মস্কোর আত্মঘাতী হামলাকারীদের একজন ছিল কিশোরী
রুশ কর্তৃপক্ষ বলছে তারা প্রায় নিশ্চিত যে মস্কোর পাতাল রেলে আত্মঘাতী হামলাকারীদের মধ্যে একজন ছিল ১৭ বছরের কিশোরী। ঝেনেত আবদুরাখমানোভা নামের ওই কিশোরী গত বছর রাশিয়ার নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত এক জ্যেষ্ঠ ককেশীয় জঙ্গির স্ত্রী। চেচনিয়ার নিকটবর্তী দাগেস্তানে স্থানীয় কর্তৃপক্ষ জঙ্গি দমনের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইন জানায়, পার্ক কালচারি স্টেশনের কাছে এক কিশোরী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ওই হামলাকারী ১৯৯২ সালে জন্মগ্রহণ করে এবং দাগেস্তানের খাসাভিওরতস্কিতে বাস করত। পুলিশের একজন মুখপাত্র জানান, সন্দেহভাজন ওই কিশোরীর সঙ্গে ইসলামি জঙ্গি দলের শীর্ষস্থানীয় নেতা উমালাত মাগোমেদভের বিয়ে হয়। রাশিয়ার পত্রিকা কমারস্যান্ট-এ প্রকাশিত একটি ছবি থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে হামলাকারী কিশোরী ঘটনাস্থলে ছিল। উল্লেখ্য, গত সোমবার মস্কোর দুটি পাতাল রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন নিহত ও ৮০ জন আহত হয়। আহতদের অনেকে এখনো হাসপাতালে চিকিত্সাধীন।