মসলিন তদারকির জন্য বিশেষ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসলিন বস্ত্রের উত্পাদন, তদারকি ও উত্কর্ষ বিধানের জন্য মোগল প্রশাসন সরাসরি ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেছে। সুবা বাংলার নতুন রাজধানীর প্রশাসনিক দপ্তরের নির্ভরযোগ্য সূত্রের এক তথ্যে জানা গেছে, অচিরেই এ কাজ দেখাশোনার জন্য একটি সরকারি পদ সৃষ্টি করা হবে।উল্লেখ্য, একমাত্র বঙ্গদেশেই জগদ্বিখ্যাত মসলিন বস্ত্র উত্পাদিত হয়ে থাকে। বহু প্রাচীনকাল থেকে এই দেশের তন্তুবায়েরা অত্যন্ত দক্ষতার সঙ্গে উত্তম কার্পাস থেকে মিহি তন্তু উত্পাদন করে সুতিবস্ত্র বয়ন করে আসছেন। এর মধ্যে মসলিন বস্ত্র তার সূক্ষ্মতা ও নান্দনিকতায় বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে। মশহুর কলমচিরা লিখেছেন, ঈসা নবীর জন্মের প্রথম শতাব্দীকাল থেকেই বঙ্গদেশে বয়নশিল্প গড়ে উঠেছিল। বংশপরম্পরায় অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে এই শিল্প দ্রুত উত্কর্ষ লাভ করে। ঢাকা, সোনারগাঁও, ধামরাই, তিতাবাদি, জঙ্গলবাড়ি ও বাজিতপুরের তন্তুবায়েরা মসলিন বস্ত্রের উত্কর্ষে অনন্য সিদ্ধি লাভ করেন।বর্তমানে মোটা বস্ত্রের পাশাপাশি বেশ কয়েক প্রকারের মসলিন বস্ত্র উত্পাদিত হচ্ছে। উত্তম শ্রেণীর মসলিন বস্ত্রের মধ্যে আছে মলমল, তানজেব, আব-ই-রওয়াঁ, নয়নসুখ, চিকন, চারকোনা, শবনম, জঙ্গলবাড়ি থেকে উত্পাদিত জংলি খাসসা, ডোরিয়া, বুটি, ফুল আঁকা জামদানি। এ ছাড়া কাজহাজী, বাফতে কাজহাজী, সরবুটি, মাহমুদিয়াতি, সরবন্দ, তারাবন্দ, হাম্মাম, সরহন্দকোনা প্রভৃতি নামের মসলিনও উত্পাদিত হচ্ছে।মুতাকিদ খাঁ উপাধিপ্রাপ্ত রাজস্ব মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত সুবাদারের দেওয়ান আবুল হাসান প্রথম আলোকে জানান, সর্বোত্কৃষ্ট শ্রেণীর মসলিন কেবল দিল্লির সম্রাট ও তাঁর পরিবারের জন্য সংরক্ষিত করা হয়েছে। এই শ্রেণীর মসলিনকে চিহ্নিত করা হয়েছে মালবুস খাস নামে। এর পরপরই যে মসলিনটি উত্কৃষ্ট, তার নাম হবে সরকার-ই-আলী। এ মসলিন ব্যবহার করবেন সুবাদার ও তাঁর পরিবারের সদস্যরা। এই উভয় প্রকারের মসলিনের বাণিজ্যিক বিপণন নিষিদ্ধ করা হয়েছে।সংরক্ষিত এই উভয় প্রকার মসলিনের তদারক করার জন্য দারোগা-ই-মালবুস খাস নামে দ্রুত একটি সরকারি পদ সৃষ্টি করা হচ্ছে। তাঁর অধীনে কয়েকজন তদারককারী থাকবেন। দারোগা-ই-মালবুস খাস উত্কৃষ্ট মসলিন তাঁতিদের উত্পাদনের তত্ত্বাবধান করবেন। তিনি বস্ত্রের মান উন্নয়নে প্রয়োজনীয় সকল সহায়তা দেবেন ও উত্পাদিত বস্ত্র সংরক্ষণ করবেন।অদূর ভবিষ্যতে মালবুস খাস কুঠি নামে একটি স্বতন্ত্র উত্পাদনকেন্দ্র স্থাপন করা হবে বলেও জানা গেছে। এই কুঠি হবে মূলত সরকার-নিয়ন্ত্রিত কারখানা। এখানে মোগলসম্রাট ও তাঁর পরিবারের জন্য মালবুস খাস মসলিন উত্পাদন করা হবে।