মলমাস, তাই জমছে না হালখাতার উৎসব
সারা বছরের বেচাবিক্রির হিসাব তো আছেই, বাকির অঙ্কও ঢের। রঙিন খেরো খাতায় সারা বছরের বাকির হিসাব জমা পড়েছে। আবারও নতুন খাতা খোলা হবে। পয়লা বৈশাখ ১৪১৭ বাংলা নববর্ষের ‘হালখাতা’। তাই পুরোনো হিসাব চুকিয়ে ফেলার ধুম পড়েছে পুরান ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজারের স্বর্ণের দোকান এবং শ্যামবাজারের আড়তে।চৈত্রের শুরুতেই ব্যবসায়ীরা তাঁদের নিয়মিত ক্রেতাদের নিমন্ত্রণ জানানোর কাজ শুরু করেছেন। ক্রেতারাও পাওনা পরিশোধ করছেন—কেউ পুরোটা, কেউ আংশিক। তবে পুরান ঢাকায় ঘুরে দেখা গেছে, এবার ব্যবসায়ীরা খুব বেশি আনুষ্ঠানিকতা করছেন না। অধিকাংশ ব্যবসায়ী অন্যান্যবার কার্ড দিয়ে পরিচিতজন ও নিয়মিত ক্রেতাদের নিমন্ত্রণ জানালেও এবার অনেকেই কার্ড তৈরি করেননি। বেশির ভাগ ব্যবসায়ী ফোনে ও দেখা-সাক্ষাতে হালখাতার নিমন্ত্রণ জানিয়েছেন।ব্যবসায়ীরা জানান, পুরান ঢাকায় ‘হালখাতার’ অনুষ্ঠান মূলত হিন্দু সম্প্রদায়ের মধ্যেই বেশি পালিত হয়। হিন্দু সম্প্রদায়ের কাছে পঞ্জিকা অনুসারে এবারের বৈশাখ ‘মলমাস’ বা অশুচি মাস। তাই এই মাসে এবার হালখাতার উৎসবে ঘটা বরাবরের তুলনায় খানিকটা কম। নিয়ম রক্ষার জন্য পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) বুধবার ফুলে ফুলে দোকান সাজানো হবে। বাদ্যি-বাজনাও থাকবে। মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হবে আমন্ত্রিতদের। তবে পূজা-অর্চনা হবে না। কিছু প্রতিষ্ঠান উপহারসামগ্রী দেবে আমন্ত্রিতদের।‘হালখাতা’ অর্থাৎ পুরোনো খাতা ফেলে নতুন খাতা করা হবে পরের দিন বৃহস্পতিবার। কারণ পঞ্জিকামতে পয়লা বৈশাখ ১৫ এপ্রিল। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ১৪ এপ্রিলকে পয়লা বৈশাখ হিসেবে পালন করা হয়।অনেক ব্যবসায়ী জানান, পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার, শ্যামবাজার আড়তে বৈশাখ মাস জুড়েই হালখাতা বা বাংলা বর্ষের শুরুটাকে নানাভাবে উদ্যাপন করা হয়ে থাকে।শাঁখারীবাজার এলাকার রক্ষাকালীমাতা মন্দিরের পূজারি জীবনকৃষ্ণ চক্রবর্তী বলেন, এবারের বৈশাখ ‘মল মাস’ বা অশুচি মাস বলে হালখাতার বিশেষ অনুষ্ঠান খুব একটা হবে না। অন্য বছর মন্দিরেও হালখাতা উপলক্ষে পূজা হতো। এবার সেটা হবে না। তবে ব্যক্তিগতভাবে অনেকেই অনুষ্ঠান করতে পারে। একই মাসে দুবার অমাবস্যা হলে ‘মলমাস’ বলা হয়। বেশ কয়েক বছর পর পর এ ধরনের ঘটনা ঘটে বলে তিনি জানান। এবার বৈশাখে দুটি অমাবস্যা পড়েছে।স্বর্ণের অলংকার বন্ধকের দোকান জয়রাম অ্যান্ড সনসের শিমুল দাস বলেন, এবার ব্যবসা ভালো না। তাই এবার কার্ড দিয়ে কাউকে দাওয়াত দেওয়া হয়নি। নিয়মিত ক্রেতাদের মোবাইল ফোনে এবং মুখে মুখে দাওয়াত দেওয়া হয়েছে। পয়লা বৈশাখে তাদের মিষ্টিমুখ করানো হবে এবং সামান্য কিছু উপহারসামগ্রীও দেওয়া হবে।অধিকাংশ ব্যবসায়ী জানিয়েছেন, ধর্মীয় বাধ্যবাধকতা ও ব্যবসার অবস্থা বিবেচনা করে এবার হালখাতায় বড় অনুষ্ঠান হবে না। দাওয়াত দেওয়ার জন্য কার্ডও তৈরি করেননি অনেকে। নিপুন জুয়েলার্স অবশ্য কার্ড তৈরি করে বিলি করাও শুরু করেছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা অরুণ কৃষ্ণ পোদ্দার জানান, তারা আপ্যায়ন ও দোকান সাজাবেন বুধবার। খাতা বদলের কাজটা করবেন বৃহস্পতিবার।ব্যবসায়ীরা জানান, অধিকাংশই ‘হালখাতায়’ নতুন খাতা শুরু করেন নিজ নিজ সৃষ্টিকর্তার নামে। হিন্দুরা পয়সায় সিঁদুর মেখে নতুন খাতায় ছাপ দিয়ে থাকেন। এরপর শুরু করেন নতুন বছরের লেনদেনের হিসাব।