মসজিদের মাইকে আর যেন অপপ্রচার না চলে: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফটিকছড়ির ঘটনা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, মসজিদের মাইক ব্যবহার করে কেউ যেন অপপ্রচার চলতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি দলের কর্মীদের মসজিদ ও মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান, যাতে করে কেউ এর অপব্যবহার করতে না পারে। ইউএনবির খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার গণভবনে পটুয়াখালী আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন শেখ হাসিনা। শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, দুষ্কৃতকারীরা যেন আর ফটিকছড়ির মতো ঘটনা ঘটাতে না পারে। মাদ্রাসার ছাত্রদের এ ধরনের কাজে যেন আর ব্যবহার করতে না পারে। তিনি বলেন, ‘সবাই একসঙ্গে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না।’ শেখ হাসিনা বলেন, ‘ফটিকছড়িতে আওয়ামী লীগের কর্মীদের ওপর যেভাবে হামলা চলেছে, তা ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর চালানো বর্বর অত্যাচারের কথা মনে করিয়ে দেয়।’ তিনি বলেন, মসজিদের যে মাইকে নামাজ পড়ার জন্য মুসলমানদের ডাকা হয়, সেই মাইকে মিথ্যা তথ্য দিয়েছে বিরোধীরা। তারা গ্রামের সরল লোকদের উস্কানি দিয়েছে। তারা শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিষ্ঠুরভাবে মারধর করেছে। শেখ হাসিনা আরও অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট শুধু ধ্বংস করতে চায়, গড়তে চায় না। তারা পরাজিত শক্তিকে আবারও ক্ষমতায় আনতে চায়।