মশার উপদ্রবে অতিষ্ঠ গোয়াইনঘাটবাসী
মশার উপদ্রবে অতিষ্ঠ গোয়াইনঘাটবাসী। উপজেলার আটটি ইউনিয়নেই মশার উপদ্রব বেড়েছে। ফলে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব কোনো কোনো এলাকায় দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কিংবা বেসরকারিভাবে মশা নিধনের কর্মসূচি হাতে না নেওয়ায় মশার এমন উপদ্রব বেড়েছে বলে উপজেলাবাসীর অভিযোগ।নন্দিরগাঁও ইউনিয়নের বহর, মিত্রিমহল, আঙ্গারজুর, নওয়াগাঁও ও কচুয়ারপার গ্রামের একাধিক বাসিন্দা জানান, কয়েক বছর ধরে কেউ এলাকায় মশার ওষুধ দিতে আসেনি। ফলে মশার বংশবৃদ্ধি হয়েছে আশঙ্কাজনকভাবে। সালুটিকর বাজার এলাকার সুমন দাস জানান, আগে এলাকায় প্রতিবছর মশার ওষুধ ছিটানো হতো। ফলে কিছুটা হলেও মশা কম থাকত, কিন্তু এখন কর্তৃপক্ষ নির্বিকার। ফতেহপুর ইউনিয়নের মহেশখেড় গ্রামের শিক্ষক ফজলুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দিন-রাত সমান তালে মশার জ্বালাতন, কয়েলও দুই নম্বর, মশা তাড়ানো যায় না।’ লেঙ্গড়া ইউনিয়নের কলেজছাত্র হাবিব জানান, ‘এ ব্যাপারে আমরা ইউনিয়ন পরিষদেও যোগাযোগ করেছি, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই পাইনি।’ পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের মুক্তানাথ জানান, মশা কমবেশি আগেও ছিল, কিন্তু এখন যেন ফৌজপাল।পূর্ব জাফলং ইউনিয়নের মামার দোকানের জুতাব্যবসায়ী আলাল জানান, মশার জ্বালায় দিনের বেলায় দোকানে বসা যায় না, সন্ধ্যার সময় মশা যেন রক্ত শোষণের উৎসবে মেতে উঠে।জলুরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমুন নাহার জানান, গ্রামের ছেলেমেয়েরা মশার উপদ্রবে লেখাপড়া করতে পারে না। কয়েল কিংবা মশার স্প্রে কেনার সামর্থ্যও নেই তাদের। উপজেলা প্রশাসনের উচিত মশা নিধনের ব্যবস্থা করা। রুস্তুমপুর ইউনিয়নের পাথরশ্রমিক হামজা দম্পতি তাঁদের তিন বছরের শিশুকে দেখিয়ে বলেন, ‘মশার কামড়ে ই পুয়ার (এই ছেলের) ম্যালেরিয়া অই গেছিল, ওসমানীতে (এম এ জি ওসমানী হাসপাতাল) নিয়া তারে ভালা করছি।’উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সিরাজুল ইসলাম জানান, কিছুদিন আগে ম্যালেরিয়া রোগের ওপর একটি কর্মশালা হয়েছিল। সেখানে মশার বংশবৃদ্ধি ও নিধনের ব্যাপারে আলোচনা হয়েছিল, তবে সত্যি বলতে মশা নিধনের বাস্তবমুখী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম জানান, ‘এ কাজ সরাসরি আমাদের না হলেও প্রয়োজন হলে আমরা সহায়তা দেব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তারেক বলেন, ‘মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করব।’ উপজেলা চেয়ারম্যান আবদুুল হাকিম চৌধুরী বলেন, ‘বরাদ্দ পেলে কাজ শুরু করব।’