মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা
মোগল সাম্রাজ্যের মহামান্য শাহানশাহ্র সুযোগ্য সিপাহসালার ও বঙ্গদেশের সুবাদার ইসলাম খান চিশতি ঢাকাকে রাজধানী হিসেবে এলান করায় ঢাকায় আনন্দের ঢল নেমেছে। উঁচু-নিচু সর্বস্তরের মানুষ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। মোগল সাম্রাজ্যের সমৃদ্ধি এবং শাহানশাহ্ নূরুদ্দীন মুহাম্মদ জাহাঙ্গীর ও ইসলাম খানের দীর্ঘায়ু কামনা করে গত জুমার নামাজের পর ঢাকার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ প্রার্থনাসভা ছিল মন্দিরগুলোতেও। মসজিদ-মন্দিরে ছিল আনন্দবহ পরিবেশ। মোনাজাত ও প্রার্থনাসভায় ঢাকার আশরাফ শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার প্রধান ব্যক্তি, স্থানীয় বণিক, মৌলবি-পুরোহিতসহ সর্বস্তরের লোকজন সমবেত হয়।বিনাত বিবির মসজিদে জুমার নামাজের আগে খুতবায় ইমাম সাহেব বলেন, বাংলার ওপর আল্লাহপাকের অশেষ রহমত নাজিল হয়েছে। আল্লাহর অপার রহমতে রাজমহলের বদলে এখন ঢাকা সুবা বাংলার রাজধানী। বিশেষ মোনাজাতে অংশ নিতে আশপাশের এলাকার মুসল্লিরা যেমন এসেছিলেন, তেমনই দূরবর্তী এলাকাগুলো থেকেও এসেছিল অনেক মানুষ। মৈশুণ্ডির লোক যেমন ছিল, তেমনি ছিল নারায়ণদিয়া বা নারিন্দার বাসিন্দাও। এত মুসল্লির সমাগমে মসজিদের প্রবেশপথে টুপি, তসবিহ, আতর ও গোলাপজলের বিক্রি বেড়ে যায় কয়েক গুণ।মোনাজাতের পর কথা হলো গফুর মিয়ার সঙ্গে। তিনি এসেছেন কলতাবাজার থেকে। তাঁকে বিশেষ আনন্দিত দেখাচ্ছিল। কথা বলে জানা গেল, সকালে দোলাই নদীর তীরে তিনি চার টুকরি বেগুন, ঢ্যাঁড়স, বরবটি, চিচিঙ্গা প্রভৃতি সবজি নিয়ে বসেছিলেন। তাঁর সব সবজি অবিশ্বাস্য কম সময়ে বিক্রি তো হয়েছেই, দামও পাওয়া গেছে ভালো। ভিনদেশি ও ভিন্ন ভাষার তিন-চারজন লোক কোনো দরাদরি না করেই একসঙ্গে তাঁর দুই টুকরি সবজি কিনে নিয়ে গেছে। দোলাই খালের ওপারে অনেক দূর থেকেও লোকজন নদী পেরোচ্ছে। তারাও বেশ কেনাকাটা করেছে। পচা মিয়ার আশা, ব্যবসাপাতি এখন বেশ ভালো জমবে। গতকাল বিশেষ প্রার্থনাসভা ছিল ঢাকেশ্বরী মন্দিরেও। বহুদূর থেকেও শোনা গেছে মঙ্গলশাঁখ ও ঢাকবাদ্যের আনন্দধ্বনি। মন্দির প্রাঙ্গণে বসেছিল বিশেষ মেলা। খই-বাতাসা-মুড়কির পাশাপাশি মন্দিরের বাইরে স্বতঃস্ফূর্তভাবে বসেছিল আলতা, চুড়ি, সিঁদুর ইত্যাদির দোকানি। প্রার্থনাসভায় যোগ দিতে আসা মানুষের মধ্যে ছিল দারুণ আনন্দ-উত্তেজনা।মন্দিরের বাইরে এক মহিলার সঙ্গে কথা হলো। দুই ছেলেমেয়েকে দুই হাতে ধরে তিনি এসেছেন গেন্ডারিয়া থেকে। নাম শান্তি দাসী। বয়স ৪৩ বছর হলেও তাঁকে মোটেই বৃদ্ধার মতো দেখাচ্ছিল না। দুই ছেলেমেয়ের চেয়ে তাঁর উত্তেজনা আরও অনেক বেশি। এই প্রতিবেদকের এক প্রশ্নের উত্তরে তিনি ঠোঁট বাঁকিয়ে বললেন, ‘কিসের আবার সোনারগাঁও? ঢাকার সামনে ওর কোনো পাত্তা থাকবে?’