরে তাঁরা নরসিংদী জেলা হাসপাতালে গিয়ে সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন।পরিদর্শন শেষে পুলিশের আইজি সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাটির কারণ অনুসন্ধান করা হবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তিনি বলেন, ‘নিহতদের মধ্যে এমন কয়েকজন পুলিশ সদস্য ছিলেন, যাঁরা শুক্রবার রাতে দায়িত্ব পালন করে শনিবার আবার বিশেষ দায়িত্ব পালনের উদ্দেশ্যে কাজে যেতে গিয়ে প্রাণ হারালেন।’ স্বরাষ্ট্রসচিব নিহত পুলিশ সদস্যদের পরিবার ও তাঁদের সন্তানদের পড়াশোনার ভার সরকারি ব্যয়ে মেটানোর আশ্বাস দেন।বুকফাটা আর্তনাদ: দুর্ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশ সদস্য থেকে শুরু করে এলাকাবাসী উদ্ধারে এগিয়ে আসেন। বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে নিথর দেহগুলো নিয়ে যান হাসপাতালে। কিছু সময়ের মধ্যে হাসপাতালে ভিড় বাড়তে থাকে। ময়নাতদন্ত শেষে বিকেল চারটার দিকে মরদেহগুলো নরসিংদী পুলিশ লাইনে আনা হয়। মরদেহবাহী গাড়িটি পুলিশ লাইনের ভেতরে প্রবেশের সময় বেদনাবিধুর হয়ে ওঠে পুলিশ লাইনের পরিবেশ। এ সময় পুলিশ লাইনের রিজার্ভ কক্ষে ছিলেন ওসি ফারুক আহমেদ খান, কনস্টেবল নারায়ণ চন্দ্র ও চালক রেজাউল করিমের পরিবারের সদস্যরা। মরদেহবাহী গাড়ি দেখা মাত্র তাঁদের আর্তনাদে পুলিশ লাইনের পরিবেশ আরও শোকাবহ হয়ে ওঠে। ওসি ফারুক আহমেদ খানের স্ত্রী জয়বুন্নেছা স্মৃতি বলেন, তিন মেয়ে নিয়ে তাঁদের সংসার। ঢাকায় থাকতেন। দুই সন্তান স্কুলে যায়। আজ (শনিবার) সকালেও সন্তানদের সঙ্গে ওদের বাবার কথা হয়। সকালের নাশতা করেছে কি না, তারও খবর নেন। এই কথা বলে মূর্ছা যান জয়বুন্নেছা। কনস্টেবল নারায়ণ চন্দ্রের স্ত্রী সুবর্ণা রানী চন্দ রিজার্ভ কক্ষের ভেতরে তাঁর দুই শিশুসন্তানকে জড়িয়ে ধরে শুধুই কাঁদছিলেন।সহকর্মীর চোখে জল: বেলাব থানার ১০ পুলিশ সদস্যকে বহনকারী ভ্যানের পেছনেই ছিলেন শিবপুর থানার কনস্টেবল মঞ্জুরুল হাসান। কিছু সময় পর হাসপাতালে তাঁদের নিথর দেহ দেখতে পেয়ে চোখের জল আটকে রাখতে পারেননি। বেলাব থানার উপপরিদর্শক আরবীকুল কাঁদছিলেন শিশুর মতো। তিনি বলেন, এত সহকর্মীর মৃতদেহ চাকরিজীবনে আর দেখতে হয়নি। বাকরুদ্ধ হয়ে যান অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক। কিছু সময় পর নিজেকে সামলিয়ে সহকর্মীদের মৃতদেহ মর্গে নিয়ে যান। এ সময় কয়েক ফোঁটা চোখের পানি নিজের অজান্তে মাটিতে গড়িয়ে পড়ে।দাফন ও মরদেহ হস্তান্তর: সন্ধ্যায় পুলিশ লাইন মাঠে নিহত আটজনের জানাজা সম্পন্ন হয়। এতে পরিদর্শনে আসা মন্ত্রী, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন। পরে পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে নিহত ব্যক্তিদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ট্রাকটিকে আটক করা গেলেও চালককে ধরা যায়নি। শোক ও সমবেদনা: পুলিশের ১০ সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এই মৃত্যুকে দেশের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে তাঁরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোকবার্তায় প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।