মসিউরের মনোনয়ন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মসিউর রহমান। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।এদিকে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অপর দুই বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজার রহমান ও এ কে এম আবদুর রউফকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় মুঠোফোনে জানিয়েছেন। এর আগে বেলা দেড়টার দিকে নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের মসিউর রহমান বলেন, ‘দলের চেয়ারম্যানের নির্দেশে আমি মনোনয়নপত্র জমা দিই। তাঁরই নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। দলের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করতে চাই না।’ যাঁরা দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করছেন, তাঁদের সম্পর্কে তিনি বলেন, ‘এটিও দল দেখছে।’ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় প্রথম আলো ডটকমকে জানান, আজ দুপুরে ঢাকায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভার সিদ্ধান্ত অনুযায়ী মসিউর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি জানান, এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মসিউর রহমানকে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়। সে অনুযায়ী তিনি মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দলের তিনজন প্রার্থী কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এই তিন প্রার্থীকে নিয়ে গত মঙ্গলবার ঢাকায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারম্যান এরশাদ বৈঠক করলেও কোনো সমঝোতা হয়নি। পরে মসিউর রহমানকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী মসিউর রহমান তা প্রত্যাহার করে নেন। দল থেকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় পার্টির দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে মোস্তাফিজার রহমান বলেন, ‘এটি দলীয় নির্বাচন নয়। ভোট করব বলে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগও করি।’ দল থেকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি জানানো হয়নি। তবে টিভিতে দেখেছি।’ অপর বিদ্রোহী প্রার্থী এ কে এম আবদুর রউফও একই মন্তব্য করেন। রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ১৩ জন মেয়র পদপ্রার্থীর মধ্যে মসিউর রহমান প্রত্যাহার করায় মেয়র পদে প্রার্থী থাকলেন ১২ জন। তাঁরা হলেন: মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সরফুদ্দীন আহমেদ, বিএনপির কাওসার জামান, জাতীয় পার্টির (সদ্য অব্যাহতি দেওয়া) মোস্তাফিজার রহমান ও এ কে এম আবদুর রউফ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল কুদ্দুস, মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের মো. ফারুক আজিজ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার সরকার ও মেহেদী হাসান।