মস্কোতে পুতিন-বিরোধী বিক্ষোভ, আটক তিন শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কোতে গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন-বিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে কয়েক হাজার লোক অংশ নেয়। বিক্ষোভস্থল থেকে পুলিশ তিন শতাধিক লোককে আটক করেছে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কেউ কেউ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন।বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর কেন্দ্রস্থলে গতকাল রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট নির্বাচনকে লজ্জাজনক উল্লেখ করে ‘পুতিন নিপাত যাক’, ‘পুতিন ছাড়া রাশিয়া’ এবং ‘বিপ্লব’ বলে স্লোগান দেয়। এ ছাড়া তারা স্বচ্ছ নির্বাচনের দাবি জানায়।রুশ পুলিশ জানায়, তারা পুতিন ও তাঁর দল ইউনাইটেড রাশিয়া পার্টির বিরুদ্ধে বিক্ষোভকারী তিন শতাধিক লোককে আটক করেছে।বিশ্লেষকেরা বলছেন, কয়েক বছরের মধ্যে এটি পুতিন-বিরোধী অন্যতম বড় বিক্ষোভ।অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভুয়া ব্যালট দিয়ে ব্যালট বক্স ভরানোসহ স্পষ্ট কারচুপির কথা উল্লেখ করেছে। ওএসসিই আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছে, নির্বাচন ছিল ‘খুব ভালোভাবে সংগঠিত’। তবে ভোট গণনা প্রক্রিয়ায় ব্যাপক সমস্যা ছিল। ওএসসিই জ্যেষ্ঠ কর্মকর্তা পেট্রোস ইফতিমিউ বলেন, নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন দলের পক্ষে প্রভাব খাটানো হয়েছে। রাশিয়ার নির্বাচন প্রশাসন স্বাধীন ছিল না। অধিকাংশ গণমাধ্যম ছিল পক্ষপাতদুষ্ট। নির্বাচনে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বিভিন্ন স্তরে অযাচিত হস্তক্ষেপ করেছে।আরেক পর্যবেক্ষক হেইদি তাগলিয়াভিনি বলেন, ‘অনেক বিরোধী দলকে অংশ নিতে বাধা দেওয়ায় নির্বাচন অবাধ হয়নি। আমার কাছে এ নির্বাচনকে খেলার মতো মনে হয়। যেখানে সামান্য সংখ্যক খেলোয়াড়কে প্রতিযোগিতায় অনুমতি দেওয়া হয়েছে।’রাশিয়ার নিরপেক্ষ পর্যবেক্ষক সংস্থা গোলোসও ইতিমধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছে। সংস্থাটি বলছে, তারা নির্বাচনী আইন ভঙ্গের পাঁচ হাজারের বেশি অভিযোগ দাখিল করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি রুশ নির্বাচনে অনিয়মের অভিযোগে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। তবে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জোর দিয়ে বলেন, নির্বাচন স্বচ্ছ ও গণতান্ত্রিক হয়েছে। এদিকে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, নির্বাচনে ৯২ আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকা কমিউনিস্ট পার্টি ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। গত রোববার রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষ দুমার নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী হলেও পুতিনের দল পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া ৪৫০ আসনের দুমায় ২৩৮ আসন পেয়েছে। ৪৯ দশমিক ৫৪ শতাংশ ভোট পেয়েছে দলটি। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ক্ষমতাসীন দল বিরোধীদের ছাড়া এককভাবে সংবিধান সংশোধন করতে সক্ষম হবে না।২০০৭ সালে পুতিনের দল পেয়েছিল ৩১৫ আসন। সে সময় ইউনাইটেড রাশিয়া পেয়েছিল ৬৪ দশমিক ৩ শতাংশ ভোট।