জাতীয় সংসদে আজ রোববার কয়েকজন সাংসদ তাঁর সমালোচনা করায় তাতে দারুণ মর্মাহত বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। সাংসদরা দাবি করেছেন, আবদুল্লাহ আবু সায়ীদ টিআইবির অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তাদের অপমান করেছেন। তবে অলোকিত মানুষ গড়ার এই কারিগর আজ রাতে প্রথম আলোকে বলেছেন, টিআইবির ওই অনুষ্ঠানের কোথাও তিনি মন্ত্রী-সাংসদদের কাউকে কটাক্ষ করে বক্তব্য দেননি। এমনকি সাংসদ শব্দটিই তিনি উচ্চারণ করেননি। প্রথম আলোর কাছে ওই বক্তব্যের রেকর্ড আছে। ওই বক্তব্যের শুরুতে দুর্নীতি কি তা বোঝাতে গিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘চোর যে চুরি করে, ডাকাত যে ডাকাতি করে সেটি কি দুর্নীতি? আমার ধারণা এটা দুর্নীতি নয়। কারণ দুর্নীতি শব্দের মধ্যে আরেকটি শব্দ লুকিয়ে আছে। শব্দটি হলো ‘নীতি’। চোর বা ডাকাতের কাজ ঠিক দুর্নীতি নয় কারণ তাদের কোন নীতিই নেই। সুতরাং দুর্নীতি সেই মানুষটি করে যার নীতি আছে। একটা উদাহরণ দেই। যেমন, যদি একজন মন্ত্রী এই বলে শপথ নেন যে তিনি শত্রু মিত্র ভেদাভেদ না করে সবার প্রতি সমান বিচার করবেন কিন্তু পরে তিনি সেটি না করেন সেটা হবে দুর্নীতি।’