মসজিদের মিনার ভেঙে মরক্কোয় ৩৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরক্কোর মেকনেস শহরে গতকাল শুক্রবার একটি মসজিদের মিনার ভেঙে ৩৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ৭১ জন। গতকাল জুমার নামাজের সময় অষ্টাদশ শতকে নির্মিত ঐতিহ্যবাহী বাব বারদিয়েন মসজিদের মিনার ভেঙে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন।স্থানীয় এক ব্যক্তির বরাত দিয়ে টাইমস অনলাইন জানায়, মসজিদের মিনার ও ছাদের কিছু অংশ নামাজে অংশ নিতে আসা সমবেত মুসল্লির ওপর ধসে পড়ে। এ ঘটনায় আহত এক মুসল্লি জানান, জুমার নামাজ পড়তে আসা মুসল্লিরা ছাড়াও একজন মৃত ব্যক্তির জানাজায় অংশ নিতে আসা লোকজনে মসজিদে তিল ধারণের ঠাঁই ছিল না। মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে মিনারটি ধসে পড়ে। আর চারপাশে উঁচু দেয়াল থাকায় প্রথম দিকে উদ্ধারকাজ ব্যাহত হয়। দুর্ঘটনায় যারা সামান্য আহত হয় তাদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের ৬০ কিলোমিটার দূরে ফেজ নগরে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। স্বরাষ্ট্র ও ধর্মমন্ত্রী উদ্ধার কাজ তদারকি করছেন। মেকনেস শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত।