মর্যাদাসম্পন্ন অভিবাসন থেকে আমরা অনেক দূরে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বব্যাপী শ্রমিক অভিবাসন অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে। বাংলাদেশের ৭৫ লাখ লোক চাকরি নিয়ে বিদেশে কাজ করছেন। কিন্তু মর্যাদাসম্পন্ন অভিবাসনের আদর্শ চিত্র থেকে আমরা এখনো অনেক দূরে আছি। বিদেশে গিয়ে শ্রমিকদের হয়রানি ও দুঃখ-কষ্টের সম্মুখীন হতে হয়। এসব সমস্যার সমাধান করতে হবে।’আজ বুধবার রাজধানীর একটি হোটেলে অভিবাসন-বিষয়ক চতুর্থ কলম্বো প্রসেস সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অনৈতিক নিয়োগ একটি বড় সমস্যা। অনেকেই দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পেতে বিদেশ যেতে মরিয়া হয়ে পড়েন। এর সুযোগ নিয়ে মধ্যস্বত্বভোগীরা বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে অনেক অর্থ নেয়, প্রতারণার চেষ্টা করে। পরে বিদেশ গিয়ে গিয়ে শ্রমিকেরা দেখেন, প্রাপ্ত বেতন-ভাতার সঙ্গে চুক্তিতে উল্লিখিত বেতন-ভাতার কোনো মিল নেই। অনেকে আবার কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করেন।শেখ হাসিনা বলেন, এসব সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের সফলতা পেতে হলে বিদ্যমান আইনের কঠোর বাস্তবায়ন প্রয়োজন। তিনি আরও বলেন, অভিবাসী কর্মী ও তাঁদের পরিবারের অধিকার সংরক্ষণে জাতিসংঘের একটি সনদ থাকলেও বাংলাদেশসহ মাত্র ৩৭টি দেশ তাতে স্বাক্ষর করেছে। তিনি অভিবাসীদের অধিকার রক্ষার জন্য নীতিমালার কথা বলেন। তবে অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়টি দেশ থেকেই শুরু করতে হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আশা করেন, এ বৈঠক থেকে সময় উপযোগী ও বলিষ্ঠ সুপারিশমালা নেওয়া হবে। যাতে এ খাতের সমস্যার সমাধান হয়। এরপর প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ ব্যাংকের উদ্বোধন করেন। তিনি বলেন, এখন থেকে যাঁরা বিদেশে যাবে তাঁরা এ ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ নিতে পারবেন।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান।