মস্কো হামলার দায় নিল চেচেন বিদ্রোহীরা
রাশিয়ার রাজধানী মস্কোতে আত্মঘাতী জোড়া বোমা হামলার দায় স্বীকার করেছে চেচেন বিদ্রোহীরা। গতকাল বুধবার এক ভিডিওর মাধ্যমে তারা ওই হামলার দায় স্বীকার করে একই সঙ্গে রাশিয়ার কেন্দ্রস্থলে পুনরায় হামলার হুমকিও দিয়েছে তারা। ইসলামি বিদ্রোহীদের ওয়েবসাইটে এক ভিডিও ক্লিপে চেচেন বিদ্রোহী নেতা ডকু উমারভ বলেন, তিনি মস্কোয় হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। ক্লিপটি গতকাল রাশিয়ার দাগেস্তানে দুটি পৃথক বোমা হামলার কয়েক ঘণ্টা আগে পোস্ট করা হয়। গতকালের এ হামলায় অন্তত ১২ জন নিহত হয়। এর দুই দিন আগে মস্কো হামলায় অন্তত ৩৯ ব্যক্তি নিহত হয়।ভিডিও ক্লিপে দেখা যায়, একটি মাঠে বসা অবস্থায় ৪৫ বছর বয়সী উমারভ আরও বলেন, ‘রাশিয়ার অধিবাসীরা শুধু টেলিভিশনে এ যুদ্ধ দেখবে এবং রেডিওতে যুদ্ধের কথা শুনবে।’রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেন, মেট্রো বোমা হামলায় জড়িতদের ‘মাটির নিচ থেকে বের করে’ হলেও অবশ্যই নিশ্চিহ্ন করা হবে।—রয়টার্স