পবিত্র রমজান মাসে প্রতিদিন ইফতারের আগে মসজিদের ওপর ভিত্তি করে বিটিভি ও মাছরাঙা টিভিতে দুটি তথ্যচিত্র প্রচারিত হচ্ছে। বিটিভিতে বাংলার মসজিদ আর মাছরাঙা টিভিতে মসজিদের ইতিকথা। দুটি তথ্যচিত্রের পরিকল্পনা ও পরিচালনা করেছেন শাকুর মজিদ। কথা হলো তাঁর সঙ্গে।‘বাংলার মসজিদ’ ও ‘মসজিদের ইতিকথা’ অনুষ্ঠান দুটির ব্যাপারে জানতে চাচ্ছি।বাংলার মসজিদ অনুষ্ঠানে প্রায় ৭০০ বছরের বিভিন্ন সময়ের মসজিদের ইতিহাস তুলে ধরা হয়েছে। ১৩৯৭ সাল থেকে শুরু করে বায়তুল মোকাররম মসজিদ পর্যন্ত সময়কালের মধ্যে রয়েছে সুলতানি আমল, প্রাক-মোগল আমল, মোগল আমল, ব্রিটিশ পর্ব এবং স্বাধীনতা-পূর্ব সময়। আর ১৪০০ বছরের মসজিদের ইতিহাস নিয়ে তৈরি করেছি মসজিদের ইতিকথা। দুটি অনুষ্ঠানেই মসজিদের স্থাপত্যকে গুরুত্ব দিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে মসজিদের স্থাপত্যে যে পরিবর্তন এসেছে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।মসজিদের স্থাপত্য নিয়ে তথ্যচিত্র তৈরিতে আগ্রহী হলেন কেন?এ দিকটি নিয়ে খুব বেশি কাজ হয়নি। আর আমি নিজে একজন স্থপতি। তাই স্থাপত্যের দিকটি আমি যথাযথভাবে উপস্থাপন করতে পারব—সেই আত্মবিশ্বাস থেকেই বছর দুয়েক আগে কাজ শুরু করি। বাংলার মসজিদ তথ্যচিত্রের কাজটা এ বছরই শুরু করেছি। আমাদের এই অঞ্চলের মসজিদের স্থাপত্যের যে একটা ঐতিহ্য আছে, এটা কিন্তু অনেকেই জানেন না। সেই সমৃদ্ধ ইতিহাস সবার সামনে তুলে ধরার জন্যই কাজটি করছি।মাছরাঙা টিভিতে আপনার তৈরি একটা ট্রাভেল শো দেখলাম।ওটার নাম ‘দূরদেশ’। প্রতি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হচ্ছে। শুরুতেই থাকছে আন্দামান দ্বীপপুঞ্জ। এরপর মালয়েশিয়া ও শ্রীলঙ্কা নিয়ে আরও কয়েকটি পর্ব দেখানো হবে। এখন কাজ করছি পোল্যান্ড নিয়ে।বিটিভির ‘ইতিহাসের শহরে’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।প্রতি রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হয় অনুষ্ঠানটি। এ পর্যন্ত ছয়টি পর্ব দেখানো হয়েছে। বিশ্বের ঐতিহাসিক শহরগুলোর ইতিহাস তুলে ধরছি। নিজের কাজের ফাঁকে যখনই সময় পাই, তখনই তথ্যচিত্র তৈরির কাজে নেমে পড়ি।