মসজিদুল হারামে লাখো মুসল্লির জুমা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ পালন করতে মক্কায় সমবেত হওয়া সারা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মসজিদুল হারামে গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন। পবিত্র হজের আগে এটিই সম্ভবত শেষ জুমা হতে পারে।সারা বিশ্ব থেকে আসা লাখ লাখ হজযাত্রী আজ শনিবার থেকে মিনায় যাচ্ছেন। হজের অংশ হিসেবে তাঁরা সেখানে পাঁচ দিন থাকবেন।জুমায় কাবা শরিফ, মাতাফ (তাওয়াফের স্থান), বেজমেন্ট, নিচতলা, একতলা, দোতলা, ছাদ, আশপাশের রাস্তা—সব ছিল কানায় কানায় পূর্ণ। জুমার নামাজ আদায় করতে সকাল ১০টা থেকেই লাখ লাখ মুসল্লি মসজিদুল হারামে আসতে থাকেন।জুমার নামাজের তিন ঘণ্টা আগেই মসজিদুল হারামের চারপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইমামের খুতবা শোনার জন্য মসজিদের বাইরেও ছিল পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেম। মুসল্লিদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রতিটি পথে পুলিশ তল্লাশি চালায়।কাবা শরিফে জুমার নামাজ আদায়ের পর ঢাকার ইস্টার্ন প্লাজার ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে বড় জামাতে জুমার নামাজ আদায় করলাম। এত বড় জামাতে শরিক হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’ মক্কায় কড়া নিরাপত্তাব্যবস্থা: হজ উপলক্ষে মক্কার চারপাশ ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এখন মক্কায় ঢুকতে পাসপোর্ট অথবা আকামা (কাজের অনুমতিপত্র) দেখাতে হয়। কাবা শরিফের ভেতর ও বাইরে অসংখ্য ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও নিরাপত্তা যন্ত্রপাতি বসানো হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন মসজিদে ঢোকার পথে এবং ভেতরে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন।এদিকে গতকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৯৪ হাজার ৫৪৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।