মসলার কলে ঈদের ভিড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কিছু দরকার না হলেও খাবারের স্বাদ আর ঘ্রাণ বাড়াতে মসলার জুড়ি নেই। এককালে শিলপাটায় পিষেই মসলা মিহি করা হতো। এখন হেঁশেলে তো শিলপাটার দেখাই মেলে না। এরপর এল কলে ভাঙানো মসলার কাল। সময়ের বিবর্তনে এখন পাওয়া যায় প্যাকেটজাত মসলা। তবে এখনো অনেকেই আছেন, যাঁরা আস্ত মরিচ, হলুদ কিনে নিয়ে কলে ভাঙিয়ে আনেন। ধান, গম ভাঙানো হয় যেখানে, সেখানেই সাধারণত মসলা ভাঙানোর ব্যবস্থা থাকে।সামনে ঈদুল আজহা। তাই নগরের মসলার কলগুলোতে ভিড় কিছুটা বেশি। শুক্রাবাদের আলম ফ্লাওয়ার মিলে হলুদ আর মরিচ ভাঙাতে এসেছেন ধানমন্ডির ২৭ নম্বর সড়কের বাসিন্দা নিশাদ চৌধুরী। তিনি বললেন, ‘নিয়মিতই এখানে আসি। পরিবারের রান্নায় ব্যবহূত সব মসলাই এখান থেকে ভাঙাই। মায়ের কাছ থেকে এই অভ্যাসটা রপ্ত করেছি। মা কখনো বাজারের প্যাকেটের কেনা মসলা পছন্দ করতেন না। এখন নিজে রান্না করেই বুঝতে পারি, রান্নায় মসলা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আর ভাঙানো মসলা পরিমাণেও কম লাগে। খাবারের গন্ধ আর রংটাও হয় মনের মতো।’একই কলে মসলা ভাঙাতে আসা মোহাম্মদ বাবুলের বাসা শুক্রাবাদেই। তিনি জানালেন, সব ধরনের মসলা তিনি এখান থেকে ভাঙান। তিনি এবার ভাঙাতে এনেছেন ৫০০ গ্রাম ধনিয়া, এক কেজি হলুদ ও এক কেজি শুকনা মরিচ। মসলা কল থেকে ভাঙালে খরচ কম লাগে বলে তিনি জানান।রায়েরবাজারে মসলা ভাঙানোর বেশ কিছু কল দেখা গেছে। জনতা আটার কলে হাঁড়িতে গুঁড়া মসলা সংগ্রহ করে গুছিয়ে নিচ্ছিলেন মালেকা বেগম। এত কষ্ট না করে প্যাকেটের মসলা কিনে নিলেই তো হয়—এমন কথায় তাঁর ভাষ্য, ‘আসলে বাজারের কেনা মসলায় ভরসা পাই না। তাই নিজে চোখের সামনেই মসলা ভাঙাই। তবে মসলা ভাঙাতে খাটুনি আছে। প্রথমে হলুদ আর ধনিয়া ধুয়ে রোদে শুকাতে হয়, তার পরই কলে নিয়ে ভাঙাতে হয়। তবে কষ্ট আর থাকে না, যখন মনে হয় যে ভেজাল কিছু খাইতে হচ্ছে না।’ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে বলে জানান জনতা আটার কলের পরিচালক মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘খালি এলাকার মানুষই না, দূর থেইক্যাও অনেকেই আসে এখানে। উদ্দেশ্য একটাই, তা হলো, খাঁটি মসলা পাওয়া।’ তিনি আরও জানান, প্রথমে আস্ত মসলা আনার পর ওজন করা হয়, তার পরই ভাঙাতে হয়। যেকোনো মসলা ভাঙাতে কেজিপ্রতি ২০ টাকা নেওয়া হয়। তবে ভাঙানোর পর এক কেজিতে পাওয়া যায় ৯০০ গ্রাম। নগরের কলগুলোতে মসলা ভাঙানোর পাশাপাশি ভাঙানো মসলা কিনতেও পাওয়া যায়। রায়েরবাজারের মোসলেম উদ্দিন কল থেকে ২৫০ গ্রাম গুঁড়া হলুদ কিনলেন রাখি আক্তার। তিনি জানান, এখান থেকে কিনলে কিছুটা কম দামেই গুঁড়া মসলা কেনা যায়।পুরান ঢাকার জনসন রোডের রায় সাহেববাজারে মসলার কলগুলোতে ভিড় কিছুটা বেশি। এখানে মসলা ভাঙাতে আসা মোহাম্মদ জুয়েল বলেন, ‘সারা বছর বেবাক আইটেম তো আছেই, তয় ঈদের গোস্ত দিয়া ইস্পিশাল আইটেম করতেই মসলা ভাঙাইতে আইছি।’ এখানকার একটি মসলার কলের কর্মী আবু বক্কর সিদ্দিক জানালেন, কলে ভাঙানো মসলা দিয়ে রান্না করা পুরান ঢাকার ঐতিহ্য। তাই ঈদের আগে ভিড়টা বেশি।কলে ভাঙানো মসলা রান্নার জন্য কতটা ভালো—এ নিয়েই কথা হয় রন্ধনবিশারদ ও পুষ্টিবিদ সিদ্দিকা কবীরের সঙ্গে। তিনি বলেন, নিজে যদি আস্ত মসলা দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে আনা যায়, তা হলে ভালো। তবে ভাঙানোর আগে অবশ্যই মসলা পরিষ্কার করে নিতে হবে। আর দাঁড়িয়ে থেকে না ভাঙালে ভেজাল মেশানোর আশঙ্কা থেকেই যায়। অন্যদিকে কলে বিক্রি হওয়া খোলা মসলা কখনোই ভালো নয়। তবে যাঁদের হাতে অফুরন্ত সময় নেই, তাঁরা স্বাস্থ্যের কথা ভেবেই বাজারে পাওয়া ভালো ব্র্যান্ডের মসলার ওপর নির্ভর করতে পারেন বলে তিনি পরামর্শ দেন।