প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীতে গণজাগরণ মঞ্চের সমাবেশ শেষে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেছেন, ‘আমাদের আন্দোলনে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ এ ধরনের উসকানি বন্ধ করার দায়িত্ব নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ইমরান বলেন, ‘মুসল্লিদের বলব, মসজিদে নামাজ শেষে মন্দির পাহারা দিতে যান। আর পূজারীদের বলব, মন্দিরে পূজা শেষে মসজিদ পাহারা দিন। মসজিদ, মন্দির রক্ষা করার দায়িত্ব আমাদেরই।’ আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে গণজাগরণ মঞ্চের পঞ্চম সমাবেশ শেষে এসব কথা বলেন ইমরান এইচ সরকার। প্রতিবারের মতো এবারের সমাবেশেও ইমরান এইচ সরকার মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি আর আইন করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
জাতীয় নেতাদের শেখা উচিত
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক বলেন, তাঁরা এক মাসের অহিংস আন্দোলনের ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার জন্য জাতীয় নেতাদের প্রতি আহ্বান জানান। কীভাবে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া যায়, এই আন্দোলন থেকে জাতীয় নেতাদের তা শেখা উচিত বলে মন্তব্য করেন ইমরান।
সাম্প্রদায়িক উসকানি বন্ধ হোক
ইমরান আরও বলেন, ‘গণজাগরণ মঞ্চের আন্দোলনকে দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা হয়েছে। সেটায় ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা বলব এ ধরনের উসকানি বন্ধ করা হোক।’
গণজাগরণ মঞ্চ নাস্তিক নয়
গণজাগরণ মঞ্চকে নাস্তিক বলে চিহ্নিত করা প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমরা কোনো বিদ্বেষের রাজনীতি করি না। সব ধর্মের মানুষ এখানে আছেন।’
সমাবেশে মানুষের ঢল
রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, মতিঝিলের শাপলা চত্বর ও বাহাদুর শাহ পার্কের পর আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে যাত্রাবাড়ীতে শুরু হয় গণজাগরণ মঞ্চের পঞ্চম সমাবেশ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ গিয়ে জড়ো হন সেখানে। যাত্রাবাড়ীতে গণজাগরণ মঞ্চের সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সেখানকার মানুষের মিছিল।সমাবেশে সবচেয়ে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল শিক্ষার্থীদের। আশপাশের প্রায় সব এলাকা থেকে দলে দলে শিক্ষার্থী যোগ দিয়েছে সমাবেশে। শুধু শিক্ষার্থী নয়, ছিলেন নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণী-পেশার মানুষ। সমাবেশ শুরুর আগে চলে গণসংগীত। বিকেল চারটার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। পরে শুরু হয় বক্তৃতাপর্ব। গণসমাবেশ মঞ্চে বক্তব্য দেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল শিকদার, ছাত্র সংহতির সভাপতি মীর রেজাউল আলম, ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক সোহান সুবহান প্রমুখ। সমাবেশে উপস্থিত হন স্থানীয় সাংসদ সানজীদা খানম, হাবিবুর রহমান মোল্লা প্রমুখ। এ ছাড়া ছিলেন আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
জামায়াতের হুমকিতে আলেমসমাজ ভয় পায় না
সমাবেশে ছিলেন আলেমরাও। বক্তব্য দেওয়ার সময় মাওলানা হুসাইন আল মুজাদ্দিদী বলেন, জামায়াতের হুমকিতে আলেমসমাজ ভয় পায় না। তিনি বলেন, ‘জামায়াত অভিযোগ করেছে যে আলেমসমাজ দালালি করে। আলেমসমাজ যদি কারও দালালি করে, তাহলে মুক্তিযুদ্ধের দালালি করে, শহীদদের দালালি করে।’ তিনি বলেন, আল্লাহ যেন জামায়াতের বিচার করেন।
গণস্বাক্ষর চার লাখ ছাড়িয়েছে
শাহবাগের মিডিয়া সেন্টার থেকে আন্দোলনের সংগঠক দেলওয়ার তৌফিক জানান, সেখানে গণস্বাক্ষর চার লাখ ছাড়িয়েছে। পাশাপাশি সেখানে আজ গণজমায়েত হয়েছে বলেও জানান তিনি। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ। আজ সেই আন্দোলনের ২৯তম দিন। আন্দোলনকারীদের ছয় দফা দাবির সমর্থনে আজও সকাল থেকে শাহবাগে গণস্বাক্ষর সংগ্রহ চলছে।