মসজিদের গায়ে ঢাকার ইতিহাস
মোগল শাসকদের সুবাদে সতেরো শতকে রাজধানী শহর হিসেবে ঢাকার গোড়াপত্তন। এর আগে কেমন ছিল ঢাকা, তার আঁচ পাওয়া যায় সুলতানি আমলের কিছু স্থাপনা থেকে। এর মধ্যে আছে দু-একটি মসজিদ। তবে মোগল আমলেই ঢাকা মসজিদের নগরে পরিণত হয়। তার সাক্ষ্য বহন করে এখনো দাঁড়িয়ে আছে একাধিক মোগল মসজিদ। কোনো কোনো মসজিদের ভবন এখনো অক্ষত, কোনোটার ভবন আমূল পাল্টে গেছে। গত সংখ্যায় ছাপা হয়েছিল এ ধরনের ১০টি মসজিদের পরিচিতি। আজ ছাপা হলো সুলতানি আমলের একটি এবং মোগল আমলের আটটি মসজিদের পরিচিতি। লেখা: মিল্লাত হোসেন, কাওছার শাকিল ও আজহার হোসেনসাতগম্বুজ মসজিদসাতমসজিদ রোডের সাতগম্বুজ মসজিদ শায়েস্তাখানীয় স্থাপত্যশৈলী নিয়ে দাঁড়িয়ে আছে। এটি মূলত তিনগম্বুজের মসজিদ। সপ্তদশ শতাব্দীর শেষার্ধে নির্মিত এই মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার। এগুলো ছাদের বদলে ভূমি থেকে বেড়ে ওঠা নিজস্ব ভিত্তির ওপর রয়েছে। উচ্চতায় এগুলো গম্বুজগুলোর সমান। তাই দূর থেকে মসজিদটিকে সাতগম্বুজের মতো মনে হয়। ঢাকার ইতিহাস গ্রন্থে যতীন্দ্রমোহন রায় লিখেছেন, নওয়াব আবদুল গণি এই মসজিদটি সংস্কার করেছেন। একসময় এই মসজিদের দক্ষিণ পাশেই ছিল বুড়িগঙ্গা নদী। এখন নদী চলে গেছে কয়েক কিলোমিটার দক্ষিণে।হাজি আম্বর শাহ মসজিদকাজী নজরুল ইসলাম এভিনিউয়ের পাতালপথ (কারওয়ান বাজার প্রান্ত) থেকে বের হলেই চোখে পড়ে একটি মসজিদ। এটি হাজি আম্বর শাহ মসজিদ। মসজিদের আদি ভবনের সামনের দিকটা খালি। তবে অন্যান্য পাশে করা হয়েছে বহুতল ভবন। এমনকি মসজিদের গা ঘেঁষেই করা হয়েছে এর সম্প্রসারিত ভবন, যা মসজিদ, মাদ্রাসা ও মার্কেট হিসেবে ব্যবহূত হচ্ছে। ফলে মসজিদটির আদি সৌন্দর্য ঢাকা পড়ে গেছে। ১৬৭৯ খ্রিষ্টাব্দে এটি নির্মিত হয়। শায়েস্তা খানের অনুচর মালিক আম্বর এর নির্মাতা।আল্লাকুরী মসজিদমোহাম্মদপুর কাটাসুরে মোগল আমলের ছোট্ট একটি মসজিদের কথা জানা যায়। ১৬৮০ খ্রিষ্টাব্দে নির্মিত এই মসজিদের ভবনে ছিল একটিমাত্র গম্বুজ। এতে শায়েস্তাখানি স্থাপত্য ছিল বলে সৈয়দ মাহমুদুল হাসানের বিবরণ থেকে জানা যায়। কাটাসুর এলাকায় এখন আর এমন মসজিদ নেই। তবে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের পাশে আল্লাহ করিম জামে মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। ১৯ বছর আগে এর আদি ভবনটি ভাঙা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা দাবি করেন, এটি কাটাসুর এলাকার মোগল আমলের মসজিদের উত্তরসূরি।শাহ আলী বাগদাদি (রহ.) মাজার মসজিদসুবা বাংলার রাজধানী হওয়ার আগে ঢাকায় অন্তত তিনটি মসজিদ ছিল। এগুলো হচ্ছে বিনত বিবির মসজিদ (১৪৫৭ খ্রিষ্টাব্দ), নাসাওয়ালা গলির মসজিদ (১৪৫৮ খ্রিষ্টাব্দ) ও মিরপুর দরগাহ মসজিদ (১৪৮০ খ্রিষ্টাব্দ)। ঢাকা কেল্লার (বর্তমান কেন্দ্রীয় কারাগার) পাশে থাকা নাসাওয়ালা গলির মসজিদটি ১৮৯৭ খ্রিষ্টাব্দের ভূমিকম্পে নিশ্চিহ্ন হয়ে গেছে। আদি ভবন পরিবর্তিত হলেও এখনো টিকে আছে বিনত বিবির মসজিদ ও মিরপুর দরগাহ মসজিদ। মিরপুর দরগাহ মসজিদের এখনকার কেতাবি নাম শাহ আলী বাগদাদি (রহ.) মাজার শরিফ মসজিদ। মুনিশ রহমান আলী তায়েশের তাওয়ারিখে ঢাকা গ্রন্থ থেকে জানা যায়, মসজিদের আদি ভবন নির্মিত হয়েছিল ১৪৮০ খ্রিষ্টাব্দে। ইসলাম প্রচারের একপর্যায়ে ফরিদপুরের গিদ্দা থেকে এসে হজরত শাহ আলী বাগদাদি (রহ.) এই মসজিদে অবস্থান নেন। ১৫৭৭ খ্রিষ্টাব্দে তিনি এখানেই মৃত্যুবরণ করেন। এই মসজিদের ভেতরেই তাঁকে দাফন করা হয়। হজরত শাহ আলী (রহ.)-এর মৃত্যুর পর দুই শতাধিক বছর তাঁর মাজার জনশূন্য ছিল। ১৮০৬ খ্রিষ্টাব্দে মগবাজারের হজরত শাহ মুহাম্মদি এই মাজার নতুনভাবে মেরামত করেন। তার পর থেকে এখানে লোকসমাগম বাড়তে থাকে। এখন মাজারের উত্তর-পূর্ব প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল মসজিদ ভবন। এর মিনারের নকশা সাদামাটা হলেও উচ্চতার কারণে এটি সবার দৃষ্টি আকর্ষণ করে।আল আরাফা জামে মসজিদনব রায় লেনের ৪ নম্বর হোল্ডিংয়ে দাঁড়িয়ে আছে আল আরাফা জামে মসজিদ। রঙিন টাইলসে মোড়া একটি মেহরাব আছে এতে। চারতলা ভবনের এই মসজিদ সম্পর্কে স্থানীয় বাসিন্দা সামিউল্লাহ জানান, এর আদি ভবন এক যুগ আগে ভেঙে নতুন ভবন করা হয়েছে। নব রায় লেনের এ মসজিদটি সপ্তদশ শতকের প্রথম ভাগে (শায়েস্তা খান সুবাদার হওয়ার আগে) নির্মিত হয়েছে বলে উল্লেখ করেছেন সৈয়দ মাহমুদুল হাসান। ঐতিহাসিক ঢাকা মহানগরী: বিবর্তন ও সম্ভাবনা গ্রন্থে (সম্পাদনা ইফতিখার-উল-আউয়াল) তিনি বলেছেন, আদি মসজিদের ভবন বর্গাকার ছিল। উঁচু ভিত্তির ওপর দাঁড়িয়ে ছিল ভবনটি। তবে মসজিদের নাম কী ছিল, তা লেখেননি সৈয়দ মাহমুদুল হাসান।মুসা খানের মসজিদঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সর্বপ্রাচীন ইমারতের মধ্যে অন্যতম হচ্ছে মুসা খানের মসজিদ। অষ্টাদশ শতকে এটি নির্মিত হয়। এর নামকরণ করা হয়েছে ঈসা খানের পুত্র মুসা খানের নামে। এর নির্মাতা মুসা খানের পুত্র মনওয়ার খান বলে উল্লেখ করেছেন সৈয়দ মাহমুদুল হাসান। তিন গম্বুজের মসজিদটি দাঁড়িয়ে আছে উঁচু ভিত্তির ওপর।নওয়াব শায়েস্তা খানের মসজিদমোগল শাসকদের মধ্যে সুবাদার শায়েস্তা খানই ঢাকায় সবচেয়ে বেশি ইমারত তৈরি করেন। এর মধ্যে রয়েছে একাধিক মসজিদ। মুনিশ রহমান আলী তায়েশের মতে, বাবুবাজার এলাকার নওয়াব শায়েস্তা খান মসজিদ হচ্ছে শায়েস্তা খানের তৈরি প্রথম মসজিদ। ১৬৬৪ খ্রিষ্টাব্দে তাঁর বাড়ি ও এর পাশেই মসজিদটি নির্মাণ করা হয়। এর সেই কাঠামো এখনো টিকে আছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) নারী ইন্টার্ন চিকিৎসকদের আবাসিক ভবনের পাশেই দাঁড়িয়ে আছে এটি। সম্প্র্রতি এর ভবনের পলেস্তারা তুলে নতুন করে তা করা হচ্ছে। নতুন করে রং করা হয়েছে। অথচ এটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তালিকায় থাকা একটি সংরক্ষিত পুরাকীর্তি। মসজিদ কমিটি রাজউকের পুরাকীর্তির তালিকা ফটকে টানিয়ে রেখেছে। মসজিদের মেহরাবের পাশে একটি প্লাস্টিকের পাত্রে আদি মসজিদের খসে পড়া একখণ্ড ইট আর চুন-সুরকির কিছু নমুনাও রেখে দিয়েছে তারা। মসজিদের প্রথম নির্মাণফলকটি মসজিদের দোতলার দেয়ালে এখনো রয়েছে।ভূঁইয়াপাড়া জামে মসজিদবেরাইদের ভূঁইয়াপাড়া জামে মসজিদটি মোগল আমলে নির্মিত বলে স্থানীয় বাসিন্দারা জানান। ভূঁইয়াপাড়া মসজিদটি নাদু ভূঁইয়ার জায়গার ওপর গড়ে উঠেছে। বংশপরম্পরায় স্থানীয় ভূঁইয়া বংশের লোকেরা দেখাশোনা করছেন এক গম্বুজের এই মসজিদটি। ভূঁইয়াপাড়ার বাসিন্দা এমদাদ হোসেন ভূইয়া জানান, ঐতিহ্য ধরে রাখতে তাঁরা আদি ভবনটি সংরক্ষণ করছেন। মসজিদের ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও রাজউকের পুরাকীর্তির তালিকায় ঠাঁই পেয়েছে। হাজি খাজা শাহবাজের মসজিদনগরে যেসব মোগল মসজিদের ভবন অক্ষত অবস্থায় টিকে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে খাজা শাহবাজের মসজিদ। সৈয়দ মাহমুদুল হাসানের বাংলাদেশের মসজিদ গ্রন্থ থেকে জানা যায়, ১৬৭৯ খ্রিষ্টাব্দে এটি নির্মাণ করেন খাজা শাহবাজ। তিনি ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী (মালিক-উত-তুজ্জার)। সোহরাওয়ার্দী উদ্যানের এক প্রান্তে তিন নেতার সমাধির পাশেই রয়েছে তিন গম্বুজের এই মসজিদ। এটি আছে নগরের পুরার্কীতির তালিকায়। তাই শাহবাগ মোড়েই একটি সাইনবোর্ড টাঙিয়ে মসজিদটি দেখার জন্য ঐতিহ্যপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।