মশার যন্ত্রণায় অতিষ্ঠ বেড়া পৌরবাসী
বেড়া পৌরসভায় মশার উৎপাত বেড়েছে। দিনের বেলায়ও মশারি টানাতে হচ্ছে। মশা নিধনে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগই লক্ষ করা যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার এমন কোনো স্থান নেই যেখানে মশার যন্ত্রণা থেকে স্বস্তিতে থাকা যায়। সন্ধ্যার পরে এ যন্ত্রণা আরও বেড়ে যায়। খাওয়ার সময় তো বটেই, বিশেষ করে নামাজ পড়া ও লেখাপড়ার সময় মশার যন্ত্রণায় অতিষ্ঠ সবাই। হাসপাতালের রোগীরাও মশার উৎপাত থেকে রেহাই পাচ্ছেন না। সবচেয়ে সমস্যায় পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। পৌরবাসীরা জানান, প্রতিবছরই এ সময়টাতে কিছু না কিছু মশার উৎপাত দেখা যায়। তবে এ বছরের মতো মশার এত বেশি উৎপাত আর কখনো দেখা যায়নি। এর আগের বছরগুলোতে পৌরসভার পক্ষ থেকে মশা নিধনের জন্য ফগার মেশিনের সাহায্যে বিভিন্ন মহল্লায় ধোঁয়া ছড়ানো হলেও গত বছর থেকে তা বন্ধ রয়েছে। এ ছাড়া ময়লা-আবর্জনায় ভরা নোংরা পানিযুক্ত এলাকাগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে না অথবা মশা উৎপাদনকারী স্থানগুলোতে মশা নিধনের ওষুধও ছিটানো হচ্ছে না। শহর ঘুরে দেখা গেছে, যত্রতত্র অসংখ্য ময়লা-আবর্জনার স্তূপ। প্রয়োজনীয় ডাস্টবিন নেই। ময়লা-আবর্জনা সরানোর জন্য পৌরসভার ময়লাবাহী একটি ট্রাক থাকলেও তা কাজে লাগানো হয় না। এ ছাড়া শহরের শেখপাড়া, হার্ডওয়্যারপট্টি, পাটপট্টি, বৃশালিখাসহ কয়েকটি স্থানে অপরিকল্পিতভাবে ড্রেন তৈরি করে ফেলে রাখা হয়েছে। এসব ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা মশা উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত ২২ মার্চ ও ২৩ মার্চ পৌর এলাকার বাজারসহ বিভিন্ন মহল্লায় ঘুরে দিনের বেলায়ও মশারি টানিয়ে রাখতে অথবা মশার কয়েল জ্বালিয়ে রাখতে দেখা গেছে। বেড়া বাজারের কাপড়িয়াপট্টির কাপড় ব্যবসায়ী আলম মিয়া (৪২) বলেন, ‘প্রতিদিন বিকেলের থ্যা দোকানে মশার কয়েল জ্বালায়া রাখি। তাতেও মশা যায় না। সন্ধ্যার আগে বা পরে দোকানে যেসব কাস্টমার আসে মশার কামড়ে তারা ছিটাছিটি করতি থাকে।’শেখপাড়া মহল্লার শিরি খাতুনের (৪০) বাড়িতে দুপুর সাড়ে তিনটার দিকে মশারি টানিয়ে রাখতে দেখা যায়। শিরি খাতুন বলেন, ‘মশার জ্বালায় দিনের বেলাতেই এ অবস্থা, আর রাত্তিরে তো কথাই নাই। বাচ্চারা দিনের বেলায় ঘুমাতে গেলে বা লেখাপড়ায় বসলে মশা ছাইব্যা ধরে। তাই বাধ্য হয়া দিনের বেলাতেও মশারি টানান লাগে বা কয়েল জ্বালান লাগে।’এদিকে মশার যন্ত্রণায় পৌর এলাকার গৃহপালিত গরু-ছাগলগুলোকেও চরম কষ্ট পোহাতে হচ্ছে। পরিবেশগত কারণে গোয়ালগুলো পরিণত হয়েছে মশার নিরাপদ ঘাঁটিতে। মশার যন্ত্রণা থেকে গরুগুলোকে বাঁচাতে পৌর এলাকার অনেক গোয়ালে টানানো হয়েছে বিশালাকার মশারি।বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এনামুল হক শামীম বলেন, ‘এ বছর মশার উৎপাত অনেক বেশি। ফগার মেশিনে ব্যবহূত ওষুধের দাম চরম বেড়ে যাওয়ায় ও কিছুটা দুষ্প্রাপ্য হওয়ায় ফগার মেশিনগুলো এতদিন ব্যবহার করা যায়নি। তবে ইতিমধ্যেই মশা নিধনের জন্য ফগার মেশিন ব্যবহারের সঙ্গে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’