জামায়াতে ইসলামীর অপপ্রচার থেকে ধর্মপ্রাণ মুসলমানদের সচেতন করতে দেশের প্রতিটি মসজিদে জামায়াতবিরোধী মঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন ইসলামি দলের নেতারা। এ সময় তাঁরা কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ারও জোর দাবি জানান। আজ বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের সঙ্গে মতবিনিময় সভায় ইসলামি দলের নেতারা এ ঘোষণা দেন। সারা দেশে জামায়াতের তাণ্ডব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে বিভিন্ন শ্রেণী-পেশার ও ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট, আওয়ামী ওলামা লীগসহ দেশের বিশিষ্ট আলেম, ওলামা, মাশায়েক ও ইসলামী চিন্তাবিদেরা অংশ নেন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মনিরুজ্জামান রাব্বানী বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য অপপ্রচার চালিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে জামায়াত। তাই ইসলামের সম্মান রক্ষার জন্য দেশের সব ধর্মপ্রাণ মুসলমানকে যেকোনো মূল্যে জামায়াতের এসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি যুদ্ধাপরাধের জন্য ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহম্মদ আবদুল জাহের ও জামায়াতের নেতা আবদুর রাজ্জাককে অবিলম্বে গ্রেপ্তার করতে সরকারের প্রতি আহ্বান জানান। ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, নবী-রাসুলের (সা.) ইসলামে নয়, মওদুদীর ইসলামে বিশ্বাস করে জামায়াত। জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য অপপ্রচার চালিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছে। জামায়াতের ইসলামবিরোধী কার্যক্রম সম্পর্কে ধর্মপ্রাণ সরল মনের মুসলমানদের সচেতন করে তুলতে সারা দেশে সমাবেশসহ ঢাকায় মহাসমাবেশ করার পরামর্শ দিয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। তিনি চাঁদে সাঈদীর ছবির প্রসঙ্গ টেনে বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে রাজপথে নামাতেই তারা এই কাজ করেছে।১৪ দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণআজাদী লীগের সভাপতি আবদুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।