মসজিদ তিন গম্বুজের স্মৃতি চার শতকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী হিসেবে ৪০০ বছর পার করেছে ঢাকা শহর। অষ্টাদশ শতকে ঢাকা ছিল পৃথিবীর সেরা শহরগুলোর মধ্যে দ্বাদশতম। মোগল আমলে ব্যবসা-বাণিজ্য, শিল্প-স্থাপত্যে ঢাকার ছিল স্বর্ণযুগ। সেসব এখন কেবল অতীতের নিষ্প্রভ স্মৃতিমাত্র। টিকে আছে জরাজীর্ণ কিছু দরদালান, কালের নীরব সাক্ষী হয়ে। তবে এই নীরবতা বাহ্যিক, মরমে তার গৌরবময় অতীতের সরব শিহরণ। মোগল আমলের প্রথম দিকের যেসব স্থাপত্যের নিদর্শন এখনো এ শহরের প্রাচীন ঐতিহ্যের পরিচয় বহন করছে, তার মধ্যে লালবাগের শাহ সুজার তিন গম্বুজ মসজিদ একটি। প্রায় পৌনে চার শ বছর হয়ে এল এই স্থাপনাটির বয়স। অন্যান্য মোগল স্থাপনার তুলনায় তিন গম্বুজ মসজিদটি এখনো বেশ ভালো অবস্থায় আছে এবং এতে এখনো নিয়মিত নামাজ আদায় করে থাকেন মুসল্লিরা। সামনেই মাহে রমজান। তারাবির নামাজ হবে। গতকাল সোমবার দেখা গেল বাড়তি জায়গার জন্য ত্রিপল দিয়ে মসজিদের সামনের অংশে ছাউনি তৈরির প্রস্তুতি চলছে।সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠপুত্র শাহ সুজা বাংলার সুবাদার ছিলেন ১৬৩৯ থেকে ১৬৬০ সাল পর্যন্ত। স্থাপত্যকর্মের প্রতি বিশেষ অনুরাগ ছিল তাঁর। যদিও ঢাকা থেকে তিনি মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন তবু ঢাকা ও আশপাশের এলাকায় বেশ কিছু স্থাপনা নির্মিত হয়েছিল তাঁর সময়ে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পুরোনো ঢাকার বড়কাটরা। সেটি এখন প্রায় ধ্বংসের পথে। শাহ সুজার আমলের অন্যান্য স্থাপনার মধ্যে আছে ধানমন্ডির শাহী ঈদগাহ এবং লালবাগের তিন গম্বুজ মসজিদ। এ ছাড়া কুমিল্লায় রয়েছে শাহ সুজা মসজিদ।লালবাগ কেল্লার পশ্চিম প্রান্তে এই মসজিদটি অবস্থিত। এ কারণে অনেকেই ভেবে থাকেন, কেল্লার নির্মাতা সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবাদার শাহজাদা আজমই কেল্লার সঙ্গে মসজিদটিও নির্মাণ করেছিলেন। কিন্তু মসজিদের ভেতরে পাওয়া দুটি শিলালিপি থেকে দেখা গেছে, শাহজাদা আজমের ঢাকায় আসার আগেই এটি নির্মিত হয়েছিল। নির্মাণের সময় ১০৫৯ হিজরি। এই শিলালিপি ও সুবাদার সুজার আমলে নির্মিত অপরাপর স্থাপনাগুলোর শৈলীর সঙ্গে তুলমামূলক পর্যবেক্ষণ করে ঐতিহাসিকেরা মত দিয়েছেন, শাহ সুজার আমলেই এটি নির্মিত হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লালবাগ কেল্লার পরিচিতি পুস্তিকাতেও বলা হয়েছে ‘মসজিদটি যে শাহ সুজার সুবেদারীর শেষ ভাগে নির্মিত হয়েছে সে সম্পর্কে কোনো সন্দেহ নেই।’শাহ সুজার সময় নির্মিত হলেও কেল্লার ভেতরে অবস্থিত বলে মসজিদটি এখন লালবাগ মসজিদ নামেই পরিচিত। কেল্লার উত্তর দিকের প্রাচীরের পশ্চিম অংশে মসজিদে প্রবেশের জন্য আলাদা দরজা আছে। নিচু লোহার গ্রিল দিয়ে কেল্লার মাঠ থেকে মসজিদকে আলাদা করা হয়েছে। উত্তর-দক্ষিণে মসজিদটি ৬৫ ফুট লম্বা এবং চওড়া ৩২.৫ ফুট। কেল্লার মাঠ থেকে মসজিদের ভিত্তি বেশ খানিকটা উঁচু। মোগল স্থাপত্যরীতি অনুসারে এর চার কোনায় রয়েছে আটকোণ বিশিষ্ট চারটি মিনার। মিনারগুলোর চূড়া ইট-সুরকির তৈরি ছোট আকারের নিরেট গম্বুজ শোভিত। ছাদের তিন গম্বুজের মাঝেরটি অন্য দুটির চেয়ে বড়। গম্বুজগুলোর বৈশিষ্ট্য হলো, এগুলোর গোড়া আটকোণ ড্রামের আকৃতি এবং পাতার নকশায় অলংকৃত। কুন্দ আকৃতির এই গম্বুজগুলো চূড়া সূক্ষ্ম নয়, কিছুটা স্থূল আকারে তৈরি।মসজিদে প্রবেশের জন্য আছে তিনটি দরজা, পূর্বদিকের দেওয়ালে। তিনটি দরজাই খিলানযুক্ত। মাঝেরটি প্রধান দরজা, অন্য দুটির চেয়ে অনেক বড়। এর দুই পাশের দেওয়াল সামনের দিকে খানিকটা বাড়ানো এবং মিনার শোভিত। শাহ সুজার এই তিন গম্বুজ মসজিদের বাহিরের দেয়াল পুরোটাই সুদৃশ্য প্যানেল ও মার্লেনের নকশাখচিত। ভেতরের মেহরাবের ওপরে রয়েছে একটি চার লাইনের ফারসি লিপি এবং দ্বিতীয় লিপিটি রয়েছে পূর্বদিকের দেয়ালে।কেল্লার ভারপ্রাপ্ত কাস্টডিয়ান নাসিমা শাহীন জানালেন, তিন গম্বুজ মসজিদের অবস্থা বেশ ভালো আছে। তবে এর প্রবেশপথের গ্রিলটি নিচু বলে প্রায়ই বখাটেরা এটি টপকে কেল্লার ভেতরে চলে যায়। গ্রিলটি আরও উঁচু করার প্রয়োজনীয়তার কথা বললেন তিনি।আসন্ন রমজান মাস উপলক্ষে তারাবি নামাজের জন্য বরাবরের মতো এবারও অস্থায়ী ছাউনি করা হচ্ছে। তবে এতে মসজিদের মূল স্থাপনার কোনো ক্ষতি হবে না। রমজান মাস উপলক্ষে কেল্লা পরিদর্শনের সময়সূচিও পরিবর্তন করা হচ্ছে। রমজান মাসে সকাল দশটা থেকে বিকেল চারটা এবং শুক্রবার বেলা দুইটা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক বন্ধ রোববার। লালবাগের কেল্লা ও শাহ সুজার তিন গম্বুজ মসজিদটি আমাদের দেশের এক অমূল্য প্রত্নসম্পদ। ঢাকার প্রাচীনত্ব এবং এর ঐতিহ্যের স্মারক এই স্থাপনাটির সংরক্ষণে সবার সচেষ্ট থাকা উচিত।