ছুটিতে থাকা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানকে আগামী ৬ নভেম্বর জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য গতকাল মঙ্গলবার নোটিশ পাঠিয়েছে দুদক। অনুসন্ধান দলের প্রধান ও জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীনের সই করা ওই নোটিশে মসিউর রহমানকে, সকাল ১০টায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশটি মসিউরের হেয়ার রোডের সরকারি বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।এ ছাড়া, পদ্মা সেতু দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ সব মিলিয়ে ২৯ সন্দেহভাজনকে আবারও জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ-সংক্রান্ত সেতু বিভাগে থাকা যাবতীয় নথি ৩৩টি ফাইলে করে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে আনিয়েছে দুদক। দুদক সূত্র জানায়, এসব নথির অনুলিপি শিগগিরই বিশ্বব্যাংকে পাঠানো হবে।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল সাংবাদিকদের বলেছেন, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ব্যাপারে বিশ্বব্যাংক যে কয়েকজনকে নিয়ে প্রশ্ন তুলেছে, অর্থ উপদেষ্টা মসিউর রহমান তাঁদের একজন। তাই এর অনুসন্ধানের স্বার্থে মসিউর রহমানকে দুদক কার্যালয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।কানাডার প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের স্থানীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. মোস্তফাকেও ৬ নভেম্বর দুদকে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। দুদক সূত্র জানায়, নতুন করে পদ্মা সেতুর দুর্নীতির অনুসন্ধানের জন্য বিভিন্ন ঠিকাদারিপ্রতিষ্ঠান ও পরামর্শক-প্রতিষ্ঠানের যোগ্যতা যাছাইয়ের জন্য গঠিত কারিগরি মূল্যায়ন কমিটির পাঁচ সদস্যের সঙ্গেও আবার কথা বলা হবে। এর আগে গত এক বছরে পদ্মা সেতুর ঠিকাদারিপ্রতিষ্ঠান ও পরামর্শক-প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম, আবুল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালের কয়েকজন কর্মকর্তাসহ মোট ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদক সূত্র জানায়, সবাইকে এবার একসঙ্গে ডাকা হবে না। তথ্যের প্রয়োজনে যখন যে বিষয় সামনে আসবে, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তাঁদের মুখোমুখি করা হবে। পর্যায়ক্রমে ২৯ জনকেই এই প্রক্রিয়ার আওতায় জিজ্ঞাসাবাদ করা হবে।২৩ অক্টোবর বিশ্বব্যাংকের চাহিদা অনুযায়ী দুদক ওই ২৯ জনকে জিজ্ঞাসাবাদের রেকর্ড বিশ্বব্যাংকের কাছে পাঠিয়েছে। এখন দুদক ওয়াশিংটন থেকে উত্তরের অপেক্ষায় আছে। এ বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘এখনো আমরা বিশ্বব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের ফিডব্যাক পাইনি।’