মশার এক প্রজননক্ষেত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই পুকুরের দুর্গন্ধযুক্ত পানি মশার ডিমে ভরা। এখানে যেন মশার চাষ হয়। পুকুরের আশপাশে আমরা যারা বাস করি, তারা দিনে কিংবা রাতে সারাক্ষণই মশার কামড়ে অতিষ্ঠ।’ বলছিলেন নারিন্দার বেগমগঞ্জের বাসিন্দা সিরাজুল ইসলাম।সিরাজুল ইসলামের মতো এই এলাকার অনেক বাসিন্দারই এমন আক্ষেপ। আর বেগমগঞ্জবাসীর আক্ষেপের কারণও রয়েছে, বছরের পর বছর ধরে তারা সিএমবির পরিত্যক্ত পুকুরের বিষাক্ত পানিতে বংশবিস্তার করা মশার কামড় সইছে।বেগমগঞ্জের প্রবীণ বাসিন্দা নূর ইসলাম জানান, পাকিস্তান আমলে পুরান ঢাকার পয়োবর্জ্য শোধন করার জন্য এখানে একটি রিজার্ভার করা হয়। এরপর ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) থেকে পুরান ঢাকার জলাবদ্ধতা দূর করার জন্য রিজার্ভারটি আরও বড় করে হ্রদের মতো করে খনন করা হয়। ঢাকা ওয়াসার ভূগর্ভস্থ পয়োনালার মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য এসে এখানে জমা হয়, অতঃপর এখান থেকে বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়ে।ঘুরে দেখা গেছে, বিশাল আকৃতির লেকের মতো পুকুরটির চারপাশে নোংরা আবর্জনার স্তূপ। পুকুরটি এখন মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। এলাকাবাসী জানান, গত ঈদুল আজহায় পুকুরে পাশের মাঠে বসেছিল গরুর হাট। গরুর হাটের সব আবর্জনার ঠাঁই হয়েছে পুকুরে। এ ছাড়া কুরবানির পর জবাই করা পশুর বর্জ্য ফেলে রাখা হয়েছে এখানে। শীত মৌসুম আসি আসি করছে, আর তাই পুকুরটিতে পানির পরিমাণও কমে গেছে। আর এই জমে থাকা নোংরা পূতিগন্ধময় পানিতে মশকদল নির্বিঘ্নে তাদের বংশবিস্তার করে যাচ্ছে। সিএমবির এই পুকুরে যাতে সব সময় পানির প্রবাহ বজায় থাকে, সে জন্য এখানে একটি স্লুইস গেট রয়েছে। কিন্তু দীর্ঘদিন এটি ব্যবহার না করার কারণে স্লুইস গেটটি মরিচা পড়ে প্রায় অকেজো হয়ে পড়েছে।বেগমগঞ্জের একাধিক বাসিন্দার দাবি, স্লুইস গেটটি যদি চালু রেখে পুকুরটিতে পানির প্রবাহ সব সময় বজায় রাখা যেত, তাহলে হয়তো এখানে মশা ডিম পারতে পারত না।এই এলাকার আরেক বাসিন্দা মোসলেম উদ্দিন জানান, সন্ধ্যার পর ঝাঁকে ঝাঁকে মশার দল বাসাবাড়ির ভেতর ঢুকে পড়ে। মশার আতঙ্কে সন্ধ্যার আগেই ঘরের জানালা-দরজা লাগিয়ে দিয়ে ঘরে বসে থাকি। বিকেল হতেই ঘরে মশার কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। এতে করে যেমন পয়সা খরচ হচ্ছে, তেমনই কয়েলের ধোঁয়ার কারণে এলাকার কেউ কেউ শ্বাসকষ্ট ও মাথাব্যথায় ভুগছেন।এই পুকুরের একটা অংশ ডিসিসির ৭৬ নম্বর ওয়ার্ডে, অন্য অংশ ৮০ নম্বর ওয়ার্ডে পড়েছে। সিএমবির পুকুরপাড়ে কথা হয় ৮০ নম্বর ওয়ার্ডে কর্মরত ডিসিসির দুজন স্প্রেম্যানের (ওষুধ ছিটানো কর্মী) সঙ্গে। তাঁদের দাবি, পুকুরে যাতে মশা ডিম পেড়ে বংশবিস্তার না করতে পারে, সে জন্য নিয়মিত লার্ভিসাইড (মশার ডিম ধ্বংসকারী ওষুধ) পুকুরের পানিতে দেওয়া হচ্ছে। কিন্তু তাঁদের কথার তাৎক্ষণিক প্রতিবাদ জানান এলাকাবাসী। তাঁদের ভাষ্য, পুকুরে জমে থাকা পানিতে যদি ওষুধ দেওয়া হতো, তাহলে তো মশার লার্ভা মরত। অন্যদিকে, মশার লার্ভা ধ্বংসকারী ওষুধ লার্ভিসাইড পানিতে ঢালা হলে পানির ওপর ওষুধ ভাসতে দেখা যেত। সিএমবির পুকুরের মশার লার্ভা ও উড়ন্ত মশা ধ্বংসের জন্য ডিসিসি পদক্ষেপ নিচ্ছে না কেন, জানতে চাইলে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজমল হোসেন দাবি করেন, সিএমবির পুকুরে জমে থাকা পানিতে যাতে মশা ডিম পেড়ে বংশবিস্তার না করতে পারে, সে জন্য ডিসিসির আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মশক নিধনের অভিযান পরিচালনা করা হবে।যন্ত্রণার নাম মশক!নাগরিকসেবার দিক দিয়ে নগরের অবহেলিত দুই এলাকা ফরিদাবাদ ও গেন্ডারিয়া। মশার যন্ত্রণায় আমরা এখন অতিষ্ঠ। মশক নিধনে ডিসিসির কোনো কার্যক্রম নেই বললেই চলে। এলাকাবাসীর দুর্ভোগের কোনো সীমা নেই। তাই বিভিন্ন মহল্লাবাসী ডিসিসির ওপর ক্ষুব্ধ। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে বলে আশা করছি।মাহবুব উদ্দিন চৌধুরী১৭, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪।