মশা নিধন করতে গিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মশা মারতে কামান দাগা’র কথা শোনা যায় প্রায়ই। এবার শ্রীলঙ্কার পুলিশ মশা দমনের জন্য এক অভিযান চালাতে গিয়ে গ্রেপ্তার করেছে ৫৩ জনকে। পুলিশ বলছে, বাড়ির মধ্যে ও আশপাশে জমে থাকা পানি এবং মশার বিভিন্ন প্রজননক্ষেত্র নষ্ট করতে ব্যর্থ হওয়ার অভিযোগে গতকাল রোববার এসব বাড়ির মালিকদের আটক করা হয়। টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক খবরে আজ সোমবার এ কথা জানানো হয়।শ্রীলঙ্কায় এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে খুব বেশি পরিমাণে। গত ছয় মাসে দেশটির হাজার হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। কলম্বো পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেন, পুলিশ, সেনাসদস্য ও স্বাস্থ্যকর্মীরা প্রায় সাত ঘণ্টা ধরে শহরটির সাড়ে ১১ হাজার বাড়িতে অভিযান চালান। বাড়ির আশপাশের পরিবেশ নোংরা রাখার অভিযোগে গ্রেপ্তারকৃতদের ছয় মাসের জেল ও জরিমানা করা হতে পারে। তিনি বলেন, মশার প্রজননক্ষেত্র নষ্ট করতে ব্যর্থ হওয়ার কারণে এই প্রথমবারের মতো পুলিশ কারও বিরুদ্ধে পদক্ষেপ নিল।শ্রীলঙ্কায় এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৫ হাজার। এদের মধ্যে মারা গেছেন ৭৪ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, পরিচ্ছন্নতা বিষয়ে নগরবাসীদের উদাসীনতা এবং বংশ বিস্তারের ক্ষেত্র ধ্বংস করতে ব্যর্থতাই ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা বিস্তারের প্রধান কারণ।গত সপ্তাহে দেশটির সরকার স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করতে ১০ হাজার সেনাসদস্যকে নিয়োগ করার ঘোষণা দেয়। এরপর এক মাসের মধ্যে ডেঙ্গু জ্বরকে সমূলে উত্পাটিত করার লক্ষ্যে অভিযান শুরু হয়। নগরের বাড়িতে বাড়িতে গিয়ে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে স্বাস্থ্যকর্মীদের সাহায্য করছে সেনাসদস্যরা। তাঁরা বিভিন্ন অফিস-আদালত এবং রাস্তাঘাট পরিষ্কার করতে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তাও করছে।