মসজিদে মসজিদে চলছে ইবাদত
পবিত্র শবে বরাতের মহিমান্বিত রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হতে শুরু করেছেন মসজিদে মসজিদে। যাপিত জীবনের সব ভুল-ভ্রান্তির জন্য অনুতাপের সঙ্গে মহান আল্লাহতাআলার দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করছেন মুসল্লিরা। নফল নামাজ, জিকির-আজকার, পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠের মধ্য দিয়ে পরম করুণাময়ের রহমত কামনা করছেন। মসজিদগুলোতে চলছে বিশেষ মোনাজাত, জিকির-আজকার, মিলাদ-মাহফিল। অনেকে সারা রাতই কাটাবেন মসজিদে। অনেকে নিজের বাড়িতে নফল ইবাদত-বন্দেগি করছেন। সারারাত ইবাদতের পরে শেষরাতে সেহেরি খেয়ে পরের দিন নফল রোজা রাখবেন অনেক মুসল্লি। আজ প্রত্যেক মুসলমানের ঘরে সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তৈরি হয়েছে ভালো খাবার, নানা রকম মুখরোচক হালুয়া, রুটি, পায়েস ও মাংস। ঘরে তৈরি এসব খাবার আত্মীয়স্বজনের বাড়িতে পাঠানো হচ্ছে, বিতরণ করা হচ্ছে গরিব-দুঃখীর মধ্যে। মহিমান্বিত এই রাতে অনেকেই করছেন দান-খয়রাত।মসজিদে মুসল্লিরা প্রয়াত পিতা-মাতা, আত্মীয়স্বজনসহ চিরবিদায় নেওয়া সব মুসলিম নর-নারীর রুহের মাগফিরাত কামনা করছেন। দেশ ও দশের কল্যাণ এবং বিশ্বশান্তিও কামনা করছেন অনেকে। সারারাত ধরেই চলবে এই ইবাদত।