মসজিদের চাল আত্মসাৎ করেছেন আ.লীগ নেতা!
মসজিদের নামে চাল তুলে আত্মসাৎ করেছেন আওয়ামী লীগের নেতা। কাজ না করে চাল আত্মসাৎ করায় স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লামচরি গ্রামের আবদুল্লাহ জামে মসজিদের জন্য টিআরের এক টন চাল বরাদ্দ করা হয়। মসজিদ কমিটিকে অবহিত না করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল প্যাদা এই চাল উত্তোলন করেন। তিনি ওই চাল বিক্রি করে মসজিদের কাজে কোনো টাকা ব্যবহার করেননি। এ ব্যাপারে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সেকান্দার আলী মল্লিক ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদের কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউএনও মসজিদের উন্নয়ন করার জন্য ইসমাইল প্যাদাকে সময় বেঁধে দেন। ওই সময় পার হওয়ার পর সমুদয় অর্থ ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন ইউএনও। মসজিদের কোষাধ্যক্ষ সেকান্দার আলী মল্লিক বলেন, ‘২৫ ফেব্রুয়ারি মসজিদের নামে চাল উত্তোলন করা হয়। সেই চাল মসজিদ কমিটির কাউকে না জানিয়ে ইসমাইল প্যাদা নিজে তুলে নেন। এ সংবাদ পেয়ে আমি ১৩ মে ইউপি চেয়ারম্যান, ইউএনও, জেলা প্রশাসক, র্যাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করি। আমার দরখাস্ত অনুযায়ী ১৫ মে ইউএনও তদন্ত করে সত্যতা পেয়েছেন। এখন ইসমাইল প্যাদা আমাকে নিয়ে বসে সমঝোতা করার চেষ্টা চালাচ্ছেন।’মসজিদের মুসল্লি ওমর আলী বলেন, ‘ইসমাইল প্যাদা মসজিদের নামে চাল উত্তোলন করে এক পয়সার কাজও করেননি। ইসমাইল অশিক্ষিত ও সন্ত্রাসী। তাঁর ভয়ে এলাকাবাসী আতঙ্কিত। তাই কেউ কিছু বলতে সাহস পান না। ৩০ এপ্রিলের মধ্যে কাজ করে তার একটি কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার কথা থাকলেও কাজ না করায় তাও দেননি।’চরবাড়িয়া ইউপির চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, ‘মসজিদ কমিটি আমার কাছে একটি অভিযোগপত্র দাখিল করেছিল। আমি প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছি। পরে বিষয়টি ইউএনওকে অবহিত করি। ইউএনও তদন্ত করলে ইসমাইল প্যাদা তাঁকে লাঞ্ছিত করেন।’এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগের নেতা ইসমাইল প্যাদার মুঠোফোনে বহুবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।ইউএনও শেখ ফরিদ প্রথম আলোকে বলেন, ‘তদন্তে প্রমাণিত হয়েছে, ইসমাইল প্যাদা কাজ না করে চাল আত্মসাৎ করেছেন। পরে মসজিদের উন্নয়নের জন্য তাঁকে সময় দেওয়া হলেও সে সময় অতিবাহিত হয়েছে। এখন চাল বিক্রির টাকা ফেরত দেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে চাল বা টাকা ফেরত না দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ ইসমাইল প্যাদা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন বলেও তিনি স্বীকার করেন।