মশা মারতে ত্রিশঙ্কু দশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত জেগে যারা এখন কোনো কাজ করছে, তাদের হয় মশারির ভেতরে ঢুকে কাজ করতে হচ্ছে, নয়তো জ্বালাতে হচ্ছে কয়েল, নইলে ছিটাতে হচ্ছে মশার ওষুধ। যারা এসব করছে না, তাদের পালা করে কিছু সময় কাজ করতে হচ্ছে, আর কিছু সময় মারতে হচ্ছে মশা। মশা মারার কোনো গতি না করে রাতে মশারি ছাড়া ঘুমাতে সাহস পাচ্ছে ঢাকার খুব কম মানুষই। মশার অত্যাচারে নগরের এই যখন অবস্থা, তখন সরকারের মশা মারা কর্মে ত্রিমুখী শাসনের জটিলতায় আছে ঢাকা মহানগর।ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ডিসিসির মশক নিয়ন্ত্রণ শাখা এবং ঢাকা মশক নিবারণী দপ্তর মশা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে। তবে সমন্বয়ের অভাবে তাদের কাজ চলছে ধীরগতিতে। এদিকে মহানগরের তেজগাঁও সার্কেলে মশক নিধনে কোনো অর্থ বরাদ্দ করা হয় না। ফলে সার্কেলের অধীনে থাকা ১৭টি ইউনিয়নে মশা মারার কোনো কার্যক্রম নেই। এর ফায়দা লুটে নগরবাসীর রক্ত খেয়ে ফুলে-ফেঁপে উঠছে মশকের দল। শীত মৌসুম আসার সঙ্গে সঙ্গে নগরে মশার অত্যাচার বাড়ছে বলে একাধিক এলাকার বাসিন্দারা জানায়।জনবলের অভাবমশক নিধনের কাজে লোকবলের অভাব রয়েছে বলে অভিযোগ করলেন ডিসিসির একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা। এ প্রসঙ্গে ডিসিসির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সালেক মোল্লা বলেন, মশার ওষুধ দেওয়ার মতো পর্যাপ্ত লোক নেই। অন্য ওয়ার্ড থেকে লোক এনে ঘাটতি পূরণ করা হয়।ডিসিসির মশক নিয়ন্ত্রণ শাখা সূত্রে জানা যায়, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ছয় শতাধিক লোক কাজ করছেন। এর মধ্যে ডিসিসির নিজস্ব জনবল চার শর মতো। বিগত ছয় বছরে এই কার্যক্রমে কোনো লোক নিয়োগ দেওয়া হয়নি। এ সময়ে বেশ কিছু কর্মী অবসরে গেছেন। তাঁদের কাজের পরিধি দিনে দিনে বাড়ছে। বর্তমানে প্রতিটি ওয়ার্ডে গড়ে ছয়জন করে কর্মী ওষুধ ছিটানোর কাজ করছেন। তাঁদের পক্ষে সব এলাকায় ওষুধ ছিটানো সম্ভব হচ্ছে না।ঢাকা মশক নিবারণী দপ্তর থেকে জানা যায়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আদেশবলে তাদের ২৯২ জন কর্মী ডিসিসির মশক নিয়ন্ত্রণ শাখায় কাজ করছেন। তার মধ্যে ওষুধ ছিটানোর কাজে আছেন ২৬২ জন ক্রু। আর ৩০ জন সুপারভাইজার পরিদর্শনের কাজ করছেন। এখন তাদের ৭৮টি ক্রু আর চারটি সুপারভাইজারের পদ শূন্য আছে। শূন্যপদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানান দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম।মশক নিধন কার্যক্রমে জনবলের স্বল্পতা সম্পর্কে ডিসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও মশক নিয়ন্ত্রণ শাখার ঊর্ধ্বতন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুল ইসলাম বলেন, প্রায় দুই দশক আগের জনবলের কাঠামো (অর্গানোগ্রাম) দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। এই সময়ের মধ্যে ডিসিসির আয়তন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে জনসংখ্যা। অথচ জনবলের কাঠামো পরিবর্তন না করায় মশক নিয়ন্ত্রণ শাখায় জনবল বাড়ানো যাচ্ছে না। তবে জনবলের কাঠামো বাড়ানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অনুমোদিত হলে মশক নিধন কাজে লোকবল বাড়বে।অর্থ পর্যাপ্ত, উপকরণ অপর্যাপ্তনগরের অনেক এলাকার মানুষ অভিযোগ করেন, তাঁদের এলাকায় ঠিকমতো মশা মারার ওষুধ দেওয়া হয় না। মশার ওষুধ কি তবে অপ্রতুল? এমন প্রশ্নে ডিসিসির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামীম পারভেজ জানান, তাঁর এলাকায় উড়ন্ত মশা মারার ওষুধ খুবই কম দেওয়া হয়।মশক নিধনের ওষুধ কম থাকার পেছনে যে অর্থসংকট দায়ী নয়, তা বোঝা যায় ২০০৯-১০ এবং ২০১০-১১ অর্থবছরে ডিসিসির বাজেট প্রকাশনা ঘেঁটে। এ দুটোয় উল্লেখ আছে, ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে (পরিদর্শন ও জরিপসহ) ১৫ কোটি টাকা বরাদ্দ থাকলেও ডিসিসি খরচ করেছে সাড়ে ১২ কোটি টাকা। ওই অর্থবছরে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতির জন্য দুই কোটি টাকা বরাদ্দ থাকলেও ব্যয় করা হয়েছিল ৫০ লাখ টাকা। ২০০৯-১০ অর্থবছরে যন্ত্রপাতি কেনার জন্য দেড় কোটি টাকা বরাদ্দ রাখা হলেও খরচ করা হয় ৭৫ লাখ টাকা। একই অর্থবছরে মশার ওষুধ কেনার জন্য বরাদ্দ ছিল সাড়ে ১১ কোটি টাকা, কিন্তু খরচ করা হয় ১১ কোটি টাকা। চলতি অর্থবছরের মশক নিধনের ওষুধ কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে সাড়ে ১১ কোটি টাকা। অর্থবছরের পাঁচ মাস চলে গেলেও এখনো পর্যন্ত কোনো ওষুধ কিনেনি ডিসিসি। এ বিষয়ে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নাসির উদ্দিন জানিয়েছেন, ক্রয়নীতির জটিলতার কারণে ওষুধ কিনতে দেরি হচ্ছে। ওষুধ কেনার প্রক্রিয়া চলছে।ডিসিসির ভান্ডার ও ক্রয় বিভাগ সূত্রে জানা যায়, উড়ন্ত মশা মারার জন্য দুই কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৮৫ হাজার লিটার ওষুধ কেনা হচ্ছে। ডিসেম্বরের মাঝের দিকে এই ওষুধ ছিটানো (ফগিং) শুরু হবে বলে জানান ডিসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম। তিনি আরও বলেন, মশার ওষুধ ছিটানোর যন্ত্রপাতির অভাব রয়েছে। জনবল কম থাকায় ওই অভাব বোঝা যাচ্ছে না। যদি লোকবল বাড়ানো হয়, তবে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতিও বাড়াতে হবে।এদিকে মশক নিবারণী দপ্তরের ৩০ জন সুপারভাইজারের কোনো যানবাহন নেই। এর ফলে প্রতিটি ওয়ার্ডে গিয়ে মশক নিধন কার্যক্রম তদারকের কাজটি ঠিকমতো হচ্ছে না। এ বিষয়ে দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, পরিদর্শকদের জন্য ডিসিসির কাছে মোটরসাইকেল চাওয়া হয়েছিল। কিন্তু ডিসিসি থেকে বলা হয়েছে, দপ্তরটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকায় তাদের পক্ষ থেকে মোটরসাইকেল দেওয়া সম্ভব নয়। এ কথা স্বীকার করেন ডিসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম।দপ্তর আছে, কাজ নেই!‘সন্ধ্যার পর এখানে মশার যন্ত্রণায় বসা যায় না। বাথরুমে দিনের বেলাও মশা থাকে।’ বলছিলেন ঢাকা মশক নিবারণী দপ্তরের নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী। ঢাকা নগরের মশা নিবারণ তো দূরের কথা, তাঁদের দপ্তরের মশাই তাঁরা নিয়ন্ত্রণ করতে পারছেন না। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত দপ্তরটির বর্তমানে নিজস্ব কোনো কার্যক্রম নেই। অর্ধশতাধিক বছর আগের অবকাঠামো নিয়েই ১০ ঢাকেশ্বরী রোডে দাঁড়িয়ে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা এই দপ্তর। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরেক প্রতিষ্ঠান ডিসিসির মশক নিয়ন্ত্রণ শাখাই এখন ডিসিসির ৯০টি ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণের কাজ করছে। ডিসিসির ওষুধ রাখার জায়গা হিসেবে ব্যবহূত হচ্ছে দপ্তরের একাধিক কক্ষ। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অফিস আদেশে দপ্তরের কর্মীরা কাজ করছেন ডিসিসির মশক নিয়ন্ত্রণ শাখায়।মশক নিবারণী দপ্তর ও ডিসিসির মশক নিয়ন্ত্রণ শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, ডিসিসি এলাকায় মশক নিয়ন্ত্রণে দুটি প্রতিষ্ঠান থাকায় এই কাজে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে। সরকারের উচিত যেকোনো একটি রেখে আরেকটি প্রতিষ্ঠান বিলুপ্ত করা। এ ক্ষেত্রে ডিসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সহজেই এই কার্যক্রমের পরিধি বাড়ানোর সুযোগ আছে। অথচ দপ্তরের পরিধি বাড়াতে হলে সব অঞ্চলে নতুন করে জনবল নিয়োগের পাশাপাশি কার্যালয়ও তৈরি করতে হবে। এ জন্য মশক নিবারণী দপ্তরকে ডিসিসির মশক নিয়ন্ত্রণ শাখায় একীভূত করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া দরকার বলে জানান ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।বরাদ্দশূন্য ইউনিয়ন!মোহাম্মদ শাহজাহান বকশীবাজার লেনের স্বর্ণকার। ৩৩ বছর ধরে ওই এলাকায় ব্যবসা করছেন তিনি। পরিবার নিয়ে এখানেই ভাড়া বাসায় থাকতেন। বাসা ভাড়া বেড়ে যাওয়ায় গেল বছর বাসা নিয়েছেন ডেমরার সানারপাড়ে। শাহজাহান জানান, নতুন বাসায় মশা মারতে মারতেই রাত শেষ হয়ে যাচ্ছে। ঘুমানোর সুযোগ পাচ্ছেন না তিনি। বকশীবাজারের বাসায়ও মশা ছিল, তবে সানারপাড়ের মশার তুলনায় তা কিছুই নয়।সানারপাড় ঢাকা মহানগরে পড়লেও তা ডিসিসির আওতায় নেই, এটি পড়েছে তেজগাঁও সার্কেলের সারুলিয়া ইউনিয়নে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় থাকা ডিসিসির ৯০টি ওয়ার্ডের মশক নিধন কার্যক্রমে (পরিদর্শন ও জরিপসহ) ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ আছে ১৬ কোটি টাকা। অথচ একই মন্ত্রণালয়ের অধীনে থাকা তেজগাঁও সার্কেলের ১৭টি ইউনিয়নে মশক নিধনে কোনো অর্থ বরাদ্দ নেই। ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে মশক নিধন কার্যক্রম চালাতে বলেই দায় সেরেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মশক নিধনে কোনো ইউনিয়নেই কার্যত তেমন কার্যক্রম নেই বলে খোদ জনপ্রতিনিধিরা জানিয়েছেন। ফলে ইউনিয়নবাসীকে সারা বছরই মশার যন্ত্রণার মধ্যে থাকতে হচ্ছে। দক্ষিণগাঁও ইউনিয়নের উত্তর মানিকদিয়ার বাসিন্দা মেহেদী হাসান বলেন, সন্ধ্যা হলে ঝাঁকে ঝাঁকে মশা আসে বাসায়। মশার হাত থেকে রক্ষা পেতে মশারির ভেতরে ঢুকে পড়তে হয়।নগরের একাধিক ইউনিয়নের বাসিন্দারা জানান, ইউনিয়নগুলোতে পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা ভালো নয়। আবার ইউনিয়নগুলোর অনেক এলাকায় ডিসিসির নানা বর্জ্য এসে জড়ো হচ্ছে। সব মিলিয়ে প্রতিটি ইউনিয়নই মশার প্রজননের আদর্শ স্থান। এ জন্য নগরের ইউনিয়নগুলোর মশক নিধনে ডিসিসির চেয়েও বেশি জোর দেওয়া উচিত।এ প্রসঙ্গে শ্যামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জুম্মান মিয়া জানান, তাঁরা অনুদানের জন্য বিভিন্ন সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। এ বিষয়ে তেজগাঁও সার্কেলের কর্মকর্তা নিরোদচন্দ্র মণ্ডল জানান, বর্তমান ইউনিয়ন পরিষদ আইনে সরকার থেকে মশক নিধন কার্যক্রমে ইউনিয়নে কোনো অর্থ বরাদ্দ করার সুযোগ নেই। বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) জনস্বাস্থ্য খাতে মশক নিধনে অর্থ বরাদ্দ নেওয়া যায় কি না, সেই চেষ্টা করার আশ্বাস দেন তিনি।এদিকে ডিসিসির মশক নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা জানান, মহানগরের ইউনিয়নগুলোতে মশক নিধন কার্যক্রম না থাকায় সেগুলো মশার প্রজননের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এসব মশা ইউনিয়নের আশপাশের ডিসিসির এলাকায় ঢুকে পড়ছে। এ জন্য ইউনিয়নগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মশক নিধনে উদ্যোগ নেওয়া উচিত।