মর্যাদা নেই নারী কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকডাকা ভোরে নগরের রাস্তায় মিছিলের মতো দলে দলে ছুটে চলেন পোশাকশিল্পের নারী কর্মীরা। হাতে ছোট্ট একটি খাবারের বাক্স। তাঁদেরই একজন লাইলী। ১৯৯৪ সাল থেকে তিনি একজন পোশাককর্মী।কাজে যোগ দেওয়ার কিছু দিনের মধ্যেই লাইলীর গর্ভে সন্তান এসেছিল, সাত মাসের গর্ভাবস্থায় মারা যায়। অতিরিক্ত শ্রম ও অপুষ্টিতে পৃথিবীর মুখ দেখতে পারেনি অনাগত সন্তানটি। দুর্ঘটনার সাত দিনের মাথায় কাজে যোগ দিতে বাধ্য হন লাইলী। দ্বিতীয় সন্তান হওয়ার সময়ও ছুটি বা কোনো টাকা-পয়সা পাননি। পোশাক কারখানায় শিশু দিবাযত্ন কেন্দ্র না থাকায় পাঁচ মাসের সন্তানকে গ্রামে রেখে আসতে হয়েছে। তবুও নিজেকে সৌভাগ্যবতী মনে করেন লাইলী। পুরাতন কর্মী হিসেবে পুনর্নিয়োগ দেওয়া হয়েছিল তাঁকে। ১৬ বছর ধরে নগরের মহাখালীতে একই কারখানায় কাজ করছেন লাইলী। এক হাজার ২০০ টাকার হেলপার থেকে তিনি এখন অপারেটর। বেতন হয়েছে তিন হাজার ১০০ টাকা। এক বছর আগে স্বামী মারা গেছেন। লাইলী ৬০০ টাকা দিয়ে আরও তিনজনের সঙ্গে বস্তির একটি ঘরে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন।কথা হচ্ছিল লাইলীর সঙ্গে। ‘এখনো কাজে ১৯ থেইক্যা ২০ হইলেই খারাপ গালাগালি শুনতে হয়। মালিকের মর্জি হইলে সাপ্তাহিক ছুটি পাওয়া যায়। কাজ বেশি থাকলে রাতেও কাজ করতে হয়, ওভারটাইমও দিতে চায় না। পরিচয়পত্র দিলেও এইটা ও হাজিরা কার্ড গেইটের বাইরে বার করতে দেয় না।’ আজ ৮ মার্চ্রপূর্ণ্রহলো আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শত বছর। দৈনিক ১২ ঘণ্টা পরিশ্রম, নিম্ন মজুরি, অমানুষিক নির্যাতন ও খাদ্যের অভাবের প্রতিবাদে ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুচ কারখানার নারীশ্রমিকেরা বিক্ষোভ করে দিবসটির সূচনা করেছিলেন। দিবসটির স্বীকৃতি পেলেও বাংলাদেশে সর্বাধিক নারীশ্রমিকের কর্মসংস্থান হয়েছে যে শিল্পে, সেখানে এখনো অবহেলা ও মানবেতর জীবন যাপন করছেন নারীরা। অবসান হয়নি এই পোশাক-শিল্পের নারীশ্রমিকদের আন্দোলন। কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতারের মতে, শত বছর আগে নারীরা যেসব দাবিতে আন্দোলনে নেমেছিলেন, এখনো তাঁদের একই দাবিতে লড়াই করতে হচ্ছে। কারখানার অবকাঠামোগত ত্রুটি ও অবহেলায়-অগ্নিকাণ্ডে নানাভাবে মারা যাচ্ছেন এ শিল্পের শ্রমিকেরা। তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএর হিসাবে, এ পর্যন্ত ঘটে যাওয়া দুর্ঘটনায় মারা গেছেন ২৪৩ শ্রমিক, যার মধ্যে অর্ধেকেরও বেশি নারীশ্রমিক। বর্তমানে বিজিএমইএর নিবন্ধন করা কারখানার সংখ্যা পাঁচ হাজার ৯২৫টি। এ শিল্পে প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন, যার ৮০ শতাংশই নারীশ্রমিক। তৈরি পোশাকশিল্প নারীদের কাজ করার সুযোগ দিলেও বলতে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়েই চলছে তাঁদের জীবনের উন্নয়ন। কেউ কেউ অধিকার আদায়ে প্রতিবাদ করতে গিয়ে চাকরিটিই খোয়াচ্ছেন। ফলে জীবনের সঙ্গে আপস করে যতটা চলা যায়, সেই নীতিতেই চলছেন এ শিল্পের নারীরা। আওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমা আখতার বলেন, ‘নারীশ্রমিকেরা থাকেন বস্তিতে, আর মালিকেরা খালি বড় লোক হইতেই থাকেন। শ্রমিকেরা খেটে মরেন, ৪০ বছর হলে আর কাজ করার ক্ষমতাই থাকে না।’২০০৬ সালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত একটি সমীক্ষা অনুযায়ী, পুরুষের তুলনায় নারীশ্রমিকের গড় আয় কম এবং আয়ের পার্থক্য বাড়ছে। মাসে গড়ে পাঁচ হাজার টাকা আয় করে এমন নারীর সংখ্যাও তুলনামূলকভাবে নগণ্য। নারীরা বেশি নিয়োজিত কম দক্ষতার কাজগুলোতেই। মেয়েদের অসুস্থ হওয়ার প্রবণতাও বেশি। দেশে রপ্তানি আয়ের ৭৬ ভাগ আসে তৈরি পোশাকশিল্প খাত থেকে। বিদেশি ক্রেতার চাপে কিছু কারখানা নারীদের জন্য কিছু উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত নয়। শ্রমিক অসন্তোষ ঠেকাতে সরকারের সঙ্গে বসে বিভিন্ন সময় বিজিএমইএ, বিকেএমইএ্রচুক্তি করেছে, প্রজ্ঞাপনও জারি হয়েছে নারীশ্রমিকদের অধিকার রক্ষার জন্য। কিন্তু শেষ পর্যন্ত কাগুজে দলিলেই সেসব ফাইলবন্দী হয়ে আছে। পোশাকশিল্পের কর্মীদের নিরাপত্তাহীনতা নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) গবেষণা করেছিল ১৯৯৪ সালে। মজুরিবৈষম্য, পদোন্নতির ক্ষেত্রে নারীদের দমিয়ে রাখা, নারীদের আবাসিক ও যাতায়াত সমস্যা, নারীশ্রমিকের কম বয়স, স্বল্প শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয় সামাজিক নিরাপত্তাহীনতাকে প্রকট করে তোলার কথা সমীক্ষায় বলা হয়েছিল। ১৬ বছর পর সেই সমীক্ষার একজন গবেষক বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক প্রতিমা পাল মজুমদার বলেন, এ শিল্পে কিছু পরিবর্তন এসেছে। তবে নারীদের জীবনমানের উন্নয়ন গতি খুবই শ্লথ। নারীশ্রমিকদের অবদানের তুলনায় সরকার বা অন্যান্যের নেওয়া পদক্ষেপও সীমিত।বেসরকারি সংস্থা কর্মজীবী নারী গত বছরের মার্চ মাসে টঙ্গী, ঢাকা, সাভার, নারায়ণগঞ্জে ৪৪০টি কারখানায় জরিপ চালিয়েছিল। তারা দেখেছে, মাত্র ২৫ শতাংশ কারখানায় নিয়োগপত্র দেওয়া হয়। ৪৭ শতাংশ কারখানা মাতৃত্বকালীন একটি নির্দিষ্ট পরিমাণ মজুরি দেয়। আবার প্রায় ১৪ শতাংশ শ্রমিক জানিয়েছেন, গর্ভবতী জানতে পারলে কারখানা শ্রমিকদের ছাঁটাই করে দেয়। ৪১ শতাংশ কারখানার নারীরা সমকাজে সমমজুরি পান না এবং সাড়ে ৬০ শতাংশ কারখানার নারীদের পদোন্নতির সময় বৈষম্যের শিকার হতে হয়। গালাগাল, অশোভন ইঙ্গিতসহ বিভিন্ন উপায়ে মানসিক নির্যাতন করার কথা জানায় প্রায় ৭৬ শতাংশ কারখানার শ্রমিক। অযথা শরীরে হাত দেওয়া, অতিরিক্ত কাজ করানো এবং শারীরিক নির্যাতন করা হয় ৪৬ শতাংশ কারখানায়।্রবিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদীর দাবি, শতভাগ কারখানায় মানা না হলেও শ্রম আইনে আছে আর কারখানা মালিক তা মানছেন না—এ ধরনের কারখানার সংখ্যা কম। তাঁর মতে, বিদেশি ক্রেতার কাছ থেকে কাজ পাওয়ার জন্য মালিকের স্বার্থেই শ্রমিকদের স্বার্থ দেখা হচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ—বিলসের সংগৃহীত তথ্য হচ্ছে, শুধু ২০০৯ সালেই কারখানার ভেতর ও বাইরে বিভিন্ন দুর্ঘটনা ও সহিংসতায় মারা গেছেন পোশাকশিল্পের আটজন নারী কর্মী, হতাহত হয়েছেন ৩৯ জন, ধর্ষণের শিকার হয়েছেন চারজন, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন ১০ জন এবং দুজন নারী আত্মহত্যা করতে বাধ্য হন।মাথা গুঁজতে হয় ঘুপচি বস্তিতে: পোশাক খাতের নারী কর্মীরা বেতনের বড় অংশ ব্যয় করে বেশির ভাগ ক্ষেত্রেই বস্তিতে থাকতে বাধ্য হচ্ছেন। বেসরকারি সংগঠন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসহুদা খাতুন শেফালী জানান, তাঁরা একসময় পোশাকশিল্পের নারী কর্মীদের জন্য সাতটি হোস্টেল চালিয়েছেন। কিন্তু এখন তহবিলের অভাবে মহাখালীতে ১০০ জন নারীর জন্য একটি মাত্র হোস্টেল পরিচালনা করছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম জানান, কমিটির পক্ষ থেকে গত বছরই স্বল্প ব্যয়ে আবাসিক ব্যবস্থার সুপারিশ জমা দেওয়া হয়েছে। সরকার উদ্যোগ নিলে বিজিএমইএ আর্থিক সহায়তারও আশ্বাস দিয়েছে। মাতৃত্বকালীন সুরক্ষা ও শিশু দিবাযত্ন কেন্দ্রের অবস্থা: প্রায় ৮০ শতাংশ কারখানায় শিশু দিবাযত্ন কেন্দ্র আছে বলে দাবি করেন সালাম মুর্শেদী। শ্রমিকনেত্রীদের বক্তব্য মতে, কিছু কারখানায় শিশু দিবাযত্ন কেন্দ্রটি করা হয় ছাদের সঙ্গে লাগানো কোনো ঘরে। অনেক কেন্দ্রে সবাই বাচ্চা রাখার সুযোগ পান না, বিদেশি ক্রেতাদের দেখানোর জন্য কয়েকটি বাচ্চা বা অনেক সময় বিদেশি ক্রেতা আসা উপলক্ষে বাচ্চা দিয়ে সাজানো হয় এসব কেন্দ্র। চাকরির বয়স ছয় মাসের আগে কোনো কর্মী গর্ভবতী হলে নানা অজুহাত দেখিয়ে ছাঁটাই করা হয়, অনেক কারখানায় আবার চাকরিতে নেওয়ার সময়ই সন্তান-সম্ভাব্যতা পরীক্ষা করায় বলে জানান শ্রমিকনেত্রী নাজমা আখতার।ঢাকা ও চট্টগ্রামের চার হাজার ৭২০টি কারখানায় পরিচালিত বিজিএমইএর সর্বশেষ কমপ্লায়েন্স বাস্তবায়নসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে শতভাগ কারখানায়। আবার শ্রম মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শন পরিদপ্তরের ১৫টি বিশেষ পরিদর্শন দল ঢাকা অঞ্চল ও চট্টগ্রামের কারখানা পরিদর্শন করে বলেছে, ১৪৩টি কারখানার মধ্যে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় ৯৮ দশমিক ৮২ শতাংশ কারখানায়। ইন্টারন্যাশনাল টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কারস ফেডারেশনের (১১৮টি দেশ) সহসভাপতি শামীমা নাসরিন বলেন, মালিকপক্ষ ও সরকারের দেওয়া পরিসংখ্যানগুলো দেখলে লজ্জা লাগে। এর সঙ্গে বাস্তবতার মিল থাকে না। তবে শ্রম পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এই প্রতিবেদন নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।নারীশ্রমিকদের আরও অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ২০০৮ সালে করা ‘পোশাকশিল্পের নারীশ্রমিকদের গ্রাম ও শহুরে অর্থনীতিতে অবদান’ গবেষণায় দেখা যায়, নারী কর্মীদের আয় খুব বেশি না হলেও তাঁরা নিত্যপ্রয়োজনীয় ব্যয় ছাড়াও নানা ধরনের প্রসাধনীসামগ্রী, পোশাক, স্যানডেল, মোবাইল ফোন এমনকি বিউটিপার্লারের পেছনে সাধ্যমতো খরচ করছেন। ফলে অর্থনীতিতে নতুন নতুন চাহিদার সৃষ্টি হচ্ছে। প্রতিমা পাল মজুমদার তাঁর গবেষণায় উল্লেখ করেছেন, পোশাক কারখানায় কাজের ফলে নারী শ্রমিকেরা সমাজে কিছু মানমর্যাদা হারালেও পরিবারে সেই নারীর কদর অনেক বেড়ে যাচ্ছে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ছে। সিদ্ধান্ত নিয়ে নিজের উপার্জিত টাকা খরচ করতে পারছেন। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটিও নারী নিজেই নিচ্ছে। সীমিত কার্যক্রম:্রআন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বর্তমানে এ শিল্পের শ্রমিকদের জন্য কোনো কার্যক্রম চালাচ্ছে না। বিজিএমইএ শ্রমিকদের জন্য দুটি ১০০ শয্যার হাসপাতাল তৈরির কাজ করছে। ১১টি স্বাস্থ্যকেন্দ্রের আওতায় ২৫ লাখ শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে। এর মধ্যে চারটি কেন্দ্রের শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা এবং চারটি স্বাস্থ্যকেন্দ্রে প্রজনন স্বাস্থ্য ও বিভিন্ন অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রকল্পের উপপরিচালক প্রবীর কান্তি দাশ মনে করেন, এ শিল্পের নারীশ্রমিকেরা নানা ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন। তাই স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বাড়ানো প্রয়োজন। নারীশ্রমিকদের জন্য রেশনিংব্যবস্থা চালুর দাবি থাকলেও বাস্তবায়ন হয়নি। কারখানায় টয়লেট সমস্যা, চিকিত্সা সমস্যা ও বিশুদ্ধ পানির অভাবসহ নানা সমস্যা রয়ে গেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ—বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ শ্রমিকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আইন করে সরকার, মালিক ও শ্রমিকপক্ষকে নিয়ে একটি কমিটি গঠন করার সুপারিশ করেন। কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার বলেন, এ শিল্পের নারীশ্রমিকদের নিরাপত্তা ও দেখভালের জন্য সরকারের বিশেষ কোনো উদ্যোগ নেই।