ঝিনাইদহে বিএনপি চলছে জেলা কমিটির সভাপতি মসিউর রহমানকে কেন্দ্র করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কারও সঙ্গে পরামর্শ না করে তিনি দলের সব ব্যাপারে সিদ্ধান্ত নেন। একক সিদ্ধান্তে কমিটি গঠন করতে গিয়ে তিনি বিভিন্ন উপজেলায় উপদল সৃষ্টি করে রেখেছেন। এসব কারণে দলটির একটি অংশের নেতা-কর্মীরা দূরে সরে গেছেন।২০০৯ সালের শেষদিকে জেলা বিএনপির সম্মেলনে সভাপতি নির্বাচিত হন সাবেক সাংসদ মসিউর রহমান। সাধারণ সম্পাদক হন আবদুল মালেক। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একাধিক নেতা জানান, গত সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের পর তাঁরা দল গোছানোর কাজ শুরু করেন। কিন্তু দলের বিভিন্ন পর্যায়ের সম্মেলনে সভাপতি মসিউর রহমান তাঁর আস্থাভাজন ব্যক্তিদের প্রতিষ্ঠিত করতে থাকেন। একপর্যায়ে বিতর্কিত ব্যক্তিরা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে আসেন। এ কারণে অনেক নেতা সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়িয়েছেন। এ তালিকায় রয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলাউল হক, সাবেক যুগ্ম সম্পাদক এম এ আনসারী, শ্রমিক দলের সাবেক সভাপতি আ খ ম মসিউর রহমান, সদর থানার সাবেক সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কে এম ওয়াজেদ প্রমুখ। এম এ আনসারী জানান, দলে রাজনৈতিক পরিবেশ নেই। সাধারণ কর্মী-সমর্থকেরা দলের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। তাই তাঁরা নিজেদের গুটিয়ে নিয়েছেন।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ ওহাব অভিযোগ করেন, সভাপতি মসিউর রহমান দলীয় কর্মকাণ্ডে কাউকে ডাকেন না, কারও পরামর্শ নেন না। কেন্দ্রঘোষিত কর্মসূচি ছাড়া জেলায় কোনো কর্মসূচি পালন করা হয় না। তিনি আরও জানান, কমিটি গঠনের প্রায় দুই বছর হলেও সভাপতি সবাইকে ডেকে নিয়ে কখনো বসেননি। দলের একটি সূত্র জানায়, মহেশপুর উপজেলায় দলের দুটি কমিটি রয়েছে। শুধু মহেশপুরে নয়, সব উপজেলায় মসিউর রহমান উপদল তৈরি করে রেখেছেন। মহেশপুর উপজেলার একটি কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হক খান বলেন, ‘২০০৯ সালের ১৪ নভেম্বর আমাদের সম্মেলনে উপস্থিত ছিলেন মসিউর রহমান। আমরা একটি কমিটি করে জমা দিয়েছি।’ অপর পক্ষের সাধারণ সম্পাদক মহিউদ্দিন জানান, ২০০৯ সালের ১৫ নভেম্বর তাঁরা সম্মেলন করেন। ওই সম্মেলনে মসিউর রহমান উপস্থিত ছিলেন। অতিথিরা চলে যাওয়ার পর তাঁরা কমিটি ঘোষণা করেন।জানা যায়, ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় শহরের পোস্ট অফিস মোড়ে। কার্যালয়টি প্রতিদিন খোলা হলেও মসিউর রহমানের আস্থাভাজন নেতা-কর্মীরা ছাড়া সেখানে কেউ যান না। সদর উপজেলার দোগাছি ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, দল চলে সভাপতি মসিউর রহমানের একক নেতৃত্বেই। তাঁর বিরুদ্ধে কথা বলে কেউ বিরাগভাজন হতে চান না। একক নেতৃত্বের কারণে তৃণমূলের নেতা-কর্মীদের কোনো মূল্যায়ন হয় না।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, দলকে নতুন করে সাজানো হয়েছে। যাঁরা দলের জন্য কাজ করেন, তাঁরাই নেতৃত্ব পেয়েছেন। অনেকে দল ছেড়ে চলে গেছেন। তিনি দাবি করেন, দলের বর্তমান অবস্থা অনেক ভালো। সার্বিক বিষয়ে কথা বলতে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর পক্ষ থেকে মসিউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হয়। ফোন ধরে মসিউর রহমানের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে আবিজ উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, ‘মসিউর রহমান বাইরে আছেন। তাঁর সঙ্গে কথা বলা যাবে না।’