মসজিদুল হারামের বাইরের চত্বর হয়ে ওঠে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কাবা শরিফের (মসজিদুল হারাম) বাইরে চারদিকে প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে মেঝেতে মার্বেল আর গ্রানাইট পাথর বসানো। মসজিদুল হারামের ভেতরে স্থানসংকুলান না হলে মুসল্লিরা যাতে এই চত্বরে নামাজ আদায় করতে পারেন, তাই এ ব্যবস্থা। এখন বিকেলের পর থেকে এই চত্বর হয়ে ওঠে পবিত্র হজ পালনে বিভিন্ন দেশ থেকে আসা মানুষের মিলনমেলা। তাঁদের কেউ চত্বরে বসে থাকেন, কেউ খাবার খান, কেউ বা সঙ্গে থাকা পাত্র বা বোতলে জমজমের পানি ভরে নেন। শিশুরা ব্যস্ত থাকে খেলায়। যাঁরা কেনাকাটা করেন (মালামাল হাতে মসজিদে প্রবেশ করা যায় না), তাঁরা এই চত্বরে নামাজ আদায় করেন।ওই চত্বরে কথা হয় ইন্দোনেশিয়া থেকে আসা ইকা ও তাঁর স্ত্রী রাতুর সঙ্গে। তাঁরা জানান, ইন্দোনেশিয়ার ভাষায় ইকা অর্থ প্রথম সন্তান আর রাতু অর্থ রানি। ইকা ২০০৮ সালে পবিত্র হজ পালন করেছেন। বিয়ের পর এবার স্ত্রীকে নিয়ে এসেছেন। ইকা বললেন, ‘আমাদের দেশের পুরুষের পাশাপাশি নারীরাও কম বয়সে পবিত্র হজ পালন করেন। ঢাকা খুব বড় শহর, আমি গিয়েছি।’ বাংলাদেশ থেকে এবার ৯৩ হাজারের বেশি মানুষ হজ পালন করতে আসছেন জানালে বেশ অবাক হন তাঁরা। ইকার প্রশ্ন, ‘আপনাদের দেশ থেকে হজ প্যাকেজে খরচ কত?’ বললাম, ‘তিন হাজার মার্কিন ডলার।’ তাঁরা বললেন, তাঁদের প্যাকেজে ৪০ দিন সৌদি আরবে থাকা-খাওয়া, ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবের উড়োজাহাজের টিকিট (১৩ ঘণ্টা বিমানযাত্রা), জেদ্দায় পৌঁছে এক দিন হোটেলে থাকা, আরও অনেক সুযোগ-সুবিধা থাকে।চত্বরের পাশে একাধিক জারে জমজমের পানি রাখা আছে। এই পানি নিতে অর্থ লাগে না। পাকিস্তানি এক স্কুলশিক্ষককে দেখা গেল, বোতলে জমজমের পানি ভরছেন। সৌদি আরবে প্রতি লিটার পানির দাম এক রিয়াল, আর এক রিয়ালে পাওয়া যায় তিন লিটার পেট্রল।হাজিরা সাধারণত আসরের নামাজের আগে বাড়ি থেকে বের হন। বাড়ি ফেরেন এশার নামাজ আদায় করে। বিকেলে ওই চত্বরে বসেই অনেকে হালকা নাশতা করেন। আজান হলে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে যান। বিভিন্ন দেশের, নানা বর্ণ ও নানা ভাষার লোক এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মুসল্লিরা পাশেরজনের সঙ্গে করমর্দন করেন। তুরস্ক থেকে আসা ব্যক্তিরা নামাজ শেষে যান স্যাপকো বাসস্ট্যান্ডের উদ্দেশে। তাঁরা যাওয়া-আসা করেন বাসে। প্রবাসী বাংলাদেশিদের অনেকে কাজ শেষে মাগরিব ও এশার নামাজ আদায় করেন এখানে। তাঁদের কেউ কেউ দেশ থেকে আসা হাজিদের সঙ্গে দেখা করেন। নিজ জেলার লোক পেলে আপ্যায়নও করান।মোয়াচ্ছাসা সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে আগত সব হজযাত্রী বারকোড পেয়েছেন। প্রতিদিন হজ বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় এই ঠিকানায় www.hajj.gov.bd|