মস্কো বিমানবন্দরে বোমা হামলা, নিহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কোর ব্যস্ততম দোমোদেদোভো আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ জনেরও বেশি। একে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে। রাশিয়ার তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল চারটা ৩২ মিনিটে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যারাইভ্যাল হল বস্ফািরণে কেঁপে ওঠে। কমিটির মুখপাত্র ভ্লাদিমির মার্কিন বলেন, ‘এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।’ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা টাটেয়ানা মরোজোভা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানান, কোনো যাত্রীর মালামালের ভেতর থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, বিস্ফোরণে ৩৫ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছে। নাম উল্লেখ না করে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স আরও জানায়, প্রাথমিক তথ্যমতে, একজন আত্মঘাতী হামলাকারী অ্যারাইভাল হলে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।রাশিয়ার প্রধান তদন্ত কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা বিমানবন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হামলাকারীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।দোমোদেদোভো বিমানবন্দরে বিস্ফোরণের পর রাশিয়ার অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। খবর বিবিসি।